‘মোহামেডানের মতো অন্যদেরও আসতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের পর প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে ফিরেই চ্যাম্পিয়ন মোহামেডান। দলটির অধিনায়ক ডালিয়া আক্তারের চোখে মোহামেডানের এই ফিরে আসা গোটা হ্যান্ডবলের জন্যই ভালো খবর। কাল পল্টন স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের পর অনেক উচ্ছ্বাস ঝরল জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়কের কণ্ঠে একেবারে বাজিমাত করে দিলেন... ডালিয়া আক্তার: আমরা আসলে অনেক চেষ্টা করেছি। সেই চেষ্টারই ফল পেলাম। গোটা দলই এর কৃতিত্ব পাবে। মোহামেডানের ব্যবস্থাপনাও ভালো ছিল।  কেমন সেই ব্যবস্থাপনা?ডালিয়া: এটা বলে বোঝাতে পারব না। মোহামেডান দেশের ঐতিহ্যবাহী একটা দল। খেলোয়াড়দের সব সময়ই বলা হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী সবই করা হবে। এবং আমরা সর্বোচ্চ সব সুযোগ-সুবিধাই পেয়েছি।  ভালো পেমেন্টও নাকি পাচ্ছেন?ডালিয়া: হ্যাঁ, টাকাও ভালোই পাচ্ছি। ডানা আপা (মোহামেডানের পরিচালক কামরুন নাহার ডানা) আজ ম্যাচের আগেও বলেছেন, যা যা দেওয়ার কথা বলা হয়েছে সবই দেওয়া হবে। মোহামেডানের জার্সি পরার অনুভূতিটা কেমন?ডালিয়া: মোহামেডানের জার্সি পরে আমরা অনেক গর্বিত। এই জার্সির একটা মর্যাদা আছে। আমরা সেই সেটা রক্ষা করতে পেরেছি বলে আরও বেশি ভালো লাগছে। তবে আমি আগেও মোহামেডানের হয়ে খেলেছি। ২০০৪ সালে সর্বশেষ যেবার মোহামেডান মহিলা হ্যান্ডবল লিগে খেলেছে, আমি ছিলাম সহ-অধিনায়ক এবং লিগের সেরা খেলোয়াড়। এই দলের আরেকজনেরও (শিউলি) মোহামেডানে খেলার অভিজ্ঞতা ছিল। মোহামেডান দলটা গড়ার পেছনেও আপনার ভূমিকা আছে। খেলোয়াড়দের সংগ্রহ করলেন কীভাবে?ডালিয়া: শুরুতে আমাকে বলা হয়েছিল, মোহামেডান দল গড়বে আমি যেন পছন্দের খেলোয়াড় নিই। ১৩ জনের ১২ জন বিজেএমসির খেলোয়াড়। একজন মাত্র আনসারের। সবাই এক দলের হওয়ায় আমাদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল। তেঁতুলিয়া ও মাদারীপুরের চারজন করে নিয়েছি আমরা। রাজশাহীর তিনজন। খুবই ভালো দল হয়েছে। মেয়েরা অনেক কিছু শিখেছেও নিশ্চয়ই?ডালিয়া: তা তো অবশ্যই। এমন একটা আসরে খেলা, সবাই একসঙ্গে থাকা, খাওয়া-ঘুমানো সবই একসঙ্গে। শৃঙ্খলা কাকে বলে সেটা মেয়েরা আরও শিখেছে। কীভাবে টিমওয়ার্ক গড়তে হয় সে সম্পর্কেও তারা অনেক ধারণা পেয়েছে। আবাহনী গতবারের চ্যাম্পিয়ন। তাদের না খেলাটা কীভাবে দেখছেন?ডালিয়া: আবাহনীর না খেলাটা হতাশাজনক। এবার তো বিদেশি খেলোয়াড় এনেও খেলতে পারত আবাহনী। কেন তারা খেলল না বুঝলাম না। আবাহনী থাকলে লিগটা আরও জমত। তবে আশা করি, আগামী বছর আবাহনী তো বটেই, শেখ জামাল, শেখ রাসেলসহ অন্য বড় দলগুলোও এগিয়ে আসবে মেয়েদের হ্যান্ডবলে। লিগটা এবার জমেছে। আপনারা নিজেরা কেমন উপভোগ করলেন?ডালিয়া: দারুণ। অনেক ভালো লেগেছে আমাদের। এভাবে জমজমাট লিগ হলে খেলেও আনন্দ। এবার আজাদ ভালো দল গড়েছে, আরএনও ভালো দল ছিল। এভাবে ভালো দলের সংখ্যা বাড়লে মেয়েরাও আরও বেশি করে এগিয়ে আসবে। আর এতে উপকৃত হবে দেশের মহিলা খেলাধুলা। নতুনদের কেমন দেখলেন? ডালিয়া: নতুনরা খুব ভালো করছে। তাদের মধ্যে আগ্রহ জন্মেছে। এটা পজিটিভ। আমরা ক্যাম্প করেছি ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে। সেখানে মেয়েদের থাকার পরিবেশটাও ভালো। সব মিলিয়ে কয়েকটা দিন খুব ভালো কেটেছে আমাদের সবার।