'মেসির সমস্যা হবে না'
মেসি-নেইমার থাকতেও লুইস সুয়ারেজকে দলে নেওয়া কেন? বার্সেলোনার সাবেক কোচ ইয়োহান ক্রুইফসহ প্রশ্নটা তুলেছেন অনেকেই।
তাঁদের উদ্বেগ অমূলকও নয়। প্রথাগত স্ট্রাইকার না খেলিয়ে মেসিকে ‘ফলস নাইন’ হিসেবে খেলানোই এই বার্সেলোনার দর্শন। সাম্প্রতিক বছরগুলোতে এভাবেই কাতালান ক্লাবটি সাফল্য পেয়ে আসছে। কিন্তু সুয়ারেজের মতো একজন নিখাদ স্ট্রাইকারকে দলে টানায় স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, তাহলে দলে মেসির পজিশনটা কী হবে? মেসিকে আগের মতোই ‘ফলস নাইন’ হিসেবে খেলালে সুয়ারেজের কী হবে? নিজের পজিশন ছেড়ে উরুগুইয়ান স্ট্রাইকার কি অন্য কোথায় মানিয়ে নিতে পারবেন? বার্সেলোনার আক্রমণভাগে সমন্বয়হীনতার একটা আশঙ্কা জাগছেই।
বার্সেলোনা সভাপতি জোসেফ বার্তোমেউ শঙ্কাটা উড়িয়েই দিয়েছেন। বলছেন, সুয়ারেজ আসাতেও মেসির কোনো সমস্যা হবে না। মেসি থাকবেন আগের মতোই স্বাধীন, ‘সুয়ারেজ আসায় বার্সেলোনার ফলস নাইন খেলানোর ধরন পাল্টাবে না। কারণ সেটা সব সময়ই মেসির।’ বার্তোমেউ অতীতের উদাহরণ টেনে এনেছেন, ‘লিওর পাশে একজন প্রথাগত স্ট্রাইকার এবারই আমাদের প্রথম নয়। অতীতেও ভিয়া, ইব্রাহিমোভিচ ও ইতোর মতো খেলোয়াড়েরা লিওর পাশে খেলেছে।’
উল্লেখ্য, নিজেদের রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডে সুয়ারেজকে লিভারপুল থেকে নিয়ে এসেছে বার্সা। গত পরশুই বার্সেলোনায় চলে আসা সুয়ারেজ স্বাস্থ্যপরীক্ষা শেষে শিগগিরই পাঁচ বছরের চুক্তিপত্রে সই করবেন। গোলডটকম।