'মোহামেডান আমাকে মুগ্ধ করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফ
লোডভিক ডি ক্রুইফ

দেশে রওনা হওয়ার আগে কাল কিছুক্ষণের জন্য এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এ যাত্রায় এক সপ্তাহের ঢাকা সফরের শেষ দিনটাও কাজে লাগাতে চাইলেন লোডভিক ডি ক্রুইফ। তবে বিমানবন্দরে যাওয়ার তাড়া থাকায় স্টেডিয়ামে বসে কথা বলার সুযোগ হলো না। সুপার কাপের ম্যাচ দেখে বিমানবন্দরে যাওয়ার পথে গাড়িতে বসে নেওয়া হলো জাতীয় দলের ডাচ কোচের এই সাক্ষাৎকার—

l সুপার কাপে বিদেশি খেলোয়াড় নেই। একেবারেই‘দেশি টুর্নামেন্ট’ এটি। তা এই টুর্নামেন্টের নয়টি ম্যাচ দেখে সামগ্রিকভাবে আপনার মূল্যায়ন কী?

লোডভিক ডি ক্রুইফ: বেশ ভালো। আমি ও রেনে খুশি। খেলার মান নিয়ে শুরুতেই মূল্যায়ন করতে চাই না। সবচেয়ে বড় যেটি পাওয়া, এই প্রথম আমি চোটগ্রস্ত দুয়েকজন বাদে সব খেলোয়াড়কে দেখার সুযোগ পেলাম। এটা খুব দরকার ছিল। কারণ, সবার মান সম্পর্কে তো আমাকে জানা চাই। এই সুপার কাপে সব খেলোয়াড়কে দেখার সুযোগ হয়ে এসেছে।

l খেলোয়াড়েরা কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছেন?

ক্রুইফ: দেখুন, নেপালে চ্যালেঞ্জ কাপে কিছু খেলোয়াড়কে দেখেছি। এবার প্রায় এক সপ্তাহ সবাইকে দেখে বুঝতে পেরেছি, কে কেমন খেলে, কার বয়স কত, কাকে কীভাবে কাজে লাগানো যাবে। কোচ হিসেবে এসব আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। খেলোয়াড়দের ব্যাপারে সবকিছু তো আমাকে জানতে হবে। আমি সব মিলিয়ে অখুশি নই।

l সামগ্রিকভাবে খেলার মান কেমন দেখলেন?

ক্রুইফ: আমি একটা ব্যাপার দেখে একটু অবাকই হয়েছি, সাদা-কালো জার্সির দলটা...(মোহামেডান), খুব ভালো খেলেছে। তারা লিগে হয়তো খুব ভালো করতে পারেনি। কিন্তু সুপার কাপে দুটি ম্যাচে দেখলাম, ওরা গতিময় ফুটবল খেলে, জয়ের ক্ষুধা আছে। সত্যি কথা বলতে, মোহামেডান আমাকে মুগ্ধ করেছে। দলটির খেলা দেখে আমি ভীষণ খুশি। তাদের খেলা দেখার জন্য ছিল দারুণ।

l তার মানে শেখ রাসেল, শেখ জামাল, আবাহনীর খেলা অতটা চোখ কাড়েনি আপনার?

ক্রুইফ: না, না, এভাবে বলব না। এই দলগুলোতেই আসলে দেশের সেরা খেলোয়াড়েরা খেলছে। তাদের খেলা দেখাটা অন্য রকম। এই দলগুলোর কাছে আমার আশা ছিল অনেক বেশি। আশাহত হয়েছি বলব না, তবে আরও ভালো কিছু দেখতে চেয়েছিলাম।

l চারদিকে একটা কৌতূহল, এই প্রথম আপনি খেলোয়াড় বাছাই করলেন। কাদের নিচ্ছেন সাফের ক্যাম্পে? কিছু নাম-টাম কি বলা যায়?

ক্রুইফ: ওহ, নো। আমি কোনো নাম বলব না। অনেকের খেলাই আমার ভালো লেগেছে। আমরা ৩৫ জন খেলোয়াড় বাছাই করে ফেডারেশনকে দিয়েছি। এ মাসের শেষ দিকে ওই খেলোয়াড়দের ক্যাম্পে ডাকা হবে এবং জুলাইয়ের শুরুতে ক্যাম্প শুরু হবে। আমিও তখন চলে আসব।

l নেতিবাচক কী দেখলেন, যেটি আপনাকে ভাবাচ্ছে?

ক্রুইফ: নেতিবাচক তো আছেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা, খেলোয়াড়দের শারীরিক ফিটনেস এবং শরীরকে ঠিকভাবে ব্যবহার করতে না পারা। এটা কাটিয়ে উঠতে ফেডারেশনের প্রেসিডেন্ট মিস্টার সালাডিন (কাজী সালাউদ্দিন) আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন একজন ট্রেনার দেবেন। এ জন্য তাঁকে আমরা সাধুবাদ জানাই।

l খেলোয়াড়দের ফিটনেস নিয়ে তো কাজ করার কথা ক্লাবগুলোর। অথচ এটা এখন আপনার কপালে ভাঁজ ফেলেছে...

ক্রুইফ: হ্যাঁ, এটা আসলেই ভাবনায় ফেলেছে আমাকে। ক্লাব কী করছে আমি জানি না, হয়তো ভবিষ্যতে এসব নিয়েও কাজ করব। তবে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে আমি মোটেও খুশি নই। গতকাল (পরশু) আমি ম্যাচ দেখছিলাম, ছেলেদের অনেককে দেখলাম কুড়ি মিনিট পর ক্লান্তিতে পারলে মাঠে শুয়ে পড়ে। এটা মোটেও খেলোয়াড়, দল ও আমার জন্য ভালো নয়।

l আরেকটা ব্যাপার, আপনি দেশের বাইরে ক্যাম্প করতে চাইছেন। এটা নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

ক্রুইফ: দেশের বাইরে ক্যাম্প করাটা খুব জরুরি কিছু নয়। তবে করতে পারলে ভালো। খেলোয়াড়দের ভিন্ন অভিজ্ঞতা হয়। সালাডিন সাহেবকে এটা বলার পর তিনি ১০ জুলাই ১০ দিনের জন্য ব্যাংককে দল পাঠাচ্ছেন। সেখানে সম্ভবত ১৯ জুলাই থাইল্যান্ডের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে পারি। এরপর সেপ্টেম্বরে নেপালে সাফের আগে কাতারে ক্যাম্প করার চেষ্টা চলছে। সাফের প্রস্তুতি হিসেবে পাঁচ-ছয়টা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলারও সম্ভাবনা আছে।

l আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন কিছু আছে?

ক্রুইফ: হুম, আমার তো পরিকল্পনা অনেক। বাংলাদেশে প্রথম এসেই বলেছিলাম, ডাচ ছন্দে খেলাতে চাই বাংলাদেশকে। এটিকে কেন্দ্রবিন্দুতে রেখেই যা করার করব। এখন আমরা ৩৫ জন খেলোয়াড়ের মধ্যে একেবারেই নতুন পাঁচ-সাতজন খেলোয়াড় ডাকব। এই সুপার কাপে নবীনেরা ভালো করেছে। আন্তর্জাতিক ফুটবলের হাওয়া-বাতাসের সঙ্গে তাদের অভ্যস্ত করাই এখন আমার অন্যতম বড় কাজ।