‘মেয়েদের দ্রগবা’র স্বপ্ন অনেক বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষ তাঁকে ভালোবেসে ‘মেয়েদের দ্রগবা’ বলে ডাকে। মুরিয়েল আহোর এখন কি আরও বড় কোনো উপাধির দাবি করবেন? তিনি দাবি করুন না-করুন, আইভরিয়ানরা হয়তো তাদের নতুন ‘ক্রীড়া রানি’কে নতুন কী কী খেতাব দেওয়া যায়, তা নিয়ে গবেষণাই শুরু করে দিয়েছে!দেশকে প্রথমবারের মতো উপহার দিয়েছেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পদক, ১০০ মিটার স্প্রিন্টে। ২০১১-এর বিশ্ব চ্যাম্পিয়ন কার্মেলিটা জেটারের মতো স্প্রিন্টারকে পেছনে ফেলে জিতেছেন রুপা। দেশের ইতিহাসে তো বটেই; বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারে আফ্রিকান নারী হিসেবেই প্রথম পদক জয়ের কীর্তি এটি। আহোর গড়তে চান আফ্রিকার প্রথম নারী হিসেবে ২০০ মিটারে পদক জয়ের ইতিহাসও।গত বছর লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০—দুটিতেই ফাইনালে উঠেছিলেন। তবে পদক পাননি। মস্কো থেকে প্রাপ্তির খাতাটা পূর্ণ করেই ফিরতে চান দেশে। ২০০ মিটারের সেমিফাইনাল আজ। আগামীকাল ফাইনাল। তবে তাতেও থামতে চান না। ২৫ বছর বয়সী স্প্রিন্টার স্বপ্ন দেখেন আরও বড় কিছুর। হতে চান আইভরি কোস্ট ও আফ্রিকার উদীয়মান অ্যাথলেটদের ‘আদর্শ’। বদলে দিতে চান আসলে আফ্রিকান অ্যাথলেটদের মানসিকতাই।ছোটবেলা থেকেই আহোরের যাযাবরের জীবন। ভাগ্যান্বেষণে মাত্র তিন বছর বয়সেই আশ্রয় হয় ফ্রান্সে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রেই লেখাপড়া। মায়ামি বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক। চাইলে হয়তো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে নিতে পারতেন। কিন্তু আইভরিয়ান সত্তাকে বিসর্জন দেননি। বেছে নিয়েছেন জন্মভূমি আইভরি কোস্টকেই। দেশকে, দেশের পতাকাটা বড় ভালোবাসেন। ভালোবাসেন পুরো আফ্রিকার মানচিত্রকে। তাই তো নিজেকে আদর্শ রূপে প্রতিষ্ঠা করে থামিয়ে দিতে চান আফ্রিকান অ্যাথলেটদের বিদেশ যাত্রা। বিশেষ করে যারা টাকার বিনিময়ে নাগরিকত্ব বদলে ফেলে এবং অন্য দেশের পতাকা নিয়ে বিশ্বমঞ্চে নামে। গত বছর ইস্তাম্বুলের ইনডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারের রুপাজয়ী আহোরের কথা, ‘এই পদকটা আইভরি কোস্টের, অন্য দেশের নয়। এটা খুবই দুঃখের, অনেক আফ্রিকান অ্যাথলেটই মনে করেন টাকার জন্য বিদেশে পাড়ি জমানো এবং অন্য দেশের হয়ে দৌড়ানো প্রয়োজন। আশা করি, আমি আফ্রিকান অ্যাথলেটদের অনুপ্রেরণার উৎস হতে পারব এবং আফ্রিকার তরুণদের অ্যাথলেটিকসে আসার জন্য অনুপ্রাণিত করতে পারব। জাতীয় দলের জার্সিটা যখন গায়ে জড়াই এবং আইভরি কোস্টকে বিশ্ব অ্যাথলেটিকস মানচিত্রে তুলে ধরে তাদের আস্থার প্রতিদান দিই, গর্বে বুকটা ভরে ওঠে। এই গর্বটা হতে পারে অন্য আফ্রিকান অ্যাথলেটদেরও।’ এএফপি।