‘মেসির চেয়ে নেইমার ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলেকে মেসির রোগে পেয়েছে নাকি নেইমারের রোগে, সেটাই এখন গবেষণার বিষয়! পুরো বিশ্বই এখন মেসি-বন্দনায় নিমগ্ন। বর্তমানের সেরা তো বটেই; মেসি সর্বকালের সেরা কি না, তা নিয়েই চলছে আলোচনা। কিন্তু মেসিকে কেন্দ্র করে সর্বকালের সেরার আলোচনাটাকে পেলে পাত্তা দেননি কখনোই। প্রসঙ্গটি উঠলে ব্রাজিল কিংবদন্তি বরং মেসিকে তুলনা করেন নেইমারের সঙ্গে। আরও একবার সেই পথেই হাঁটলেন পেলে। আর তুলনাই বা বলেন কেমন করে! পেলে তো মেসির চেয়ে নেইমারকে এগিয়েই রাখছেন। বলছেন, মেসির চেয়ে নেইমারও ভালো!সর্বশেষ তিনবারই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে মেসির হাতে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা এই মৌসুমে যেন আরও বেশি ক্ষুধার্ত। এরই মধ্যে মৌসুমে করে ফেলেছেন ৬১ গোল! বাকি সময় তো পড়েই আছে। তবে বার্সেলোনার হয়ে শিরোপা জিতে ট্রফির স্তূপ বানালেও আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে একমাত্র অলিম্পিক সোনা ছাড়া আর কিছুই জেতা হয়নি। এখানেই পেলে-ম্যারাডোনার সঙ্গে তুলনায় পিছিয়ে যাচ্ছেন মেসি। পেলের কথা, মেসি শুধু তাঁর এবং ম্যারাডোনার নিচেই নয়, নেইমারের মতো ভালো হতে চাইলেও মেসিকে নিজের খেলায় আরও উন্নতি করতে হবে! সান্তোসের ২০ বছর বয়সী তারকার পক্ষে পেলের যুক্তি, নেইমার মেসির মতো অত অভিজ্ঞ নয়, অভিজ্ঞ হলেই ছাপিয়ে যাবেন মেসিকে, ‘এখন সবাই মেসিকে নিয়ে কথা বলছে। সে তারকা। কিন্তু সর্বকালের সেরা হতে হলে তাঁকে অবশ্যই প্রথমে নেইমারের চেয়ে ভালো হতে হবে। এ মুহূর্তে মেসি স্রেফ অভিজ্ঞতায় এগিয়ে।’ যাঁকে নিয়ে পেলের এত প্রশংসা, সেই নেইমার এ মৌসুমে রাজ্য চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে করেছেন ১১ গোল, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৫টি। ওয়েবসাইট।