'ম্যারাডোনার চেয়েও লম্বা হবে মেসি'
মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে গ্রেটদের কাতারে নিয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তাঁর এ অগ্রযাত্রা ছিল কঠোর সংগ্রামের। ফুটবলপাগল মেসির নয় বছর বয়সে উচ্চতা ছিল মাত্র ৪ ফুট ২ ইঞ্চি, অথচ সাত বছর বয়সেই সাধারণত এই উচ্চতায় পেয়ে যায় কিশোরেরা।
মেসির সাবেক শিক্ষিকা মনিকা ডোমিনা বললেন, ‘আমার মনে আছে এ বাচ্চাটি এত ছোট ও এত লাজুক ছিল যে, তাকে জড়িয়ে ধরে লজ্জা ভাঙাতে হতো।’ অনেকগুলো মেডিকেল টেস্টের পর ডা. দিয়াগো সোয়র্জস্টেইন বুঝতে পারলেন যে তার মধ্যে গ্রোথ হরমোনের ঘাটতি রয়েছে। এটা এমন একটি পর্যায়ে ছিল যা মেসির ফুটবলার হওয়ার স্বপ্নের জন্য ঝুঁকিপূর্ণ। এ চিকিত্সকের চোখে সেই কিশোরের মুখ এখনো ভেসে ওঠে যে, কখনো হাল ছাড়েননি।

ডা. দিয়াগো সোয়র্জস্টেইন বললেন, ‘সে সব সময়ই জানতে চাইতো যে ফুটবল খেলোয়াড় হওয়ার মতো বড় হবে কি না। আমি তাকে বলতাম, সে ম্যারাডোনার চেয়েও লম্বা হবে।’
ডা. দিয়াগোর কথাই সত্যি হয়েছে। দামি হরমোন ইনজেকশন নিয়েছেন মেসি। প্রথমে বাবার বিমার টাকায়। পরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার টাকায়, যে ক্লাবটিতে মেসি যোগ দিয়েছিলেন একজন টিনএজার হিসেবে। এখন তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, যা আরেক ফুটবল লিজেন্ড ম্যারাডোনার চেয়ে ২ ইঞ্চি বেশি।