‘মেসি’ হবেন নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জার্সি গায়ে তাঁর খেলা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। এর আগে কখনোই ইউরোপের ফুটবলে না-খেলা নেইমার প্রত্যাশার প্রতিদান কতটা দিতে পারেন, সেটা জানতেও অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে দ্রুতই তিনি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমপর্যায়ে যেতে পারবেন বলে মনে করছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। নতুন করে ঢেলে সাজানো ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়ে এই মন্তব্য করেছেন ইংলিশ তারকা।সান্তোসের হয়ে গত চার বছর খেলেই বিশ্বের নজর কেড়েছেন। নিজের সক্ষমতা প্রমাণ করে মাত্র ১৮ বছর বয়সেই জায়গা করে নিয়েছিলেন ব্রাজিলের জাতীয় দলে। এই ২১ বছর বয়সেই দলের অন্যতম ভরসার ভরকেন্দ্র হয়ে উঠেছেন তিনিই। ইউরোপিয়ান ফুটবল আঙিনায়ও সদর্পে নেইমার বিচরণ করবেন বলেই বিশ্বাস ল্যাম্পার্ডের। ল্যাম্পার্ডের এই বিশ্বাসের পেছনে আছে নেইমারের খেলা দেখার অভিজ্ঞতা, ‘গত ফেব্রুয়ারি মাসে ওয়েম্বলিতে খেলেছিলাম নেইমারের বিপক্ষে। ইউটিউবেও ওর বেশকিছু ভিডিও দেখেছি। সে খুবই অসাধারণ কিছু কারুকাজ করে দেখাতে পারে। আমি নেইমারকে নিয়ে ডেভিড লুইস, অস্কার, রামিরেসের সঙ্গেও (ল্যাম্পার্ডের চেলসি-সতীর্থ) কথা বলেছি। আমার কাছে সে ইতিমধ্যেই একজন উদীয়মান মহা তারকা। আর বার্সেলোনায় গিয়ে ভালো করার মতো সব গুণই তার মধ্যে আছে। আমি আশা করছি, সে সফল হবে। ফুটবলে মেসি-রোনালদোর মতো তারকা খেলোয়াড়দের খুব প্রয়োজন। আর আমার মনে হয় নেইমারও তাঁদের মতো শীর্ষ পর্যায়ে যেতে পারবে।’আজ রাতেই নবনির্মিত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে সুপার সিক্স। সূত্র: এনডিটিভি স্পোর্টস।