
বিশ্বকাপে আর্জেন্টিনার মূল ভরসা লিওনেল মেসি। ১৯৮৬ বিশ্বকাপে যেমন ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু ম্যারাডোনার একার জাদু যেমন আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল, মেসির পক্ষে তা কি সম্ভব? বর্তমানে ফুটবলের যে ধরন, তাতে কারো একার পক্ষে খুব বেশি কিছু করা কি সম্ভব?
ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফ কিন্তু মনে করেন, সম্ভব নয়। তাঁর মতে, মেসি কেন কোনো ফুটবলারের পক্ষেই পুরো দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া সম্ভব নয়। একা মেসিতে সওয়ার হয়ে বিশ্বকাপ বৈতরণী পার হওয়ার ছক যদি কষে থাকেন আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা, তাহলে সেই ভাবনাও বদলানোর পরামর্শ দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
কার্লোস পুয়োলের বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মেসিকে সর্বকালের সেরাদের একজন হিসেবেই আখ্যায়িত করেছেন ক্রুইফ, ‘এটা তো সবাই জানে এবং মানে মেসি এই মুহূর্তে অন্যতম সেরা ফুটবলার। আমার মতে, সে সর্বকালের অন্যতম সেরাও।’
মেসি ‘সর্বকালের সেরা’ হলেও যে এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। ব্যাপারটিকে গুরুত্ব দিতে রাজি নন ক্রুইফ। তিনি মনে করেন বিশ্বকাপ জয়ের সঙ্গে সেরা ফুটবলার হওয়া না-হওয়ার কোনো সম্পর্ক নেই, ‘মেসি সর্বকালের সেরা কি না, সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। নতুন করে বিশ্বকাপ জিতে তা প্রমাণ করার প্রয়োজন নেই।’