‘মেসি সর্বকালের সেরা’
বার্সেলোনা অধিনায়ক জাভি হার্নান্দেজ কোনো আনুষ্ঠানিকতার ধার ধারেননি। সোজাসুজি জানিয়ে দিয়েছেন তাঁর আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিই ‘সর্বকালের সেরা।’ এ মুহূর্তে ফুটবল বিশ্বে মেসির সঙ্গে তুলনায় আসার মতো যে কেউ নেই, সে কথাও জানিয়ে দিতে ভোলেননি তিনি। একই সঙ্গে মেসির চিরপ্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম উল্লেখ করে জাভির মন্তব্য, ‘মেসির খেলা ওর চেয়ে অনেক ভালো।’রেডিও কাতালানিয়ায় এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে জাভি হার্নান্দেজ প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনার বর্তমান কোচ টিটো ভিলানোভাকেও। তিনি বলেছেন, সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে ভিলানোভার পার্থক্য খুবই সামান্য। জাভি বলেন, ‘ট্যাকটিক্যাল কিছু ব্যাপার ছাড়া গার্দিওলা ও ভিলানোভার মধ্যে পার্থক্য তেমন একটা নেই। অনুশীলনের সময় পেপ সব সময় খেলোয়াড়দের কাছাকাছি থাকতেন। টিটো একটু দূরে থাকতে পছন্দ করেন।’জাভির জানান, কোচের দায়িত্ব নিয়ে নাকি টিটো ভিলানোভা তাঁকে অবাকই করেছিলেন। তিনি সবচেয়ে খুশি হয়েছেন যে ব্যাপারে তা হলো, টিটো দায়িত্ব নিয়ে বার্সেলোনার খেলার মৌলিকত্বে কোনো পরিবর্তন আনেননি। কোচের দায়িত্ব নেওয়ার সময় জাভির মনে হয়েছিল টিটো ভিলানোভা পুরোপুরিই প্রস্তুত হয়েই ‘কাতালান’দের দায়িত্ব নিয়েছেন। মাঠের বাইরের একজন নেতা হিসেবেও টিটো ভিলানোভা ইতিমধ্যেই বার্সেলোনার খেলোয়াড়দের মন জয় করে ফেলেছেন বলেই মনে করেন জাভি।রিয়াল কোচ হোসে মরিনহোর প্রতি শ্রদ্ধা থাকলেও তাঁর কোচিং ইতিহাসের পাতায় স্থান পাবে না বলেই মনে করেন জাভি। তিনি বলেন, বার্সেলোনা যে ধরনের ফুটবল খেলে মরিনহো তা উল্টে দিতেই পছন্দ করেন বেশি। আমার মনে হয় না, এ ধরনের কোনো কিছু ইতিহাসে স্থান পাওয়ার যোগ্যতা রাখে। ওয়েবসাইট।