‘ম্যাজিক স্কোরেও’ কাজ হলো না
২৬০... প্রথম ম্যাচের পর থেকেই সংখ্যাটা আলোচনায়। তামিম ইকবাল বলেছিলেন, ২৬০ করতে পারলেই কাজ হয়ে যেত। ২৬০ রান এই উইকেটে খুব ভালো একটা স্কোর বলেছিলেন অ্যালিস্টার কুকও। পরদিন গ্রায়েম সোয়ান বলেছিলেন ২৫০-৬০ হলেই জেতা যায়। সব দেখেশুনে মনে হচ্ছিল ‘২৬০’ একটা ম্যাজিক স্কোর। পেলেই হয়ে যাবে। কিন্তু হলো কোথায়? সেই তো একটুর জন্য আফসোস, এটা করলেই হতো, ওটা করলেই হতো—এই নিয়ে আলোচনা, আরও একবার কাছে গিয়েও স্বপ্নভঙ্গের বেদনা।সাকিব আল হাসান যা বললেন তাতে বাংলাদেশ সামর্থ্যের সবটুকুই দিয়েছে। তার পরও পারেনি একটি অসাধারণ ইনিংস, আর মাঠের যাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত তাঁদের কয়েকটি ভুলে, ‘মরগান খুব ভালো খেলছে। আমার ধারণা, আমরা যতটুকু ভালো বোলিং করতে পারতাম, করেছি। হ্যাঁ, দু-একটা সুযোগ মিস করেছি। কিন্তু তার পরও আম্পায়াররা ধারাবাহিক (কনসিসট্যান্ট) থাকলে আমরা ম্যাচটা বের করতে পারতাম। দু-তিনটা ক্লোজ কল ছিল, বিশেষ করে মরগানের বিপক্ষে। তবে এটা খেলারই অংশ, আমাদের মেনে নিতেই হবে।’ সাকিবের কথা ফেলে দেওয়ার মতো নয়। অসাধারণ একটা ইনিংস মরগান খেলেছেন সন্দেহ নেই, কিন্তু আম্পায়ারের বদান্যতা না পেলে তো থেমে যেতে হতো অনেক আগেই। মাত্র ১৩ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন রড টাকারের কথা নাহয় বাদই দেওয়া গেল, কিন্তু ৩৪ ম্যাচে দায়িত্ব পালন করা নাদির শাহই বা কী করলেন! ‘দেশপ্রেমিক’ হতে কেউ বলেনি, কিন্তু প্রাপ্যটা তো অন্তত দিতে হবে!মরগানের ইনিংস, আম্পায়ারদের ভুল বা সামর্থ্যের সবটুকু ঢেলে দেওয়া—সবকিছুই হয়তো ঠিক আছে। কিন্তু দিনশেষে হিসাব মেলাতে গেলে কয়েকটি প্রশ্ন উঁকি দেবেই—স্পিন সহায়ক উইকেট বানানো হলো, দলে প্রথম সারির স্পিনারই পাঁচজন, কিন্তু রসদের সদ্ব্যবহার কি বাংলাদেশ করতে পেরেছে? আট উইকেটের সাতটিই যেখানে নিয়েছেন স্পিনাররা, রানও দিয়েছেন কম, শেষ পাওয়ার প্লেতে শফিউলের হাতে বল না দিয়ে কি মাহমুদউল্লাহ-নাঈমকে আনা যেত না? ‘রিয়াদ ভাই, নাঈম ভাই—কেউই পাওয়ার প্লেতে কখনো বোলিং করেন না। প্রথম পাওয়ার প্লে আর শেষ পাওয়ার প্লে পুরোপুরি আলাদা। শফিউল আর রুবেলকে আমরা পাওয়ার প্লেতেই বোলিং করাই, বিশেষ করে হোম কন্ডিশনে। ভালো করলেও ওরা, খারাপ করলেও ওরা’—সাকিবের উত্তর শুনে মনে হলো, যেন মুখস্থ চিত্রনাট্যই অনুসরণ করেছেন তিনি। পরিস্থিতির দাবি বলেও তো একটা কথা আছে। তা ছাড়া দুজনেই ডান হাতি অফস্পিনার, আর ব্যাটিংয়ে দুই বাঁহাতি, মাহমুদউল্লাহর ২৩ বলে মাত্র ১৩ রান নিয়েছেন মরগান, তিনি তো অটোমেটিক চয়েস হওয়ার কথা।এমন নয় যে স্পিন আনলেই নিশ্চিতভাবে জিতে যেত বাংলাদেশ। কিন্তু ম্যাচের গতি-প্রকৃতি, পরিস্থিতি—সবকিছু দাবি করছিল স্পিনই। জয় এনে দেওয়া ছক্কাটির আগে প্রথম ছয়টিও মরগান মেরেছিলেন শফিউলের বলে, সব মিলিয়ে এই পেসারের ১৩ বলে নিয়েছেন ২৯ রান, ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয়ে গেছে তো এখানেই। শেষদিকে স্পিনার না আনায় অবাক মরগানও, ‘সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি। ভেবেছিলাম, ওরা স্পিনার দিয়েই ইনিংস শেষ করবে।’ একজন ব্যাটসম্যান বসিয়ে খেলানো হলো বাড়তি স্পিনার, অথচ সেই সোহরাওয়ার্দী শুভ কিনা বোলিং করলেন মাত্র তিন ওভার! অধিনায়কের দাবি, ‘আজকে দরকার হয়নি ওর বোলিং, অন্যদিন হয়তো ১০ ওভার, ১৫ ওভারও দরকার হতে পারে!’ পেস বোলারদের দুঃসময় দেখে স্বাভাবিকভাবেই এসেছে মাশরাফি প্রসঙ্গ। ‘ইনজুরির আগে উনি (মাশরাফি) যেভাবে বোলিং করছিলেন, সেটা হলে হয়তো হতো। কিন্তু গত ম্যাচে যেভাবে বোলিং করেছেন, আমার মনে হয় না বেশি কিছু আশা করা যেত’—সাকিবের উত্তর।বরাবরের মতোই পরাজয়ে খুঁজে পাওয়া গেছে অনেক ইতিবাচক দিক, জয়ের গন্ধ পেয়ে দলের মনোবল বেড়ে গেছে বলেও জানালেন সাকিব। অধিনায়ক কিন্তু বলেননি আসল কথাটাই, সিরিজ শুরুর আগে লক্ষ্য ছিল অন্তত একটা জয়, সেই সুযোগ কিন্তু এখনো আছে!