‘ম্যারাডোনা অসাধারণ একজন’
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ডিয়েগো ম্যারাডোনার সেই সতীর্থ ম্যারাডোনারই বদলি হিসেবে এখন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ। নিজের, আর্জেন্টিনার ফুটবল ও ম্যারাডোনা সম্পর্কে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন সেই সার্জিও বাতিস্তা আপনাকে দেখে যেমন মনে হয়, আপনি কি সব সময় এমন অলস প্রকৃতির মানুষ?সার্জিও বাতিস্তা: না। আগে আমি বেশ ডাকাবুকো ধরনের ছিলাম। কোনো কিছু আমার পছন্দ না হলে মুখের ওপর বলে দিতাম। এখন আমি অনেক ভেবে দেখতে শিখেছি, অনেক শান্ত হয়েছি। বুঝেছি, ফুটবল জীবন-মরণ ব্যাপার নয়। এটা গৌণ বিষয়। জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার আছে। ফুটবল স্রেফ একটা খেলা। আজ খেলাটার সঙ্গে আছি, কাল হয়তো থাকব না। ফলে যা কিছু ঘটে তাকেই স্বাগত জানানো উচিত। এই যে শান্ত জীবনের সন্ধান করা এবং আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়া—দুটি বিষয় কি পরস্পরবিরোধী নয়?বাতিস্তা: দেখুন, একটা পুরো জাতির মুখে হাসি ফোটানোর সুযোগ পেয়েছি আমি। আর এখন কাজটা উপভোগ করছি। আমি জানি, এই দায়িত্বে আমার দায়বদ্ধতা কতখানি। আমি জানি, নতুন এই সর্বগ্রাসী চাপে সবকিছু বদলে যাবে। তার পরও বলি—এটা স্রেফ একটা খেলা। অন্তর্বর্তীকালীন কোচরা আপনার মতো করে সাধারণত স্থায়ী হওয়ার বাসনা জানান না। প্রচলিত পথে চুপচাপ থাকা ভালো ছিল না?বাতিস্তা: আমি জানি, আমি অন্তর্বর্তীকালীন কোচ। কিন্তু আমি আর্জেন্টিনার কোচ হতে চাই। মনে করি, এই কাজের যোগ্য। যেদিন থেকে কোচিং শুরু করেছি, এই সুযোগটা পাওয়ার জন্য কাজ করে গেছি। খেলোয়াড়েরা প্রকাশ্যে আপনাকে সমর্থন দিচ্ছে, এটা কেমন লাগছে?বাতিস্তা: আমি এ জন্য ওদের প্রতি কৃতজ্ঞ। মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় যে এভাবে কথা বলেছে, ব্যক্তিগতভাবে এটা আমার জন্য বিরাট আনন্দের ব্যাপার। এতসব তারকা খেলোয়াড়কে সামলানো কতটা কঠিন?বাতিস্তা: খুবই কঠিন। দেখুন, দলে ঝামেলা বাধানো খুব ভালো খেলোয়াড়ের চেয়ে দলে ভালো মানুষের উপস্থিতি অনেক জরুরি। অবশ্য এখন পর্যন্ত ছেলেরা কেউ কোনো রকম সমস্যা তৈরি করেনি। তারকাদের প্রসঙ্গে বলা যাক, হুয়ান রোমান রিকেলমের দরজাটা কি আবার খুলবে?বাতিস্তা: সে জাতীয় দলের খেলোয়াড়। জাতীয় দলকে এবং তরুণদের দেওয়ার মতো অনেক কিছু রয়ে গেছে ওর মধ্যে। ও সব সময় যেমন সুযোগ পেয়েছে, ফিট হলেই আবার তেমন সুযোগ পাবে। রিকেলমের ব্যক্তিত্ব নিয়ে অনেক কথা শোনা যায়। আপনার কী মনে হয়?বাতিস্তা: ও আসলে এমন একজন মানুষ, যার ব্যক্তিত্বটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। খুব বেশি কথা বলে না। লোকটা খুবই দৃঢ় চরিত্রসম্পন্ন। স্পেনের বিপক্ষে হাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসো, আন্দ্রেস ডি’আলেসান্দো, গ্যাব্রিয়েল মিলিতোর মতো খেলোয়াড়দের একসঙ্গে ডাকার কারণ কী?বাতিস্তা: অভিজ্ঞতা। এটা ঠিক, আমরা ২০১৪ সালের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছি। এর মানে এই নয়, তরুণদের সরাসরি মূল মঞ্চে ছুড়ে দেওয়া হবে। অভিজ্ঞতা আর তারুণ্য মিশিয়েই দল তৈরি করতে হয়। স্পেনকে হারাতে পারবেন?বাতিস্তা: আমি তো তাই মনে করি। আমি ওদের শ্রদ্ধা করি। ওদের খেলার স্টাইলটা ভালো লাগে। তবে আমাদের হাতে এমন অসাধারণ যোগ্যতাসম্পন্ন ও দুর্দান্ত কিছু ফুটবলার আছে যে, আমরা জয়ের আশা করতেই পারি। আপনি বার্সেলোনাকে অনুসরণ করেন বলে আপনার সমালোচনা হয়...বাতিস্তা: ধারণাটা আসলে ভুল। আমি জাতীয় দলকে ক্লাবের সঙ্গে তুলনা করি না। বার্সেলোনা যেভাবে খেলে, সেটা আমি পছন্দ করি। আমি টানা আটটা পাস দেখতে চাই। একবার বলেছিলেন, ম্যারাডোনা যত বড় খেলোয়াড়, এর চেয়েও ভালো মানুষ। কী বোঝাতে চেয়েছিলেন?বাতিস্তা: আমি সব সময় বলি, ম্যারাডোনা অসাধারণ একজন মানুষ। প্রতিটি মানুষের মতো ওরও ভুল থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে অসাধারণ। ওর সঙ্গে অনেক অনেক দিনের সম্পর্ক আমার। আমার জন্য ও কী কী করেছে সব আমার মনে আছে। আমি তাদেরই ভালো লোক বলি, যারা কারও দুঃসময়ে কোনো প্রতিদানের আশা না করে পাশে দাঁড়ায়। আমার খারাপ সময়ে ও সব সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। তাঁর সঙ্গে সম্প্রতি কথা হয়েছে?বাতিস্তা: ফোন করেছিলাম। কিন্তু ওকে ধরতে পারিনি। আমি বুঝি, ওর হয়তো এখন মনটা ভালো নেই। অথবা হয়তো এখন কারও সঙ্গে কথাই বলতে চাইছে না। ওর সময়টা নিশ্চয়ই কঠিন যাচ্ছে। আমি শুধু জানতে চেয়েছিলাম, ও এখন কেমন আছে। কারণ জার্মানির বিপক্ষে ম্যাচের পর ওকে বড় বিমর্ষ লাগছিল। আমি আসলে মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতে চাই। ২০১১ সালের জুলাইয়ে নিজেকে কোথায় দেখতে চান?বাতিস্তা: কোপা আমেরিকায় সিনিয়র দলের ডাগ-আউটে। আমি তো জুলাই ২০১৪ সাল পর্যন্ত নিজেকে ওখানে দেখার জন্য কাজ করছি। আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার লক্ষ্য কোপা আমেরিকা ও বিশ্বকাপে নিজেকে যুক্ত রাখা।তথ্যসূত্র: ফিফা ডট কম।