বিভিন্ন মেয়াদে আট বছর দায়িত্ব পালন করে জাতীয় দলের ম্যানেজার পরিচয়টাই বড় হয়ে উঠেছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হকের জন্য। ম্যানেজার হিসেবে তাঁর সর্বশেষ দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। বিদায়ের আগে জাতীয় দলের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে এটাই আপনার শেষ সিরিজ। দায়িত্ব পালনের সময়টা কেমন কাটল?শফিকুল হক: ম্যানেজারের কাজটা আমি খুব উপভোগ করেছি। ছেলেরাও ধাপে ধাপে ভালো করছে। এখন আমরা প্রতিটি টেস্টই পাঁচ দিনে নিতে পারছি। ছোট ছোট কিছু ভুল আছে, সেগুলো কাটিয়ে উঠতে পারলে আমার মনে হয় তারা আরও ভালো করবে। তবে একটা ব্যাপার বলব...দলে ভালো ফাস্ট বোলারের অভাব আছে। আপনি তো কয়েক ভাগে অনেকবারই ম্যানেজার ছিলেন। সব মিলিয়ে সময়টা কত দিন?শফিকুল: সব মিলিয়ে আমি আট বছর ম্যানেজার ছিলাম। ১৯৮৮ সালে সাউথ-ইস্ট এশিয়ান টুর্নামন্টে ম্যানেজার ছিলাম, সেটা আমরা জিতেছি। এর পর ১৯৯০ সালে অস্ট্রেলেশিয়া কাপে ম্যানেজার হিসেবে যাই। এর পর আবার আসি ২০০২ সালে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে।্রআবার ২০০৬ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ এবং কেনিয়া সফর। এরপর তো চুক্তিভিত্তিক এই দুই বছর। জাতীয় দলের ম্যানেজার হিসেবে আপনার সবচেয়ে সুখের মুহূর্ত কোনটা?শফিকুল: সুখের সময় বলব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতাটাকে। এরপর জিম্বাবুয়ে সফরও, একই সঙ্গে এতগুলো ম্যাচ জেতা অবশ্যই বড় অর্জন। দায়িত্ব পালনের সময় কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন?শফিকুল: লজিস্টিকাল টুকটাক সমস্যা হয়তো ছিল। তবে টিম ম্যানেজমেন্ট আমাকে সব সময় সমর্থন দিয়ে গেছে। সফরে লাগেজ-টাগেজ তো অনেক হয়। এসব ক্ষেত্রে গ্রান্ট (ট্রেনার গ্রান্ট লুডেন), সুজন (সহকারী কোচ খালেদ মাহমুদ), সালাউদ্দিন (ফিল্ডিং কোচ), নাসু (কম্পিউটার এনালিস্ট নাসির আহমেদ) সব সময়ই আমাকে সাহায্য করেছে। জাতীয় দলের শৃঙ্খলা নিয়ে মাঝেমধ্যে কিছু কথা শোনা যায়। ম্যানেজার হিসেবে এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কী?শফিকুল: শৃঙ্খলার দিক দিয়ে আমাদের দল খুবই ভালো। আমি বলব, বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ দল। ওদের একটাই সমস্যা, মাঝেমধ্যে ভাত খেতে চায়। তবে ওটা তো মেনে নিতেই হবে। দলে ম্যানেজারের ভূমিকাটা আসলে কী?শফিকুল: ম্যানেজারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, তাকে খুব ভালো ইংরেজি জানতে হবে। দ্বিতীয়ত, ক্রিকেটের আইনগুলো জানা থাকতে হবে। আজকাল ম্যানেজারের কাজের পরিধি অনেক বেড়ে গেছে। প্রতিটি সিরিজের আগে ম্যাচ রেফারি আর আম্পায়ারদের সঙ্গে একটা মিটিং হয়। ক্রিকেটের আইন জানা না থাকলে সেসব মিটিংয়ে কথা বলা কঠিন। যতদূর জানি বিসিবি ম্যানেজারের কাজে কিছু পরিবর্তন আনতে চায়। হয়তো হাইপ্রোফাইল কোনো ম্যানেজার না নিয়ে আনুষঙ্গিক কাজগুলোর জন্য কাউকে নেওয়া হবে। আপনি কি মনে করেন এই চিন্তাটা ঠিক আছে?শফিকুল: আমার মনে হয়, ম্যানেজার হিসেবে সিনিয়র কাউকেই রাখা উচিত। কারণ আমাদের দলের গড় বয়স ২৩ বছর। সে কারণেই অভিভাবকের মতো কারও থাকা উচিত। আর ম্যানেজারের ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকতে হবে। যিনি খেলোয়াড়দের ভালো সময়, খারাপ সময় দুটোই বুঝতে পারবে। ওদের ওই ভাবেই চালাবে। যখন কড়াকড়ি দরকার তখন কড়াকড়ি করবে, যখন একটু ছাড় দেওয়া দরকার তখন ছাড় দেবে। খেলোয়াড়দের প্রয়োজন জানাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এত দিন ম্যানেজার থাকার পর বিশ্বকাপের আগেই বিদায় নিচ্ছেন। একটু কি হতাশ?শফিকুল: এটা বোর্ডের সিদ্ধান্ত, আমি তো কিছু বলতে পারি না। তবে ওনারা নাকি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে কোথাও ব্যবহার করবেন। যদিও এ ব্যাপারে বোর্ড এখনো আমার সঙ্গে কোনো কথা বলেনি। আপনার নিজের ইচ্ছা কী? ভবিষ্যতে কী করবেন?শফিকুল: আমার তো এখন বয়স হয়ে গেছে...৬৬ বছর। আমার কোনো আর্থিক সংকট নেই। তারপরও বোর্ড আমাকে ব্যবহার করতে চাইলে আমি সব সময়ই তাদের সঙ্গে আছি। এমনকি ম্যানেজার হিসেবে চাইলেও আছি।