‘ম্যারাডোনার চেয়ে মেসি ভালো’!
আলোচনাটা চলছেই। এবার তাতে যোগ দিলেন টোস্টাও। পেলের সঙ্গে ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ড বলছেন, লিওনেল মেসি মানের দিক দিয়ে ডিয়েগো ম্যারাডোনার চেয়ে ভালো; তবে পেলের চেয়ে কিছুতেই নয়। টানা তৃতীয়বার ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা মেসিকে এখনই পেলের সঙ্গে তুলনা করা ঠিক হবে না বলেও মনে করেন এই ৬৫ বছর বয়সী, ‘যতগুলো ট্রফি ও জিতেছে, যতগুলো গোল ও করেছে, সেগুলো যদি হিসাবের মধ্যে না-ও আনেন, তার পরও আমার কোনো সন্দেহ নেই, এরই মধ্যে মেসি ম্যারাডোনার ওপরে চলে গেছে। অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন না। কারণ ও এখনো বিশ্বকাপ জেতেনি কিংবা বিশ্বকাপের বড় কোনো ম্যাচে গোলও করেনি। কিন্তু এখন ও যে পর্যায়ে আছে, তাতে ওর সামনে শুধুই পেলে।’শুধু অর্জনের দিক দিয়ে নয়, মেসিকে পেলের চেয়ে পিছিয়ে রাখার আরও কারণ আছে টোস্টাওয়ের, ‘পেলে ছিলেন অনেক বেশি পরিপূর্ণ একজন খেলোয়াড়। তাঁর এমন অনেক গুণ ছিল, যা মেসির মধ্যে নেই। যেমন ধরুন, হেড থেকে তিনি অনেক গোল করেছেন। আবার নিজের শরীরটা দুর্দান্তভাবে ব্যবহার করতে জানতেন।’ ওয়েবসাইট।