'মোবিল' গর্ডন অপরাজিত ১০২!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ছবিটা শততম জন্মদিনের, উত্তরসূরি ফাস্ট বোলারদের নিয়ে কেটেছিলেন জন্মদিনের কেক। গর্ডনের এবারের জন্মদিন কাটবে বিছানায় ষ ওয়েবসাইট
এই ছবিটা শততম জন্মদিনের, উত্তরসূরি ফাস্ট বোলারদের নিয়ে কেটেছিলেন জন্মদিনের কেক। গর্ডনের এবারের জন্মদিন কাটবে বিছানায় ষ ওয়েবসাইট

ক্রিকেট আর জীবনের হিসাব কতই না আলাদা! ক্রিকেটের মহাগুরুত্বপূর্ণ সব ব্যাপারও জীবনের পথচলায় তুচ্ছ। সেঞ্চুরির কথাই ধরুন। ২২ গজে তিন অঙ্ক ছোঁয়াও বড় একটি মাইলফলক। তবে সে তো হরহামেশাই হচ্ছে। জীবনের ইনিংসে তিন অঙ্ক ছোঁয়ার সৌভাগ্য কজনের হয়! জীবন-মৃত্যুর মতো গভীর ব্যাপারগুলো ছাড়িয়ে যায় পরিসংখ্যানের সীমানা, ছাড়িয়ে যায় আসলে আর সবকিছুই। তবু প্রসঙ্গটা যখন ক্রিকেট, পরিসংখ্যানের খানিকটা আশ্রয় নেওয়াই যাক। ২২ গজে টেস্ট সেঞ্চুরি হয়েছে এখন পর্যন্ত ৩৬৩৭টি, জীবনের ইনিংসে শুধুই একটি! আরেকটু গভীরে যাওয়া যাক। টেস্টের আঙিনায় সেঞ্চুরি করা মানে আবার নতুন করে শুরু করা, আরও বড় কিছুর দিকে এগিয়ে যাওয়া। জীবনের আঙিনায় সেঞ্চুরি মানে শেষের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া! একেকটি দিনই যেন বছরের সমান। নরম্যান গর্ডনেরও হয়তো আজ এই অনুভূতিটাই হবে। নতুন করে মনে পড়বে, সময় ফুরিয়ে আসছে! এমনিতে তাঁর জন্য, গোটা ক্রিকেট-বিশ্বের জন্য আজকের দিনটা উদ্যাপনের। জীবনের ইনিংসে সেঞ্চুরিয়ান একমাত্র টেস্ট ক্রিকেটার আজ ছুঁয়ে ফেলছেন আরেকটি মাইলফলক। নরম্যান গর্ডনের আজ ১০২তম জন্মদিন! উদ্যাপনের অবস্থায় অবশ্য নেই তিনি। শরীরটা অনেক দিনই ভালো যাচ্ছে না, নানা জটিলতা লেগেই আছে। চোখে এখন কিছুই দেখেন না, কানে বলতে গেলে শোনেনই না। অথচ শততম জন্মদিনের সময়ও বেশ সুস্থ ছিলেন। দুই বছর আগে তাঁর ‘সেঞ্চুরি’ ছোঁয়ার দিনটা পুরো ক্রিকেট-বিশ্বের জন্যই এসেছিল আনন্দের উপলক্ষ হয়ে। বয়ে গিয়েছিল অভিনন্দনের বন্যা। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক আলী ব্যাখার একটি পার্টি দিয়েছিলেন ওয়ান্ডারার্সে। উত্তরসূরি ফাস্ট বোলার পিটার পোলক, মাইক প্রক্টর, শন পোলক, মাখায়া এনটিনি, ফ্যানি ডি ভিলিয়ার্সদের সঙ্গে নিয়ে সুদৃশ্য এক কেক কেটেছিলেন গর্ডন। তবে গত জন্মদিনটাও হাসপাতালে কাটাতে হয়েছিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে।
গর্ডনের আগে সবচেয়ে বেশি বছর বেঁচে থাকা টেস্ট ক্রিকেটার ছিলেন নিউজিল্যান্ডের এরিক টিনডিল। পাঁচ টেস্ট খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান পৃথিবী ছেড়ে যান ৯৯ বছর ২২৬ দিন বয়সে। ২০১১ সালের মার্চে টিনডিলকে ছাড়িয়ে যান গর্ডন। টিনডিলের মতো তিনিও খেলেছেন পাঁচ টেস্ট। সব কটিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে টেস্ট খেলেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু তিনিই বেঁচে আছেন। ক্রিকেটের একটি পালাবদলেরও প্রতীক হয়ে আছেন গর্ডন। তাঁর সর্বশেষ টেস্টই ক্রিকেট ইতিহাসের সর্বশেষ সময়বিহীন টেস্ট। ১৯৩৯ সালের মার্চে ১০ দিন ধরে চলার পর যে টেস্ট শেষ হয়েছিল ইংল্যান্ড দলের জাহাজ ধরার তাড়া ছিল বলে!
ফাস্ট বোলার ছিলেন, গতির সঙ্গে গর্ডনের বড় শক্তি ছিল স্ট্যামিনা। ১২-১৫ ওভারের স্পেল করতেন নিয়মিতই, ওই শেষ টেস্টেও ৮ বলের ৯২.২ ওভার বোলিং করেছিলেন। বিশ্বযুদ্ধের পর আর দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাননি। ধারণা করা হয়, ইহুদি বলেই নেওয়া হয়নি তাঁকে। খেলোয়াড়ি জীবন থেকেই ছিলেন দারুণ স্টাইলিশ। কোঁকড়া চুলগুলো বশ মানাতে চুলে জেল ব্যবহার করতেন। সতীর্থরা মজা করে তাই নাম দিয়েছিলেন ‘মোবিল।’ খেলা ছাড়ার পর ক্রীড়াসামগ্রীর ব্যবসা করেছেন। ৯৪ বছর বয়স পর্যন্ত খণ্ডকালীন হিসাবরক্ষকের কাজ করেছেন একটি ফার্মে। ৯৬ বছর পর্যন্ত দাপটে খেলেছেন গলফ। শততম জন্মদিনের বেশ কিছুদিন পর পর্যন্তও ছেলেকে সঙ্গে নিয়ে নিয়মিত যেতেন ওই গলফ ক্লাবে। গত কিছুদিনই শুধু বার্ধক্যের সঙ্গে লড়াইয়ে যেন হাল ছেড়ে দিয়েছে পোক্ত শরীরটা।
তবে লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা দিতে পারে আরেকটি মাইলফলকের হাতছানি। প্রথম শ্রেণীর ক্রিকেটার ইংল্যান্ডের জিম হাচিনসন (১০৩ বছর ৩৪৪ দিন)। ২০১৫ সালের ১৭ জুলাইয়ের প্রথম প্রহরটা দেখতে পারলেই গর্ডন ছাড়িয়ে যাবেন হাচিনসনকে! ৭০ বছর বয়সী ছেলে ব্রায়ানই অবশ্য বলছেন, ‘অত দিন নিশ্চিতভাবেই বাঁচবেন না বাবা।’
তাতেও অবশ্য গর্ডনের আক্ষেপ থাকবে না। শততম জন্মদিনের সময়ই তো তৃপ্ত কণ্ঠে বলেছিলেন, ‘আমার চেয়ে ভালো টেস্ট ক্রিকেটার হাজারো ছিল, কিন্তু বয়সের সেঞ্চুরিয়ান তো একমাত্র আমিই!’

জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার
নরম্যান গর্ডন দ. আফ্রিকা ১০২ বছর
লিন্ডসে টাকেট দ. আফ্রিকা ৯৪ বছর ১৮১ দিন
রেগ সিম্পসন ইংল্যান্ড ৯৩ বছর ১৬০ দিন
অ্যান্ডি গানটৌমি ও. ইন্ডিজ ৯২ বছর ১৯৬ দিন
মাধব মন্ত্রী ভারত ৯১ বছর ৩৩৯ দিন