'মেসি যুগে জন্মানোয় ক্ষুব্ধ রোনালদো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো ও রোনালদিনহো
রোনালদো ও রোনালদিনহো

হোক না চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ক। তাই বলে লিওনেল মেসির মতো বিরাট প্রতিভাকে তো অস্বীকার করা যায় না!   দুই ব্রাজিলিয়ান রোনালদিনহো ও রোনালদো তা করেননি। বরং মেসির জয়গানই গাইলেন। যদিও রোনালদিনহো সরাসরি নয়, কিছুটা ঘুরিয়ে বলেছেন। কিন্তু রোনালদোর সরাসরি পক্ষপাত মেসির প্রতিই।

রোনালদিনহো মনে করেন, মেসির যুগে জন্মানোই হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর কাল! ডজন ডজন গোল করেও যেন স্বস্তি নেই রিয়াল তারকার। এ কারণেই রোনালদিনহো বললেন, ‘মেসি-যুগে খেলতে হচ্ছে বলেই ক্রিস্টিয়ানো রোনালদোর যত রাগ-ক্ষোভ।’

রোনালদিনহো অবশ্য মনে করেন, তাঁর স্বদেশি নেইমারও ভবিষ্যতে মেসির মতোই বিশ্বসেরা খেলোয়াড়ে পরিণত হবেন। কেন হবেন, সেটিও খোলাসা করলেন, ‘ডিকো, সিলভিনহো ও আমি সব সময় পাস দিতাম মেসিকে। ফলে সে দ্রুতই সেরা হয়েছে। নেইমারের ক্ষেত্রেও মেসি একই কাজ করবে।’ তবে নেইমারের বিশ্বসেরা হওয়ার ক্ষেত্রে ‘যদি’ রয়েছে। রোনালদিনহো জানালেন, ‘এটি তখনই সম্ভব হবে যখন মেসি শীর্ষ অবস্থানে থাকবে না।’

এবার ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে অনেকেই যখন বাজির ঘোড়া ছোটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রাঙ্ক রিবেরির ঘরে। তখন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর অভিমত, লিওনেল মেসিই হতে যাচ্ছেন টানা পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর বিজয়ী! ‘গত পাঁচ বছর মেসি প্রচুর ম্যাচ খেলেছে। ফুটবল বিশ্বে ওই সবচেয়ে বড় তারকা। এখন ইনজুরিতে ভুগলেও এটি খুব একটা মারাত্মক নয়। মনে রাখবেন, বিশ্রাম মানে ব্যাটারিটা চার্জ করে নিচ্ছে ও’, বললেন দ্য ফেনোমেনন।