'মেসি' রিয়ালে!

কে বলেছে মেসি শুধুই বার্সার? এখন মেসি হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদেরও। তবে রহস্যটা অন্যখানে। নতুন মেসির বয়স এখনো মাত্র ৯! জাপানের এই বিস্ময়বালকের নাম তাকুহিরো নাকাই। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই মাদ্রিদের একাডেমিতে নাম লেখানোর কথা খুদে প্রতিভার।
কদিন ধরে ইউটিউবে ছড়িয়ে পড়েছে ভিডিওটা। জাপানের এক বালক বল নিয়ে দুর্দান্ত সব কারিকুরি করছে। এর মধ্যে ১৬ লাখ বার ভিডিওটা দেখাও হয়ে গেছে। সমবয়সীদের বোকা বানিয়ে ড্রিবল করা যেন মনে করিয়ে দেয় সেই নিউয়েলস ওল্ড বয়েজের মেসিকে। রিয়ালে এলেও তাই রোনালদো নয়, নামের সঙ্গে মেসি নামটা এঁটে গেছে নাকাইয়ের। জাপানে রিয়ালের যুব অন্বেষণ কর্মসূচির স্টাফ নাওসুকে তাকাহাশি যেমন বলেছেন, ‘এই বয়সে বলের ওপর এমন নিয়ন্ত্রণ আসলেই বিশেষ কিছু।’
অনেকে তো এর মধ্যেই জাপানের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখতে শুরু করে দিয়েছে ওকে। এখনই এটা অবশ্য বাড়াবাড়ি। নতুন ‘মেসি-ম্যারাডোনাদের’ অন্তহীন মিছিলে কজনই বা শেষ পর্যন্ত ফুল হয়ে ফুটেছে? এএফপি।