‘মেসি নন, রোনালদো নন, জিদান’
সময়ের সেরা ফুটবলার প্রশ্নে মেসি-রোনালদো দ্বৈরথটা চলছে কয়েক বছর ধরেই। সেরার লড়াইয়ে যেন শুধুই এই দুটি মুখ। নিজেদের দক্ষতা আর পায়ের কারুকাজ দিয়েই অন্যদের চেয়ে নিজেদের আলাদা করে নিয়েছেন তাঁরা। টানা তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতায় লিওনেল মেসিকে তো সর্বকালের সেরাও বলছেন অনেকে। আরও একটি ফিফা বর্ষসেরা পুরস্কার সামনে এসে পড়ায় মেসি-রোনালদোর দ্বৈরথটা যখন তুঙ্গে, তখন শান্তি কাজোরলা টেনে আনলেন আরেকটি নাম। মেসি নন, রোনালদো নন, কাজোরলার চোখে সেরা হলেন জিনেদিন জিদান।অন্য কেউ বললে হয়তো ভ্রু কুঁচকাতে পারত। কিন্তু বক্তা কাজোরলা বলেই কাজটা করার আগে ভাবতে হতো। বিশ্ব ফুটবলে তিনি এখনো তারকা নন। তবে জিদান-মেসি-রোনালদোকে এক পাল্লায় তুলে মাপার যোগ্যতা কাজোরলা অর্জন করেছেন। স্প্যানিশ উইঙ্গার খেলেছেন জিদান-মেসি-রোনালদো তিনজনের বিপক্ষেই। জিদান, মেসি, রোনালদোদের শক্তি-দুর্বলতার জায়গাটা তাই স্পেনের ২৭ বছর বয়সী উইঙ্গারের ভালো জানা।২০০৩ সালে ভিয়ারিয়ালের হয়ে প্রথম বিভাগ ফুটবলে অভিষিক্ত কাজোরলা এই মৌসুমেই মালাগা ছেড়ে আর্সেনালে যোগ দেওয়ার আগে স্পেন জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন। এত দিন খেলেছেন স্প্যানিশ লা লিগাতেই। ফলে একাধিকবার মুখোমুখি হয়েছেন জিদানের। কারণ কান, বোর্দো, জুভেন্টাস ঘুরে ফরাসি মহানায়ক ২০০১ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০০৬ সালে রিয়াল মাদ্রিদ থেকেই অবসর নিয়েছেন জিদান। একই লিগে খেলার সুবাদে কাজোরলা মেসি-রোনালদোরও মুখোমুখি হয়েছেন অনেকবার।নিজের সেই অভিজ্ঞতা থেকেই কাজোরলা বলছেন, ‘জীবনে পছন্দের অনেক খেলোয়াড়ই পাবেন আপনি। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা পছন্দ করতে “ড্রিম টিম”। আমি পছন্দ করতাম মাইকেল লাউড্রপকে। কিন্তু আমি সব সময়ই বলেছি, আমি যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে দক্ষতায় সেরা খেলোয়াড় জিদান। মেসি, রোনালদোও আছে। কিন্তু আমার সৌভাগ্য, আমি জিদানের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। তাঁকে খেলতে দেখাটা ছিল বিস্ময়কর। সে এখনো সেরা।’কেন জিদানকে এগিয়ে রাখছেন, সেই ব্যাখ্যা দিয়েছেন গত শনিবারই আর্সেনালের জার্সিতে ইংলিশ লিগে অভিষিক্ত মিডফিল্ডার, ‘মাঠে দৌড়ানোর সময় তাঁকে জড়তাগ্রস্ত মনে হতো তাঁর উচ্চতার কারণে। কিন্তু বাস্তবতা হলো, তিনি বল পায়ে খুবই দক্ষ এবং প্রতিভাবান। আমি সত্যিই তাঁর খেলা দেখাটা উপভোগ করতাম, একই সঙ্গে তা ছিল খুব আনন্দেরও। কারণ সব দিক দিয়েই জিদান সেরা খেলোয়াড়।’ ওয়েবসাইট।