'ম্যান সিটিকে অবাক করে দিয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বয়সভিত্তিক পর্যায়ে ভালো করছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। মালয়েশিয়ার সুপার মক কাপের প্লেট বিভাগে যেমন টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো। পরশু রাতে ঢাকায় ফিরে এ নিয়ে কথা বললেন বাংলাদেশ দলের কোচ পারভেজ বাবু
পারভেজ বাবু
পারভেজ বাবু

* গতবার অনূর্ধ্ব-১২ প্লেট বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কোচ ছিলেন আপনি। এবারও আপনার অধীনেই অনূর্ধ্ব-১৪ বিভাগে প্লেটে সেরা বাংলাদেশ। এই সাফল্যকে কীভাবে দেখছেন?
পারভেজ বাবু: এই বয়সে ছেলেরা যে অভিজ্ঞতা পেল, এটি অনেক বড় প্রাপ্তি। শক্ত প্রতিপক্ষকে হারিয়েই এরা প্লেটে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমি বলব, ছেলেদের মধ্যে সম্ভাবনা আছে।
* সম্ভাবনার কথা সবাই বলেন। কিন্তু পরিচর্যার অভাবে এই ছেলেরাই হারিয়ে যায়। কাজেই খুব কি উচ্ছ্বসিত হওয়া যায় এই ছেলেদের নিয়ে?
পারভেজ: হারিয়ে যাওয়ার অনেক কারণ আছে। খেলোয়াড়দের ব্যক্তিগত আগ্রহ কমে যায়, অনেক সময় অনুকূল পরিবেশ পায় না। এখন অামাদের উচিত হবে, এই ছেলেদের লম্বা সময়ের জন্য প্রশিক্ষণে রাখা। সেটা রাখা গেলে ভবিষ্যৎ অবশ্যই ভালো।
* অনেকে আসলে এই টুর্নামেন্টগুলোর সাফল্যকে বড় করে দেখেন না। একসময় বয়সভিত্তিক ডানা গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বিকেএসপি। কিন্তু এরপর তো আর ঝলক নেই...
পারভেজ: সেটা ঠিক। কিন্তু এই পর্যায়ের সাফল্যটা আমাদের নতুন করে অনুপ্রাণিত করে। এবার যেমন গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে অবাক করে দিয়েছি আমরা, ওই একাডেমির অনূর্ধ্ব-১৪ দলকে আমাদের ছেলেরা হারিয়েছে। আমাদের কাছে হেরে ওরা একটু অবাক হয়েছিল। কোচ বলেছিল, তোমরা এত ভালো খেলো!
* বাংলাদেশ তো গতবার ব্রাজিলের করিন্থিয়ানসকে হারিয়ে দিয়েছিল!
পারভেজ: হ্যাঁ, ওটাও আমাদের মধুর একটা স্মৃতি। কোরিয়া, জাপানের টিম আমাদের কাছে হেরেছে। জাপানের কুগার্স দলটির কাছে প্রথম ম্যাচে আমরা হেরেছি এক গোলে। শেষ পর্যন্ত ওই দলই চ্যাম্পিয়ন হয়েছে। এসবই ভালো লক্ষণ আমাদের জন্য।
* কিন্তু আপনারা তো গিয়েছিলেন মূল পর্ব, অর্থাৎ কাপে খেলতে। সেই লক্ষ্যটা তো পূরণ হয়নি।
পারভেজ: কাপে খেলার চেষ্টা ছিল আমাদের। কিন্তু হলো না, কী আর করার আছে। তবে প্লেটে চ্যাম্পিয়ন হওয়াও কম নয়।
* মালয়েশিয়ায় বিখ্যাত ফুটবলার মকের নামে এটি হয়ে আসছে। টুর্নামেন্টটা আয়োজনের দিক থেকে আসলে কেমন?
পারভেজ: এককথায় দারুণ আয়োজন। ১২০টি দেশ খেলার জন্য আবেদন করেছিল। মালয়েশিয়ার ফেডারেশন ২২টি দলকে সুযোগ দেয়। অনূর্ধ্ব-১২ বা ১৪ যেকোনো একটি বিভাগে দল পাঠাতে বলেছিল তারা। আমরা এবার অনূর্ধ্ব-১৪ বিভাগে খেলেছি। ২০ লাখ রিঙ্গিত, অর্থাৎ ৪ কোটি টাকা বাজেট এই টুর্নামেন্টে। মালয়েশিয়ায় স্থানীয় দল ছিল ছয়টি।
* ওখানে অন্য দেশগুলো বাংলাদেশ সম্পর্কে কী বলল? বাংলাদেশ সম্পর্কে অন্যদের ধারণাই-বা কেমন?
পারভেজ: বাংলাদেশের ব্যাপারে খুব যে ধারণা রাখে, তা নয়। টুকটাক জানে। তবে বাংলাদেশকে সম্মান করে। এটাই আমাদের ভালো লেগেছে। কথা বলে জানলাম, সবাই অন্তত ছয় মাস প্রস্তুতি নিয়ে আসে। জাপানের যে দলটির কাছে প্রথমে হেরেছি, খুবই স্কিলড প্লেয়ার ওরা। এদের মনে হলো বড়দের মতো খেলছে।