‘মেনে নেওয়া কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই চলে গেলেন বাংলাদেশের ধারাভাষ্যকার খোদা বক্স মৃধা। এই ধারাভাষ্যকারকে খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের ধারাভাষ্য জগতের পুরোধা আবদুল হামিদ। খোদা বক্স সম্পর্কে স্মৃতিচারণা করেছেন তিনি। খোদা বক্স মৃধার মৃত্যুর খবরটা পেয়ে নিশ্চয়ই খুব খারাপ লেগেছে... আবদুল হামিদ: খারাপ লাগবে না? এত দিন একসঙ্গে কাজ করেছি। সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই খবরটা পেয়েছি। তার পর থেকেই কেমন শূন্য শূন্য লাগছে। স্থির হয়ে কাজও করতে পারছি না। এটা অকালবিদায়। তাই মেনে নেওয়া কঠিন। খোদা বক্সের সঙ্গে কমেন্ট্রি বক্সে প্রথম কবে দেখা?হামিদ: ১৯৭৬ বা ১৯৭৭ সালে হবে। একটা ফুটবল ম্যাচে প্রথম কমেন্ট্রি দিতে এসেছিল ও। আমি তখন প্রতিষ্ঠিত ধারাভাষ্যকার। কমেন্ট্রি বক্সে ঢুকে সবাইকে উদ্দেশ করে বলল, আমি আপনাদের সঙ্গে কাজ করতে এসেছি, আমাকে সবাই দোয়া করবেন। সেদিনের বিশেষ কোনো কথা কি মনে পড়ে?হামিদ: সেভাবে নেই। তবে খুব হাসিখুশি মানুষ ছিল খোদা বক্স। কমেন্ট্রি বক্সটা সব সময় মাতিয়ে রাখত। রাজশাহী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিল। কিন্তু সেটা বোঝাই যেত না। কারণ ওর মধ্যে শিক্ষকসুলভ গাম্ভীর্য ছিল না মোটেই। তাঁর কমেন্ট্রিতে আসার ইতিহাস কি জানেন?হামিদ: তখন তো ধারাভাষ্যকার পাওয়া কঠিনই ছিল। কেউ আসতে চাইত না। আর যারা আসত, তাদের বেশির ভাগেরই আবার বাংলা ধারাভাষ্য দেওয়ার যোগ্যতার অভাব ছিল। ও কিন্তু এসেই ভালো করতে শুরু করে। আমরা ধারাভাষ্যকার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলাম। তা দেখেই খোদা বক্স আবেদন করে। রাজশাহী থেকে নির্বাচিতই হয়। আসলে টাকার জন্য নয়, খেলার প্রতি ভালোবাসা থেকেই ধারাভাষ্যে এসেছিল খোদা বক্স। ধারাভাষ্যকারেরা তখন টাকা-পয়সা কেমন পেত?হামিদ: এটা আর বলে কাজ নেই। যা পেতাম, তা নগণ্যই। আমরা কেউই আসলে টাকার জন্য এই কাজটা করতাম না। খেলার প্রতি টান থেকেই করতাম। উপভোগও করতাম খুব। ধারাভাষ্যকার হিসেবে খোদা বক্সের বড় গুণ কী ছিল?হামিদ: খোদা বক্সের স্মরণশক্তি খুব প্রখর ছিল। ফুটবল বলেন আর ক্রিকেট বলেন, পুরোনো রেকর্ড বা তথ্য প্রচুর জানত। আর সময়মতো এই তথ্যগুলো দিয়ে আমাদের সাহায্য করত। আমার মনে হয় এই তথ্যগুলো মনে গেঁথে রাখা এবং সাহায্যপ্রবণতা—এই দুটোই ছিল ওর বড় গুণ।  একসঙ্গে অনেক দিন কমেন্ট্রি করেছেন, অনেক সময় কাটিয়েছেন; বিশেষ কোনো স্মৃতি কী মনে আছে?হামিদ: স্মৃতি অনেক আছে। তবে ওর একটা কথা এখন খুব মনে পড়ছে। সব সময় বলত, আমাদের ধারাভাষ্যকারদের একটা প্ল্যাটফর্ম দরকার। আমার খুব মনে পড়ছে, নেপালের কাঠমান্ডুতে আমরা দুজন একসঙ্গে সাফ ফুটবলের ধারাভাষ্য দিতে গিয়েছিলাম। বাংলাদেশ বেতার নিয়ে গিয়েছিল। ওখানে একসঙ্গে থেকেছি অনেক দিন। প্রতিদিনই কাজ শেষে ফিরে আমাকে বলত—হামিদ ভাই, আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার।