‘মেসি সর্বকালের সেরা’
নিজের দেখা সেরা তো বটেই, লিওনেল মেসিকে সর্বকালের সেরা বলে রায় দিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস বিয়াঞ্চি।বার্সার আর্জেন্টাইন জাদুকর মেসির বিরুদ্ধে পুরোনো একটা অভিযোগ রয়েছে—বার্সেলোনার হয়ে তিনি যতটা সফল, জাতীয় দলের জার্সি গায়ে ততটা নন। পরিসংখ্যান ঘাঁটলে এই অভিযোগের সত্যতাও মিলবে। বার্সার হয়ে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়া মেসি আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ৩১টি। তবে বিয়াঞ্চি মনে করেন, সবকিছুর পরও মেসিই সর্বকালের সেরা।‘আমি ওকে সর্বকালের সেরা হিসেবেই দেখি। অনেকে আমাকে বলে, মেসি বিশ্বচ্যাম্পিয়ন নয়। কিন্তু ও প্রতি তিন দিনে একটি ম্যাচ খেলে এবং প্রতি ম্যাচেই অসাধারণ। ও যদি গোল না-ও পায়, সেটাও আমরা মিস করি। আমাদের এটা বুঝতে হবে, ভবিষ্যতে মেসির মতো খেলোয়াড় আর দেখতে পাব না আমরা।’ এক সাক্ষাত্কারে বলেছেন বিয়াঞ্চি।৬৩ বছর বয়সী বিয়াঞ্চির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। ১৯৭০ থেকে ১৯৭২ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৪টি ম্যাচে অংশ নেন তিনি। গোল করেন সাতটি। ফুটবল ম্যানেজার হিসেবে সর্বাধিক জনপ্রিয় তিনি। তাঁকে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা কোচদের অন্যতম ভাবা হয়। চারটি কোপা লিবারেটেডরসজয়ী একমাত্র ম্যানেজার বিয়াঞ্চি। সূত্র: গোল ডটকম।