'ম্যারাডোনা নন, পেলেই সেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লোস আলবার্তো তোরেস
কার্লোস আলবার্তো তোরেস

পেলে নাকি ম্যারাডোনা? সর্বকালের সেরা ফুটবলার কে? এ যেন ফুটবল বিশ্বের এক অন্তহীন বিতর্ক। কখনোই শেষ হবার নয়! সম্প্রতি ভারতে গিয়ে সেটাই যেন সবাইকে নতুন করে মনে করিয়ে দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কার্লোস আলবার্তো তোরেস। ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক সতীর্থ পেলেকেই বসিয়েছেন সেরার আসনে।

১৯৬৪ সালে ব্রাজিলের জার্সি গায়ে অভিষেকের পর বেশ কয়েক বছর পেলের সঙ্গে খেলেছেন তোরেস। ১৯৭০ সালের বিশ্বকাপ ফাইনালে তাঁর করা গোলটাকে ধরা হয় ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা গোল হিসেবে। সেই গোলের নেপথ্যেও ছিল পেলের দারুণ একটা বুদ্ধিদীপ্ত পাস। এরকম একজন সতীর্থকেই যে তোরেস সেরার আসনে বসাবেন, সেটাই তো স্বাভাবিক। সম্প্রতি ফিফার বিশ্বকাপ ট্রফির সঙ্গে ভারতে গিয়ে তোরেস বলেছেন, ‘পেলে আর ম্যারাডোনার মধ্যে আমি পেলেকেই বেছে নেব। সে আমার খুবই ভালো বন্ধু। আমরা একসঙ্গে খেলেছি বেশ কয়েক বছর। ম্যারাডোনা পেলের পরেই থাকবে।’

১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে জুলে রিমে ট্রফিটা নিজেদের করে নিয়েছিল ব্রাজিল। ৭০ সালের সেই বিশ্বকাপে ট্রফিটা হাতে নিয়েছিলেন তোরেস। সে সময়ের কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘ট্রফিটা একবার ধরার জন্য চেষ্টা করেছে অনেক মানুষ। আর শেষপর্যন্ত সেটা আমিই ধরতে পেরেছিলাম। এটা আমার জন্য ছিল একটা বিশাল ব্যাপার।’

বর্তমানে ২০১৪ সালের বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তোরেস।