'মেসি-নির্ভর' হওয়াটাই স্বাভাবিক: সাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেকোনো দলই মেসি-নির্ভর হতো, বললেন সাবেলা। ছবি: রয়টার্স
যেকোনো দলই মেসি-নির্ভর হতো, বললেন সাবেলা। ছবি: রয়টার্স

এবার বিশ্বকাপে অবশ্য একটি কথাই ঘুরেফিরে শুনতে হচ্ছে আলেসান্দ্রো সাবেলাকে—দলটা বড্ড মেসি-নির্ভর। আর্জেন্টিনা কোচ জানালেন, লিওনেল মেসির মতো খেলোয়াড় যে দলেই থাকুক না কেন, সবাই তাঁর ওপর নির্ভরশীল হতো।


বেলজিয়ামের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের আগেও একই প্রশ্নই শুনতে হলো সাবেলাকে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে একটু যেন বিরক্তও এই আর্জেন্টাইন কোচ। সরাসরিই বলে ফেললেন, মেসি এমন একজন খেলোয়াড় যার ওপর সবাইকে নির্ভর করতে হয়। এটাই স্বাভাবিক। এটা সবার বেলায়ই প্রযোজ্য সত্য। তবে এর পরপরই সাবেলা জানিয়েছেন মনের কথাই, ‘আমি বিশ্বাস করি, সে যা-ই করুক না কেন সেটি পুরো দলেরই কাজ। সে বিশ্বের সেরা খেলোয়াড় হলেও দলের একটি অংশ। ফলে এখানে দলগত চেষ্টা আছে।’ অতি মেসি-নির্ভরতা বিষয়ক সমালোচনার জবাবে সাবেলা বললেন, চার বছর আগেও তাঁকে অনেক সমালোচনা শুনতে হয়েছিল। এখন আবার তাঁরাই (সমালোচকেরা) বলছেন, মেসির ওপর দল অনেকাংশেই নির্ভরশীল। বিষয়টি কিন্তু সহজে হয়নি।

প্রতিপক্ষ বেলজিয়াম প্রসঙ্গে সাবেলার মূল্যায়ন, ‘বেলজিয়াম খুব ভালো দল। তাদের অনেক খেলোয়াড় আছে, যারা ইংলিশ ও স্প্যানিশ লিগে খেলে। খুবই শক্তিশালী দল। যখন আমাদের কাছে বল থাকবে না তখন খুবই সতর্ক থাকতে হবে। যখন বল থাকবে তখন কিছু একটা করতে হবে। ’

ম্যাচের লাইন-আপ কেমন হবে আর্জেন্টিনার? এ প্রসঙ্গে শুক্রবারও কিছু জানাতে পারেননি সাবেলা। বললেন, ‘এখনো দলের লাইন-আপ নিশ্চিত নয়। এটি মাথায় আছে। ছেলেদের সঙ্গে এ নিয়ে এখনো আলোচনা করিনি।’ এএফপি, রয়টার্স।