‘ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত নই’, দাবি বলিউড অভিনেত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার খবর অস্বীকার করলেন বলিউড অভিনেত্রী নূপুর মেহতা। তবে তিনি নিশ্চিত করেছেন, বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়া ছবিটি তাঁরই। গত বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল পাতানো ছিল—গত রোববার এ খবর প্রকাশ করে যুক্তরাজ্যের ‘সানডে টাইমস’। পত্রিকাটি দাবি করে, ওই ম্যাচে পাকিস্তানি ক্রিকেটাররা যেন খারাপ খেলে সে লক্ষ্যে নূপুর পাকিস্তানি খেলোয়াড়দের প্ররোচিত করেছিলেন। সেই প্রতিবেদনে অবশ্য সানডে টাইমস নূপুরের নাম প্রকাশ না করলেও তাঁর একটি ছবি প্রকাশ করেছিল। পিটিআই জানায়, গতকাল সোমবার নূপুর মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, ‘এমন একটা কাজে আমাকে জড়িত করে হয়েছে, যেটা আমি করিনি। সবাইকে এ কথাই বলব, এমন কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’নূপুর বলেন, ‘আমি সত্যিই মর্মাহত। আমার ছবি ব্যবহার করায় সানডে টাইমসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি আমি। কারণ, ওরাই প্রথম আমার ছবিটি ব্যবহার করেছিল।’এর আগে, পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার নেপথ্যে এসেছিল দুই অভিনেত্রীর নাম। তাঁরা হলেন বলিউড অভিনেত্রী নিতু চন্দ্র এবং পাকিস্তানি অভিনেত্রী বিনা মালিক। নিতু দাবি করেছেন, মোহাম্মদ আসিফকে তিনি চেনেন না। বিনা মালিক গতকাল বলেছেন, ‘আমি সব সময়ই ম্যাচ পাতানোর বিরুদ্ধে। আসিফের বিরুদ্ধে পাতানোর গুঞ্জন শুরুর পরই আমি এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলাম। আমি বিশ্বাস করি, পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগটা সত্য নয়।’