‘ম্যানইউ রিয়ালেরই সমকক্ষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগ শিরোপা জিতে আরও একবার নিজেদের ফুটবল বিশ্বের সেরা দল হিসেবে প্রমাণ করেছে বার্সেলোনা। এবার ইউরোপসেরার লড়াইয়ে তারা মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পর এখন বার্সেলোনাকেই ফেবারিট হিসেবে বিবেচনা করছেন অনেকে। তবে ম্যানইউও খুব শক্ত প্রতিপক্ষ বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন বার্সা কোচ পেপ গার্দিওলা। ম্যানইউকেও রিয়াল মাদ্রিদের সমকক্ষ বলে মন্তব্য করেছেন তিনি।২৮ মে ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৯ সালে মেসির গোলে ম্যানইউকে হারিয়েই শিরোপা জয়ের স্বাদ নিয়েছিল বার্সা। এবারও নিশ্চিতভাবে সেটার পুনরাবৃত্তিই আশা করবে কাতালানরা। তবে সেই কাজটা মোটেও সহজ নয় বলে স্বীকার করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড খুবই শক্তিশালী দল। তারা রিয়াল মাদ্রিদের সম পর্যায়েরই। তারা মাঠে অনেক পরিশ্রম করে খেলে এবং তাদের হারানোটা খুবই কঠিন।’ম্যানচেস্টারের বিপজ্জনক পাল্টা আক্রমণের ধরন সম্পর্কেও বেশ ভালোমতোই জানেন গার্দিওলা। সে সম্পর্কেও শিষ্যদের সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আমাদের খুবই সতর্ক থাকতে হবে। কারণ তারা আচমকা পাল্টা আক্রমণ থেকে গোল করে বসে।’ ইএসপিএন।