
আবেল আগিলারের হেডে উড়ে আসা বল নামালেন তিনি বুক দিয়ে। চোখের পলকে ব্যালে ড্যান্সারের মতো মোহনীয় মোচড়, বল মাটি ছোঁয়ার আগে বাঁ পায়ের রকেটগতির ভলি। ঘিরে থাকা প্রতিপক্ষের পাঁচ ফুটবলার হতভম্ব, উড়ন্ত গোলকিপারের হাতে চুম দিয়ে ডান কোনা দিয়ে বল জালে। ধারাভাষ্যকারের চিৎকার, মারাকানার হলুদসমুদ্রে গর্জন, টিভি পর্দার সামনে শতকোটি বিস্ময়াভূত চোখ, অসংখ্য ঝুলে পড়া চোয়াল। জেমস রদ্রিগেজের বিস্ময় গোল!
ম্যাচটির আবহ সংগীত ছিল, ‘সেরা তারকাকে হারানো দুই লাতিন দলের লড়াই।’ কলম্বিয়া বিশ্বকাপের আগেই হারিয়েছে রাদামেল ফ্যালকাওকে, উরুগুয়ে বিশ্বকাপের মাঝে লুইস সুয়ারেজকে। কিন্তু ম্যাচ যত এগোতে থাকল, আবহ সংগীতের বিরহের সুর হারিয়ে গেল যেন আনন্দসংগীতের ঝংকারে। না থাকাদের নিয়ে হাহাকার মুছে গেল এক লাতিন ফুলের আরেকটু প্রস্ফুটিত রূপে, তার সৌরভে। সম্ভাবনাময় ভবিষ্যৎ নয়, রদ্রিগেজ এখন বিস্ময়কর বর্তমান!
বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন তিনি সেই শুরুর দিনটি থেকেই। ফুটবল-পাগল কলম্বিয়ানদের প্রত্যাশার ঝাঁপি মাথায় নিয়ে এসেছিলেন বিশ্বকাপে। প্রথম বড় মঞ্চে সেই ঝাঁপির ভারে তো নুয়ে পড়েনইনি, উল্টো ছাড়িয়ে গেছেন প্রত্যাশাকেও। কিংবা প্রতিদিন বাড়িয়ে যাচ্ছেন প্রত্যাশার সীমানা! প্রথম রাউন্ডের তিন ম্যাচে ৩ গোল, তিনটি গোলে সহায়তা। দুবার ম্যান অব দ্য ম্যাচ, আরেক ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই যেমন খেলেছেন তাতে হতে পারতেন ম্যাচসেরা। তবু যেন ঠিক প্রাপ্যটা পাচ্ছিলেন না। পাদপ্রদীপের আলোয় এসেিছলেন বটে, কিন্তু সেই আলো যেন মেসি-নেইমার-মুলারদের তুলনায় ছিল খানিকটা ম্লান। পরশু তাই জাদুর ঝুলি থেকে বের করলেন নতুন বিস্ময়। অসাধারণ সেই প্রথম গোলের পর দ্বিতীয় গোলও তাঁর পা থেকে। ৫ গোল নিয়ে সবাইকে ছাড়িয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে, গোল্ডেন বলের দৌড়ের সবার আগে। আর দেশকে পৌঁছে দিয়েছেন স্বপ্নের ঠিকানায়, প্রথমবার কোয়ার্টার ফাইনাল!

এমনই জাদুকরি পারফরম্যান্স যে প্রতিপক্ষ কোচ অস্কার তাবারেজ হারের যন্ত্রণা ক্ষণিকের জন্য ভুলে জানাচ্ছেন মুগ্ধতার কথা, ‘স্পেশাল প্রতিভা আমি তাদেরই বলি, যারা সবার কল্পনার বাইরে অভাবনীয় কিছু করে ফেলে। ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, সুয়ারেজ, জেমস রদ্রিগেজ...ওরাই পারে অমন কিছু করতে। নির্দিষ্ট কিছু ক্ষমতাই ওদের স্পেশাল করে তুলেছে। আমার মতে জেমসই এই বিশ্বকাপের সেরা ফুটবলার। মোটেও বাড়িয়ে বলছি না। ওকে আটকানোর সব চেষ্টাই আমরা করেছি, ও ঠিকই পথ বের করে ফেলেছে। বয়স এখনো অনেক অনেক, আশা করি এভাবেই এগিয়ে যাবে। ওর মতো প্রতিভাকে ফুটবলের প্রয়োজন।’
ম্যারাডোনার সঙ্গে তুলনাটাই এ মুহূর্তে মনে হয় সবচেয়ে মানানসই। ছিয়াশির ম্যারাডোনার মতোই প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রদ্রিগেজ, বয়ে চলেছেন দলের ভার, খেলাচ্ছেন গোটা দলকে! চারপাশে রদ্রিগেজ-স্তুতির বন্যা দেখে হয়তো মুচকি হাসছিলেন হোসে পেকারম্যান। তিনি তো কবে থেকেই বলে আসছেন এসব! কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ মনে করিয়ে দিলেন পরশুও, ‘ফুটবলে দীর্ঘ পথচলায় অনেক অনন্যসাধারণ প্রতিভা আমি দেখেছি। দেখেছি দুর্দান্ত টেকনিক্যাল সামর্থ্যের ফুটবলার। জেমস সেই পর্যায়ের বলেই ওকে ঘিরে আমার দল আর পরিকল্পনা সাজাই। আমার কোনো সন্দেহই ছিল না যে এই বিশ্বকাপ হবে রদ্রিগেজের।’ তবে একটা জায়গায় রদ্রিগেজ চমকে দিয়েছেন পেকারম্যানকেও, ‘আমার অবাক লেগেছে, এই ২২ বছর বয়সে জেমস যেভাবে সব দায়িত্ব হাসিমুখে দারুণভাবে পালন করছে। অনেক ফুটবলার ৩০ পেরিয়েও এতটা পারে না।’
ম্যাচ শুরুর অনেক আগে থেকেই মারাকানার গ্যালারি কাঁপিয়েছে ‘জেমস, জেমস’ গর্জন। ছিল ম্যাচজুড়েই। শেষে মিনিট পাঁচেক আগে যখন বেরিয়ে আসছেন মাঠ থেকে, কলম্বিয়ান-উরুগুইয়ান ভুলে দাঁড়িয়ে তখন পুরো মারাকানা। কুর্নিশ জানাচ্ছে আসলে পুরো ফুটবল-বিশ্বই! তথ্যসূত্র: ফিফাডটকম, ইয়াহু স্পোর্টস, ইএসপিএন।
রদ্রিগেজনামা
নিজের প্রথম বিশ্বকাপে প্রথম ৪ ম্যাচেই গোল করলেন রদ্রিগেজ, সর্বশেষ করেছিলেন ১৯৯৮ বিশ্বকাপে ইতালির ক্রিশ্চিয়ান ভিয়েরি।
চার ম্যাচে ৫ গোল করলেন রদ্রিগেজ। এর আগে বিশ্বকাপে একাধিক গোল করা একমাত্র কলম্বিয়ান ছিলেন আদোলফো ভ্যালেন্সিয়া।
পাঁচ গোলের তিনটি বাঁ পায়ে, একটি ডান পায়ে, একটি হেডে!
চার ম্যাচে তিনবার ম্যাচসেরা হলেন রদ্রিগেজ, বাকি ম্যাচটিতে খেলেছেন এক অর্ধ।