
ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু। এরপর ব্যাট-বলের অনুশীলনের পাশাপাশি এবার যোগব্যায়ামও অংশ হয়েছে ক্রিকেটারদের অনুশীলনে। তবে এত কিছুর পরও অনুশীলন ম্যাচ খেলার ওপরই জোর দিচ্ছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ
সর্বশেষ টেস্ট সিরিজগুলোয় আপনার পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। এবার কেমন প্রস্তুতি হচ্ছে?
মাহমুদউল্লাহ: সর্বশেষ তিন-চারটা ইনিংস ভালো না হওয়ায় এবার ব্যাটিংয়ের ওপরই বেশি জোর দিচ্ছি। বল নির্বাচনে আমাকে আরও সতর্ক হতে হবে। এগুলো নিয়ে আমি কাজ করছি। কোরি রিচার্ডস এখন ইংল্যান্ডে, তবে যাওয়ার আগে কী কী কাজ করতে হবে বলে গেছেন। সেভাবে সব করছি। আশা করি, এসবের প্রতিফলন দেখতে পাবেন।
বোলিং নিয়েও কি বাড়তি কোনো কাজ করছেন?
মাহমুদউল্লাহ: সাকলাইন ভাইয়ের সঙ্গে এর আগে জিম্বাবুয়েতে যে কাজগুলো করেছি সেগুলোই আরও ভালো করে করার চেষ্টা করছি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েক মাসের বিরতি পড়ল। দলের অন্যদের অবস্থা কী?
মাহমুদউল্লাহ: ফিটনেস ক্যাম্পটা করায় সবার জন্যই ভালো হয়েছে। যারা একটু মুটিয়ে গিয়েছিল তারা হয়তো বা ভালো একটা অবস্থায় আসতে পেরেছে। বিশেষ করে মাশরাফি ভাই ভালো অবস্থানে আছেন এ মুহূর্তে। বোলিংও ভালো হচ্ছে ওনার। নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রত্যেকেই ভালো প্রস্তুতি নিচ্ছে। আশা করি, আমরা ভালো করব।
মাশরাফি ছাড়া অন্য পেসারদের অবস্থা কী? জিম্বাবুয়ে সফরের আগে থেকেই তো সংকট এ জায়গাটাতে...
মাহমুদউল্লাহ: নাজমুল ভালো করছে। ফিট হয়ে উঠছে। এখন অর্ধেক রানআপ নিয়ে বোলিং করছে। শফিউলও ফিট হয়ে উঠেছে। রুবেল ইংল্যান্ডে। সবাই মোটামুটি ভালো প্র্যাকটিস করছে। নিউজিল্যান্ড সিরিজের আগে যদি কিছু ম্যাচ খেলতে পারতাম...প্রিমিয়ার লিগটা হলে খুব ভালো হয়। ম্যাচ ফিটনেসটা আমাদের জন্য খুব জরুরি। তার পরও আমরা সম্ভবত প্র্যাকটিস ম্যাচ খেলব। নিউজিল্যান্ড সিরিজের আগে কয়েকটি ম্যাচ খেলতে পারলে দলের জন্য খুব ভালো হয়।
টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। তার আগে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে পারলেই বোধ হয় ভালো হয়...
মাহমুদউল্লাহ: আমাদের পরিকল্পনা আছে সিরিজের আগে একটা তিন দিনের বা চার দিনের ম্যাচ খেলব। ইনশা আল্লাহ, সেটা আমাদের সাহায্য করবে।
এবার ফিটনেসের ওপর অনেক জোর দেওয়া হয়েছে। এটা কতটা কাজে দেবে?
মাহমুদউল্লাহ: আগেই বলেছি, এটা অনেক কাজে লাগবে আমাদের। এ রকম বিরতি সাধারণত পাই না। নিউজিল্যান্ড সিরিজের আগে দুই থেকে তিন মাস সময় পেয়েছি। তার এক-দেড় মাস শুধু ফিটনেস ট্রেনিংই করলাম। এখন স্কিল নিয়ে কাজ হচ্ছে। ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাট করছে, নেটে অনেক সময় দিচ্ছে। এ ছাড়া এবার যোগব্যায়ামও আমাদের অনুশীলনের একটা অংশ। আশা করি, সেটারও একটা ফল পাব।
শুধু কি অনুশীলনই যথেষ্ট। ‘এ’ দল তো অনেক লম্বা ক্যাম্প করে ইংল্যান্ড গেল। ফলাফলে এর ছায়া কই?
মাহমুদউল্লাহ: ‘এ’ দলের প্রথম দুটি ম্যাচ যদি খেয়াল করেন, বোলাররা ভালো বল করেছে। ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। আবার পরের তিনটা ম্যাচে ব্যাটসম্যানরা রান করেছে কিন্তু বোলাররা সেভাবে পারেনি। আশা করি, ইংল্যান্ড লায়নসের সঙ্গে পরের ম্যাচগুলোয় তারা ফিরে আসবে।