‘মোবিল’ গর্ডনের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণ গণনা চলছিল। চাপা উত্তেজনা ছিল পুরো ক্রিকেট বিশ্বেই। অপেক্ষা ছিল তাঁর নিজেরও। দিন কয়েক আগে বলেছিলেন, ‘খুব রোমাঞ্চিত আমি, তবে নার্ভাসও লাগছে।’ নার্ভাস, কারণ এতে অপেক্ষা করা ছাড়া করার ছিল না কিছুই। আজ সকালে ঘুম ভেঙে নিশ্চয়ই অপার আনন্দে ভরে গেছে তাঁর মন। নরম্যান গর্ডন আজ ছুঁয়েছেন সেঞ্চুরি, জীবনের ইনিংসে সেঞ্চুরিয়ান প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার!বয়সের সেঞ্চুরিটা হয়ে যাওয়ার কথা গত রাত ১২টাতেই। কিন্তু সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের দীর্ঘদিনের অভ্যাস, সন্ধ্যা সাতটার মধ্যে ঘুমোতে যাওয়া, সকাল ১০টায় ওঠা। উপলক্ষের কারণে এই নিয়মের ব্যতিক্রম কিছু হলে আলাদা কথা। নয়তো সেঞ্চুরির স্বাদটা পাবেন আজ ঘুম ভাঙলেই!ক্রিকেট বিশ্বের অপেক্ষার শুরু আসলে গত বছর ১ আগস্ট থেকে, যেদিন মৃত্যুর কাছে হার মানলেন এরিক টিন্ডিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলা টিন্ডিল পৃথিবীকে বিদায় জানান ৯৯ বছর ২২৬ দিন বয়সে। গর্ডন বয়সে টিন্ডিলকে ছাড়ান গত ২৩ মার্চ। টিন্ডিলের মতো তিনিও খেলেছিলেন ৫ টেস্ট। সব কটিই দেশের মাটিতে, ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩৮-৩৯ সিরিজে। সিরিজের শেষ টেস্টটি আবার ছিল সেই বিখ্যাত শেষ সময়সীমাহীন টেস্ট, ১০ দিন খেলা হওয়ার পরও ফলাফল হয়নি যে টেস্টে। ওই টেস্টে ৮ বলের ৯২.২ ওভার বোলিং করেছিলেন, এক টেস্টে এত বল করার কীর্তি নেই আর কোনো ফাস্ট বোলারের। আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের পর আর দলে নেওয়া হয়নি, বলা হয়েছিল ‘বয়স’, তবে ইহুদি বলেই নাকি আর নেওয়া হয়নি গর্ডনকে।কোঁকড়া চুলগুলোকে বশ মানাতে চুলে জেল ব্যবহার করতেন। সতীর্থরা তাই গর্ডনের নাম দিয়েছিলেন ‘মোবিল!’ জেল ব্যবহার করেন এখনো, ভালোবাসেন কেতা-দুরস্ত হয়ে থাকতে। লাঠিভর ছাড়াই হাঁটেন, ইয়ারফোন ছাড়াই কানেও শোনেন। বিদ্রোহ করেছে শুধু চোখ দুটো, দৃষ্টিশক্তি কমে গেছে ৪০ শতাংশ। চোখে কম দেখেন বলেই এখন আর গলফ খেলা হয় না, নয়তো তিন বছর আগেও গলফ খেলেছেন পুরোদস্তুর!খেলতে না পারলে কী হবে, বাড়ি থেকে অনেকটা দূরের হাউটন গলফ ক্লাবে যাওয়া এখনো প্রতিদিন চাই-ই চাই। ৫০ বছর গলফ খেলেছেন এই ক্লাবে, ক্লাবের আজীবন সদস্য। দুপুর গড়ালেই ছেলে ব্রায়ানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন জোহানেসবার্গের হিলসবোরোর বাড়ি থেকে। পরিবারের আর একমাত্র সদস্য ৬৭ বছর বয়সী ছেলে ব্রায়ানই। গর্ডনের শততম জন্মদিন স্মরণীয় করতে জমকালো একটা পার্টি দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ও ক্রিকেট ব্যক্তিত্ব আলী বাখার। তাঁর ছেলেবেলার স্কুলেও উৎসব হওয়ার কথা, যেখানে যোগ দেবেন পিটার ও শন পোলক, অ্যালান ডোনাল্ড, মাখায়া এনটিনির মতো গর্ডনের উত্তরসূরি ফাস্ট বোলাররা।গর্ডনের এখন লক্ষ্য হতে পারেন জিম হাচিনসন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ডটা তাঁরই, ডার্বিশায়ার অলরাউন্ডার বেঁচে ছিলেন ১০৩ বছর ৩৪৪ দিন। সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে গর্ডনের চেয়ে বেশি বেঁচেছেন মোট ১২ জন। তবে অত দিন না বাঁচলেও আক্ষেপ নেই। সেঞ্চুরিতেই ভীষণ গর্বিত গর্ডন, ‘আমার চেয়ে ভালো টেস্ট ক্রিকেটার হাজারো ছিল, কিন্তু বয়সের সেঞ্চুরিয়ান তো কেবল আমিই!’