‘ম্যাজিক মোমেন্টস’ অব শচীন টেন্ডুলকার
একদিনের ক্যারিয়ারটা তাঁর ২৩ বছরের। এই ২৩ বছরে ৪৬৩টি ম্যাচে অজস্র কীর্তির জন্ম দিয়েছেন শচীন টেন্ডুলকার। একদিনের ক্রিকেটে যেখানে সম্ভব-অসম্ভব সব ধরনের রেকর্ডকে তিনি নিজের করে নিয়েছেন, সেখানে আলাদা করে শচীন টেন্ডুলকারের স্মরণীয় কিছু মুহূর্ত বেছে নেওয়া সত্যিই দুরূহ একটি কাজ। তার পরও শচীনের পুরো ক্যারিয়ার থেকে কয়েকটি অদ্বিতীয় মুহূর্ত আলাদা করে পাঠকদের সামনে উপস্থাপন করা হলো। পাঠক মিলিয়ে নিন, স্মরণ করুন, উল্টে দেখুন নিজেদের স্মৃতির পাতা। ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এই বিদায়ের দিনে উল্লিখিত মুহূর্তগুলো আপনাদের হূদয়কে নস্টালজিয়ার মধ্যে না ফেলে পারেই না!পার্থের সেই টাই: ১৯৯২১৯৯২ সালের বিশ্বকাপের কিছু আগে অস্ট্রেলিয়ায় বেনসন অ্যান্ড হেজেস ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল ভারত। প্রতিযোগিতার অপর দুটি দল ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থে অনুষ্ঠিত একটি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত মাত্র ১২৬ রানে গুটিয়ে যায়। সেই ম্যাচে বোলারদের সাফল্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তোলে ভারত। শচীন টেন্ডুলকার ওই ম্যাচে বল হাতে ভারতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। অ্যান্ডারসন কামিন্সকে ম্যাচের শেষ ওভারে আউট করে শচীন ভারতকে উপহার দিয়েছিলেন এক অবিস্মরণীয় ‘টাই’।হিরো কাপে আবার: ১৯৯৩১৯৯৩ সালে ভারতে অনুষ্ঠিত ছয়-জাতির হিরো কাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। কলকাতার ইডেন গার্ডেনসে লাখো দর্শকের সামনে শচীন আবারও বল হাতে ভারতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। শেষ ওভারে জয়ের জন্য যেখানে দক্ষিণ আফ্রিকার মাত্র ৫ রান দরকার, সেখানে ওই ম্যাচে প্রথমবারের মতো ভারতের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন শচীন টেন্ডুলকারের হাতে বল তুলে দেন। শচীন নিজের একমাত্র ও ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারটি করে হতাশ করেননি অধিনায়ককে। বল করে তিনি খরচ করেন মাত্র ৩ রান। ওই ম্যাচটি ভারত জিতে যায় ২ রানে।অকল্যান্ডে তোলা ঝড়: ১৯৯৪ ১৯৯৪ সালে ভারতের নিউজিল্যান্ড সফরের এ ম্যাচটিতেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে অভিষেক হয় শচীন টেন্ডুলকারের। ম্যাচটিতে অবশ্য আগে ব্যাট করে নিউজিল্যান্ড গুটিয়ে গিয়েছিল ১৪২ রানেই। শচীন ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে মাত্র ৪৯ বলে ৮২ রানের এক ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কিউইদের লক্ষ্য ওই দানবিক ব্যাটিংয়ে ভারত টপকে যায় মাত্র ২৩.২ ওভারেই। শচীন টেন্ডুলকারের পথচলা শুরু হয় ওপেনার হিসেবে।বিশ্বকাপ সেমিফাইনাল: ১৯৯৬কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সেই সেমিফাইনাল ম্যাচটি শেষপর্যন্ত ‘শেষ’ হয়নি। দর্শক হাঙ্গামায় পণ্ড হয়ে যাওয়া ওই ম্যাচে অবশ্য শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শচীন টেন্ডুলকারের ব্যাটিংয়ে একটা সময় পর্যন্ত বেশ ভালোমতোই ম্যাচে ছিল ভারত। শচীন ৮৮ বলে ৬৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে স্টাম্পড হয়ে যান। শচীন ফিরে যাওয়ার পরপরই ম্যাচের পরিস্থিতি পাল্টে যায় নাটকীয়ভাবে। শচীন যে উইকেটে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে যাচ্ছিলেন, সেই উইকেটেই ভারতের অন্যান্য ব্যাটসম্যান আসা-যাওয়ার মিছিল শুরু করেন। ব্যাটসম্যানদের সেই নিদারুণ ব্যর্থতায় ধৈর্য হারিয়ে বসেন ইডেনের দর্শকেরা। শুরু হয় হাঙ্গামা। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড।শারজায় তুরন্ত ফর্মে: ১৯৯৮তখন শচীন সদ্যই পেরিয়েছেন ২৫ বছরের কোটা। ক্রিকেট জীবনের শ্রেষ্ঠ সময়টা শচীন কাটাচ্ছিলেন তখনই। শারজায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সেঞ্চুরি করে তিনি নজর কেড়েছিলেন স্বয়ং ডন ব্র্যাডম্যানের। ওই দুটো সেঞ্চুরির পর শচীনের ব্যাটিং দেখে ব্র্যাডম্যানও বলতে বাধ্য হয়েছিলেন, ‘ছেলেটি একদম আমার মতোই খেলে।’ ওই সিরিজে শেন ওয়ার্নকে বোলার্স ব্যাকড্রাইভ করে দুর্ধর্ষ এক ছক্কা মারার পর আকাশের দিকে চেয়ে ওয়ার্নের অসহায় সেই অভিব্যক্তি শচীন টেন্ডুলকারের ব্যাটিং তাণ্ডবেরই প্রমাণ হয়ে আছে।আবেগের সেই সেঞ্চুরি: ১৯৯৯১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের শুরুতেই শচীন টেন্ডুলকারের বাবা পরলোকগমন করেন। শচীনের চিরকালীন আদর্শ ছিলেন তাঁর বাবা। বাবাকে শেষ বিদায় জানাতে তিনি ফিরে আসেন দেশে। বাবার শেষকৃত্য সেরে আবার দলের সঙ্গে যোগ দিয়েই কেনিয়াকে ছত্রখান করে দেন এক অবিস্মরণীয় ও আবেগঘন সেঞ্চুরি করে। ওই ম্যাচে সেঞ্চুরি করেই শচীন টেন্ডুলকার হেলমেট খুলে প্রথম আকাশের দিকে তাকিয়ে বাবাকে খুঁজেছিলেন। এক অসাধারণ মুহূর্ত ছিল সেটি।সেঞ্চুরিয়ানে পাকিস্তান-বধ: ২০০৩২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বহুল আলোচিত ওই ম্যাচে প্রথমে ব্যাট করে সাঈদ আনোয়ারের সেঞ্চুরিতে পাকিস্তান ২৭০-এর বেশি রান তুলেছিল। কিন্তু ভারত শচীন টেন্ডুলকারের অসাধারণ মারকুটে এক ইনিংসের সুবাদে পাকিস্তানকে উড়িয়ে দিয়েই জিতেছিল ম্যাচটি। শচীন ৭৫ বলে ৯৮ রান করে আউট হন শোয়েব আকতারের বলে। শচীন টেন্ডুলকারের অসংখ্য ভালো ইনিংসের মধ্যে সেঞ্চুরিয়ানের ওই ইনিংসটি ওপরের দিকেই স্থান পাবে।গোয়ালিওরের ডাবল: ২০১০ক্রিকেটের সব রেকর্ডই তিনি ছুঁয়েছেন। অনেকেই অপেক্ষায় ছিলেন একদিনের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির খাতাতেও নাম লেখাবেন শচীন টেন্ডুলকার। আশাবাদীদের হতাশ করেননি তিনি। ২০১০ সালে ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে এসে দেশের মাটিতে (গোয়ালিওর) খেলে ফেললেন এক অবিস্মরণীয় ইনিংস। প্রতিপক্ষও সেই ম্যাচে যেমন-তেমন ছিল না। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণকে ‘গলির পর্যায়ে’ নামিয়ে এনে ১৪৭ বলে খেললেন অপরাজিত ২০০ রানের এক ইনিংস। ক্রিকেট ইতিহাসে একদিনের ম্যাচে প্রথম দ্বিশতকের মালিক বনে গেলেন এই রেকর্ডের বরপুত্র।বিশ্বকাপ জয়: ২০১১ভারতকে বিশ্বকাপ এনে দিয়ে আসলে শচীন টেন্ডুলকার পরিপূর্ণতা দিয়েছেন নিজের কিংবদন্তিতুল্য ক্যারিয়ারকে। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩. ২০০৭ এবং ২০১১—ছয়টি বিশ্বকাপ খেলে জীবনের শেষ বিশ্বকাপে এসে তিনি দেখা পান এই সাফল্যের। ২৮ বছর পর ভারতের বিশ্বকাপ জয়ে তিনি রাখেন অসাধারণ অবদান। নিজের ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি এসে যায় শচীন টেন্ডুলকারের জীবনে।