গোল করে যাচ্ছেন ক্লান্তিহীন, টানা দ্বিতীয় মৌসুমে ৫০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। তবু যেন লিওনেল মেসির দ্যুতির কাছে ম্লান। মেসির সঙ্গে লড়াই, চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বার্সা ফাইনালের সম্ভাবনা, আর আলোচিত-সমালোচিত ব্যক্তিজীবন নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কথা বললেন একটি ফুটবল ওয়েবসাইটের সঙ্গে
‘মেসিকে নিয়ে খুব বেশি ভাবি না’
চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বার্সা ফাইনালের সম্ভাবনা—ক্রিস্টিয়ানো রোনালদো: জানি, লোকে অল স্প্যানিশ ফাইনাল নিয়ে বলাবলি শুরু করেছে। কিন্তু ফাইনাল নিয়ে আমরা এখনই ভাবছি না। ফাইনাল এখনো অনেক দূরের পথ, এর আগে লা লিগায় আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে। তা ছাড়া সেমিফাইনালেও প্রতিপক্ষ এমন এক দল, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের সামর্থ্য যাদের ভালোই আছে। এ মুহূর্তে বায়ার্ন যেমন খেলছে, বলার অপেক্ষা রাখে না ওরা হবে খুবই কঠিন প্রতিপক্ষ। বিশ্বমানের সব ফুটবলার আছে ওদের দলে। বার্সার সঙ্গে সম্ভাব্য ফাইনাল নিয়ে তাই অন্যরাই ভাবতে থাকুক, আমরা ভাবছি না। আর এত দূর ভবিষ্যৎ নিয়ে ভাবছি জানলে আমাদের কোচও খুশি হবেন না! মেসির সঙ্গে তুলনা—রোনালদো: অন্যরা যে যতই এটা নিয়ে আলোচনা করুক, মেসিকে নিয়ে আমি খুব বেশি ভাবি না। আমরা দুজনই বড় তারকা এবং খেলি স্পেনের শীর্ষ দুটি ক্লাবে। লোকে আমাদের তুলনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দৃষ্টি কখনোই ব্যক্তিগত লড়াইয়ের দিকে নয়। কারণ দিন শেষে দলের সাফল্যই আসল। আগেও বলেছি মেসি ও আমার তুলনা করা মানে, ফেরারি ও পোরশের তুলনা করা। আশা করি, লোকে বুঝবে আমি কী বোঝাতে চাইছি। আমরা দুজনই ফুটবলের জন্য ভালো, ফুটবলপ্রেমীদের উচিত তুলনা না করে আমাদের দুজনের খেলা উপভোগ করা। অ্যালেক্স ফার্গুসন, না হোসে মরিনহো—রোনালদো: ব্যাপারটা আমার আর মেসির তুলনা করার মতোই। একজনকে বেছে নেওয়া কঠিন। তাঁরা দুজনই অসাধারণ কোচ। অন্যদের চেয়ে আলাদা বলেই তাঁরা দুজন এত সফল। কিন্তু কে এগিয়ে? সত্যি আমি বলতে পারব না। ব্যক্তি রোনালদোকে নিয়ে নানা সমালোচনা—রোনালদো: যাঁরা এসব প্রশ্ন তোলেন, তাঁদের উত্তর দেওয়ার প্রয়োজন আমার নেই। আমাকে যাঁরা কাছ থেকে দেখেছেন, আমার বন্ধু ও সতীর্থরা, তাঁরাই কেবল আমাকে বিচার করতে পারেন। আমি খুব সাধারণ একজন মানুষ। সিনেমা দেখতে যেতে পছন্দ করি, ভালো রেস্তোরাঁয় যেতে ভালো লাগে। যতটা পারা যায় সাধারণ থাকার চেষ্টা করি। কখনো কখনো যা-ই করি না কেন, সংবাদমাধ্যম তাতেই ভুল ধরার চেষ্টা করে। এসব নিয়ে ভাবলে তো আর চলে না। সমালোচনায় আক্ষেপ হয় কি না—রোনালদো: মি. মরিনহো যতক্ষণ আমাকে সমর্থন করছে, দলে আমার অবদানকে সতীর্থরা যতক্ষণ ভালোভাবে মূল্যায়ন করছে, ততক্ষণ অন্যরা কী ভাবছে, এটা নিয়ে আর ভাবনা নেই। ফুটবল খুব বেশি বোঝে না, এমন লোকদের নিয়ে ভেবে লাভ নেই। সমালোচনা আমার পুরো ক্যারিয়ারেই শুনতে হচ্ছে এবং আমি এতে মোটামুটি অভ্যস্ত হয়ে উঠেছি। গত কয়েক বছরে আমার রেকর্ডের দিকে যদি তাকাই দেখা যাবে খুব একটা খারাপ করিনি। লক্ষ্য, এই মানটাই ধরে রাখা। নিজেকে নিয়ে অনেক সময়ই অনেক প্রশ্নের উত্তর দিতে হয় আমাকে। আমার ধারণা, সব প্রশ্নের উত্তর দিতে পারে ট্রফি জয়। এবার আমাদের সামনে সুযোগ আছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের। দিন শেষে সমালোচকেরা কী বলছে বা ভাবছে, এসব মোটেও গুরুত্বপূর্ণ নয়। ওই ট্রফিগুলো জেতাই আসল।