‘মেসিকে সর্বকালের সেরা বলার সময় আসেনি’
এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি—এই বিশ্বাস সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের। তবে এখনই বার্সার আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে ‘সর্বকালের সেরা’ বলতে রাজি নন তিনি।‘আমি মনে করি, মেসিই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। সে টানা চারটি ব্যালন ডি অ’র জিতেছে। এই পুরস্কারের নাম পরিবর্তন করে মেসির নামে রাখা যেতে পারে। সে সব রেকর্ডই ভেঙে দিচ্ছে। বয়সেও এখনো তরুণ। তাই বলে মেসিই কি সর্বকালের সেরা?’ প্যারিসে সাংবাদিকদের বলেছেন ইব্রাহিমোভিচ।প্রশ্নটা করেই বার্সায় মেসির সাবেক সতীর্থ ইব্রাহিমোভিচ বলেন, ‘মেসিকে সর্বকালের সেরা বলার সময় এখনো আসেনি। আমি মনে করি, তাকে আগে ফুটবল থেকে অবসর নিতে হবে। এর পরই কেবল বলা যাবে, সে সর্বকালের সেরা কি না। এ নিয়ে এখন আমরা কথা বলতেই পারি। তবে মেসি ফুটবল থেকে অবসর নেওয়ার পর জবাবটা দেব আমি।’গত শনিবার লা লিগায় টানা ১৯তম ম্যাচে গোলের দেখা পান লিওনেল মেসি। এর মধ্য দিয়ে লিগে সবকটি দলের বিপক্ষেই টানা গোল করার রেকর্ড গড়েন বার্সার এই সুপারস্টার।রেকর্ডের ভাঙা-গড়া মেসির কাছে যেন ছেলেখেলা। তবে তিনি সব সময়ই বলে এসেছেন, এসব রেকর্ড নিয়ে কখনোই মাথা ঘামান না। লা লিগায় সবকটি দলের বিপক্ষে (১৯) টানা গোল করার রেকর্ড গড়ার পরও একই কথা বলেন মেসি, ‘গোল করে দলকে সহায়তা করতে পেরে আমি খুশি। রেকর্ডকে কখনোই গুরুত্ব দিই না আমি। গুরুত্বপূর্ণ হলো দলের জয়।’লা লিগায় এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা ৪৩। এর মধ্যে সর্বশেষ ১৯ ম্যাচে করেছেন ৩০ গোল। লিগে এখনো বাকি নয়টি ম্যাচ। লা লিগার এক আসরে গত বছর নিজের গড়া ৫০ গোলের রেকর্ডও বোধ হয় এবার ভেঙে দেবেন বার্সা জাদুকর।