'মেসি অনেকটাই আমার মতো'

তাঁর পরিচয় দেওয়াটা আসলে বাহুল্য, পেলেকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ফিফা উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি কথা বলেছেন নিজের বেড়ে ওঠা, ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনাসহ আরও অনেক কিছু নিয়েই।
পুরো বিশ্ব আপনাকে চেনে পেলে নামে। আপনার পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ব্রাজিলে ‘ও রেই’ (দ্য কিং) বলেও ডাকা হয়। কোন সম্বোধনটা আপনার বেশি পছন্দ?
পেলে: আমার বাবা পেলে নামটা দিয়েছিলেন। ছোট্ট কিন্তু প্রাণবন্ত। এটা কিন্তু কোনো উপাধি-টুপাধি নয়।
পেলে কেন?
পেলে: পর্তুগিজ ভাষায় ‘পে’ মানে পা। আমার বাবা সেখান থেকেই নামটা নিয়েছিলেন। তবে আমার প্রথম নাম ‘এডসন’ নিয়েও আমি গর্বিত। বাবা নামটা রেখেছিলেন বৈদ্যুতিক বালবের উদ্ভাবক, টমাস আলভা এডিসনের নামে। আমি যখন জন্মাই, তখন বাতিগুলো প্রথমবারের মতো ব্রাজিলে আসা শুরু করে। বাবা-মা নামটা রেখেছিলেন সেই কারণেই। আমার জন্মনিবন্ধনের সার্টিফিকেটটা অবশ্য হারিয়ে ফেলেছি। এখন আমি পেলে নামেই খুশি।
আপনার নামটাই তো এখন একটা ব্র্যান্ড।
পেলে: সেটা বলতে পারেন। আমি নিজের কোম্পানি চালাই, সব সময় বিপণন বা বাণিজ্যিক অনেক কিছু আমাকে সামলাতে হয়। কিন্তু আমি এসব খুবই সতর্কতার সঙ্গে করি। কখনোই নিজের নামকে আমি কোনো অ্যালকোহল বা তামাকজাতীয় দ্রব্যে ব্যবহার করতে দেব না। কোনো রাজনৈতিক উদ্দেশ্যেও নয়।
আপনার অবসরের ৩৬ বছর হয়ে গেল, অথচ এখনো আপনি সবচেয়ে প্রভাবশালীদের একজন। তার মানে বিশ্বকাপ কে জিতবে সেটা বলতে পারেন।
পেলে: কে জিতবে সেটা দুর্ভাগ্যবশত আমি বলতে পারছি না, কিন্তু কার হাতে দেখলে খুশি হব সেটা বলতে পারি। অবশ্যই ব্রাজিল। সেলেসাওরা যখন খেলে, মনে হয় আমি নিজেই খেলছি। এটা আমার বাবার কথা মনে করিয়ে দেয়। ১৯৫০ সালের বিশ্বকাপের সময় আমার বয়স ছিল ৯ বছর। বাবা তখন অঝোরে কেঁদেছিলেন। আমি জানতে চাইলাম কী হয়েছে। তিনি উত্তর দিলেন ব্রাজিল উরুগুয়ের কাছে হেরে গেছে। আমি পরের গ্রীষ্মে কাঁদতে চাই না।
গ্রেট পেলেও কাঁদেন?
পেলে: হ্যাঁ, এটা তো এমন কিছু নয়। তবে ফুটবল নিয়েই যে কাঁদি তা নয়। মানুষকে যখন দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে দেখি, অসুস্থ শিশুদের দেখি তখনো আমার কান্না পায়।

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নিজের ছায়া দেখেন বলেই কি আপনি ব্যথিত হন?
পেলে: হ্যাঁ, অবশ্যই। আমি নিজেই অনেক কষ্টের মধ্যে বেড়ে উঠেছি। ঈশ্বর আমাকে ফুটবল খেলার প্রতিভা দিয়েছিলেন বলে আমি কৃতজ্ঞ।
ছোটবেলায় তো আপনাকে জুতাও পরিষ্কার করতে হয়েছে?
পেলে: হ্যাঁ, এমনকি আমার ভাইকে (যে এখন আইনজীবী), আমার বোনকে (যার স্বামী একজন ফুটবলার)। আমি জুতা মোছার জন্য মাসে ১৫ ডলার করে পেতাম। সান্তোসের সঙ্গে প্রথম চুক্তির সময় আমি মাসে ২০০ ডলার করে পেতাম। তখন আমার বয়স ১৪।
বিশ্বকাপের আগে স্বাগতিকদের ওপর থাকা প্রত্যাশার বিশাল চাপটা কাটিয়ে ওঠা কি সম্ভব?
পেলে: ব্রাজিলের খেলোয়াড়েরা কনফেডারেশনস কাপেই দেখিয়েছে তারা চাপ নিতে পারে। ক্লাবেও তারা এমন চাপ সামলাতে অভ্যস্ত।
বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন?
পেলে: স্পেন, ইতালি, জার্মানি, চিলি এবং অবশ্যই আর্জেন্টিনা। মেসি হতে পারে বড় একটা প্রভাবক।
ব্রাজিলিয়ানদের দিক থেকে আর্জেন্টিনা জিতলে সেটা হবে সবচেয়ে খারাপ, উরুগুয়ের কাছে ১৯৫০-এর সেই পরাজয়ের মতো।
পেলে: হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো হবে না। আর্জেন্টিনা শক্তিশালী দল, অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। বিশ্বকাপে আপনার সেটাই দরকার।
বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় ভরসা তো নেইমার এ মৌসুমেই বার্সেলোনায় গেছেন। এত দ্রুত বার্সায় যাওয়ার ব্যাপারে আপনিই কি তাঁকে পরামর্শ দিয়েছিলেন?
পেলে: এটা খুবই বিবেচনাপ্রসূত একটা সিদ্ধান্ত হয়েছে। সে ওখানে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবে, জুলাইয়ে বিশ্বকাপের সময় সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে।
১৭, ২১ ও ২৯ বছর বয়সে আপনি বিশ্বকাপ জিতেছেন। একটার সঙ্গে আরেকটাকে তুলনা করবেন কীভাবে?
পেলে: ভালো প্রশ্ন। ১৭ বছর বয়সে সবকিছুই ছিল স্বপ্নের মতো। ১৯৫৮ বিশ্বকাপ ছিল ইউরোপে আমার প্রথম সফর। আমি অন্য রকম এক স্বাধীনতা নিয়ে খেলেছিলাম। ১৯৬২ সালে যখন চিলিতে যাই, সব ম্যাচ খেলতে পারিনি। চার বছর আগের বিশ্বকাপের মতো অতটা দাপটের সঙ্গে আমি খেলতে পারিনি। ’৬৬-তে তো চোটের জন্য খেলতেই পারলাম না। তবে জীবনের সেরা ফুটবল খেলেছি ১৯৭০ বিশ্বকাপে।
অনেক খেলাতেই সর্বকালের সেরা কে সেটা নিয়ে তর্ক হয়। কিন্তু ফুটবলে শ্রেষ্ঠত্ব আপনার জন্যই বরাদ্দ। এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন?
পেলে: আমি সব সময়ই কঠোর পরিশ্রম করতাম। তরুণদের বিচ্যুতির অনেক কারণ থাকে, আপনি যদি সেসব সামলাতে পারেন, তবেই আপনি সেরা হতে পারবেন। আমি সব সময় সচেতন ছিলাম যে আমার প্রতিভা আসলে একটা উপহার, যেটিকে খুব সাবধানে লালন করতে হবে।
আপনার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় কে, মেসি, রোনালদো, ইব্রাহিমোভিচ না রিবেরি?
পেলে: একজনকে আসলে আরেকজনের সঙ্গে তুলনা করা যায় না। তারা যেভাবে খেলে বা দলে তাদের যে ভূমিকা তাতে রোনালদোর সঙ্গে ইব্রার তুলনা হয়। রিবেরি আদর্শ উইঙ্গার, আর মেসিকে কারও সঙ্গেই তুলনা করা যায় না।
এই চারজনের কেউ কি আপনার মতো?
পেলে: রোনালদো, ইব্রাহিমোভিচ বা রিবেরি ভিন্ন রকম খেলোয়াড়, কিন্তু সবাই আমার মতো আক্রমণাত্মক। কিন্তু দলে ভূমিকাটা বিবেচনা করলে মেসি অনেকটাই আমার মতো।