‘মেসিই নাম্বার ওয়ান’
অনেকেই বলেন, লিওনেল মেসি ‘মেসি’ হতে পেরেছেন তাঁর পেছনে জাভি হার্নান্দেজ আছেন বলে। বার্সার এই মিডফিল্ডার অবশ্য নিজেই মেসিতে মন্ত্রমুগ্ধ। স্প্যানিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন স্পেন আর বার্সার নতুন অভিযান নিয়েও— ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ কথাটায় নিশ্চয়ই এত দিনে অভ্যস্ত হয়ে উঠেছেন?জাভি হার্নান্দেজ: হ্যাঁ (হাসি)। আমরা এই সাফল্য উপভোগ করেছি। সব প্রান্ত থেকেই মানুষ আমাদের অভিনন্দন জানিয়েছে। এটা অনেক গৌরবের। কিন্তু একই সঙ্গে নতুন অধ্যায়ও কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমাদের ২০১২ ইউরো বাছাইপর্বে মনোযোগ দেওয়া উচিত। এই দলটার জয়ের ক্ষুধা তীব্র। সত্যি বলতে কি, এত সাফল্যের পরও এই দলটার জয়ের আকাঙ্ক্ষা বিস্ময়কর। সবাই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমিও বার্সেলোনা আর জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের ধারা অক্ষুণ্ন রাখতে চাই। আমার লক্ষ্য অটুটই আছে। হারার চেয়ে জেতাই ভালো! কার্লোস পুয়োল জাতীয় দলে খেলে যাওয়ার সিদ্ধান্তই নিলেন। এটা দলের জন্য তো ভালোই হয়েছে, কী বলেন?জাভি: পুয়োল এই দলের অপরিহার্য অংশ। গত এক দশকের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডার। দারুণ পেশাদার। ও এমন একজন অধিনায়ক, সতীর্থদের জন্য যার দুয়ার সব সময় খোলা। ও নিজে আসলে জাতীয় দলে খেলে যাওয়ার ব্যাপারে দ্বিধান্বিত ছিল। পরে আমরা সবাই জোরাজুরি করাতে ও খেলে যেতে রাজি হয়েছে। এই দলটা তো জয়ে অভ্যস্ত। পরাজয় মেনে নেওয়ার জন্য প্রস্তুত তো?জাভি: অবশ্যই, এটাই তো ফুটবল। আপনি কালই অপ্রত্যাশিতভাবে হেরে যেতে পারেন। এটা আমরা ভালো করেই জানি। আমরাও অনেক সময় হেরেছি, সমালোচনা সইতে হয়েছে। এটা বরং দল হিসেবে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে উঠতে সাহায্য করেছে। আবারও যদি কখনো এমন খারাপ সময় আসে, আমরা অবশ্যই সেটি সামলে নেব। বার্সেলোনার এই দলে খেলোয়াড়ের সংখ্যা তো খুব বেশি নয়।জাভি: দেখুন, খেলোয়াড়ের সংখ্যা বেশি নেই, কিন্তু জায়গা ধরে রাখার জন্য প্রতিদ্বন্দ্বিতাটা ঠিকই আছে। এই দলে ২৫-২৬ জন খেলোয়াড় আছে। এমন নয়, এদের মধ্যে ৪-৫ জনকেই কোচ সব সময় গুরুত্ব দিচ্ছেন। পেপ চান, দলের সবাই যেন সমানভাবে উজ্জীবিত থাকে। তা ছাড়া আমাদের বয়সভিত্তিক দল থেকেও দারুণ সব খেলোয়াড় উঠে আসছে। আমাদের দলটা ভালো। সংখ্যা কম, কিন্তু ছোট পরিবারই তো সুখী পরিবার। বার্সার ‘বি’ দলটা দ্বিতীয় বিভাগে খেলছে। এটা অবশ্য ভালোই হয়েছে।জাভি: হ্যাঁ, দ্বিতীয় বিভাগ লিগেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম বিভাগ থেকে খুব বেশি পার্থক্য নেই। এমন অনেক স্টেডিয়ামে গিয়ে খেলতে হয় যেগুলোয় প্রথম বিভাগেরও ম্যাচ হয়ে থাকে। সেখানে চাপও থাকে বেশ। আমি আর পুয়োল এক বছর দ্বিতীয় বিভাগে খেলেছি। এবার প্রথম দলটি নিয়ে কথা বলি। এবার কি আপনারা ছয় শিরোপার লক্ষ্য নিয়ে নামছেন?জাভি: অবশ্যই আমরা চেষ্টা করব। তবে কি জানেন, এমনটা ইতিহাসে একবারই হয়। আমাদের সতর্ক থাকতে হবে। ধাপে ধাপে এগোতে হবে। কারণ প্রথম শিরোপাটিও এখনো অনেক মাস দূরে। কী হয় দেখা যাক। আমি আসলে শিরোপা জেতার আগে এ নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমাদের দলটা দুর্দান্ত। তবে আবারও বলছি, আমাদের পা ফেলতে হবে সাবধানে। এবার লা লিগায় বার্সা কি ফেবারিট?জাভি: আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এদিক দিয়ে হিসাব করলে অবশ্যই আমরা ফেবারিট। তবে রিয়াল মাদ্রিদকেও হিসাবের মধ্যে রাখতে হবে। কারণ ওদের ইতিহাস সমৃদ্ধ। তা ছাড়া গত কয়েক বছরে ওরা প্রচুর টাকা ঢেলেছে। আমি নিশ্চিত, ওরা এই মৌসুমে আপ্রাণ চেষ্টা করবে। তবে আমরা ফেবারিট এবং এ নিয়ে আমি কোনো চাপ অনুভব করি না। বিশ্বকাপে আপনি সব সময়ই বলেছেন, মেসিই গোল্ডেন বলের যোগ্য। তার পরও নিজেকেও কি কল্পনায় দেখেননি সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে?জাভি: দেখুন, বিশ্বে নাম্বার ওয়ান একজনই হয়, আর সেটা মেসিই। আর্জেন্টিনার বিশ্বকাপটা ভালো হয়নি। এই ফলাফল সেরা খেলোয়াড় বেছে নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে থাকতে পারে। জানি না সেরা ফুটবলার বেছে নেওয়ার শর্তগুলো কী ছিল। তবে সেরাদের কাতারে থাকতে পেরে আমি গর্বিত। অবশ্য এই পুরস্কার জেতার কথা আমি কল্পনাও করিনি। আমি আসলে ব্যক্তিগত পুরস্কার নয়, দলের হয়েই জিততে বেশি পছন্দ করি। ব্যক্তিগত পুরস্কারও কিন্তু আসে দলগত প্রচেষ্টার উপরি হিসেবে।