‘মেসি’কে ছোঁয়া হচ্ছে না মেসির
যেভাবে মৌসুম শুরু করেছিলেন, এমনকি মৌসুমের মাঝপথ পর্যন্ত যে গতিতে ছুটছিলেন, গত মৌসুমের অবিশ্বাস্য গোলের রেকর্ডটাও হয়তো এবার ভেঙে দিতেন। কিন্তু তা আর হলো না। শেষ প্রান্তে এসে চোটের কাছে হার মানলেন লিওনেল মেসি। কাল বার্সেলোনা নিশ্চিত করেছে, মৌসুমের শেষ তিনটি ম্যাচে আর খেলা হচ্ছে না তাঁর। ক্লাবের হয়ে ৫০ ম্যাচে ৬০ গোলেই থামতে হচ্ছে আর্জেন্টাইন জাদুকরকে। গত মৌসুমে করেছিলেন ৬০ ম্যাচে ৭৩ গোল।২০০৬ বিশ্বকাপের আগে একবার বড় ধরনের চোটে পড়লেও শারীরিকভাবে বেশ শক্তপোক্ত মেসি খুব একটা চোটে পড়তেন না। টানা চার মৌসুমেই কমপক্ষে ৫০টি করে ম্যাচ খেলার পরিসংখ্যান সেই তথ্যই দেয়। কিন্তু এই মৌসুমের শেষে এসে বেশ কবার চোটে পড়লেন। সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও ঊরুর চোটটা ভুগিয়েছে। এর আগে পিএসজির বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়েও চোট পেয়েছিলেন তিনি। মৌসুম শেষে লম্বা ছুটিতে যেতেন। মেসির জন্য ছুটিটা চলে এল আগেভাগেই। এএফপি।এই মৌসুমে লিগে ৩২ ম্যাচে ৪৬ গোল। দুইয়ে থাকা রোনালদো (৩৪) অনেক পিছিয়ে বলে পিচিচি ট্রফিটা নিশ্চিতই। টানা চার মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব এবার হাতছাড়া। চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচে গোল ৮টি। লিগে সব কটি দলের বিপক্ষে গোল করার রেকর্ড ছুঁয়েছেন। লিগে টানা ২১ ম্যাচে গোল করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।