‘ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনার সময় আসেনি’
লিওনেল মেসিকে বর্তমান বিশ্বের সবচেয়ে ‘প্রতিভাবান’ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিতে কোনো কুণ্ঠা নেই বেবেতোর। তবে ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মনে করেন, ‘মেসি যদি সত্যিকারের গ্রেট হতে চান, তাহলে তাকে আর্জেন্টিনাকে সাফল্য এনে দিতে হবে।’দীর্ঘদিন ধরেই ফুটবল বিশ্বের অন্যতম রহস্য হিসেবে চিহ্নিত হয়ে আছে, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির নিষ্প্রভতা। বার্সার জার্সি গায়ে চাপিয়ে মেসি যে ধরনের জাদুকরি পারফরম্যান্সে সকলকে তাক লাগিয়ে দেন, সেটা যেন অনেকটাই অনুপস্থিত থাকে জাতীয় দলের হয়ে খেলতে নেমে। এটিই এ মুহূর্তে মেসির সবচেয়ে বড় সমালোচনা হয়ে রয়েছে। নিন্দুকেরা তো বলেই ফেলেছেন, বার্সেলোনার হয়ে খেলতে নেমে মেসি সহযোগী হিসেবে পান জাভি, ইনিয়েস্তার মতো বল প্লেয়ারদের—তাঁদের সহযোগিতায় দুর্দান্ত হয় তাঁর পারফরম্যান্স। জাতীয় দলেতো মেসি আর এদের পান না, তাই তখন আর তাঁকে মাঠে খুঁজে পাওয়া যায় না। মেসিকে নিয়ে এসব কথাবার্তা ভালো লাগছে না বেবেতোর। তিনি তাঁর প্রতি সহানুভূতিশীল হয়েই বলেছেন, ‘মেসিকে বুঝতে হবে আর্জেন্টিনা আর বার্সেলোনা এক নয়। গ্রেট খেলোয়াড় হতে হলে তাঁকে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আরও অনেক ভালো খেলতে হবে, দলকে আরও অনেক সাফল্য এনে দিতে হবে।’বেবেতোর মুখেও জাভি, ইনিয়েস্তার কথা উঠে এসেছে। তবে তা দিয়ে তিনি মেসির প্রতিভাকে ঢেকে দিতে চাননি। তিনি বলেছেন, ‘এটা স্বাভাবিক যে একসঙ্গে অনেক দিন ধরে খেললে খেলোয়াড়দের মধ্যে একধরনের সমঝোতা গড়ে ওঠে। তারা একে অন্যকে অনেক ভালো বুঝতে পারে। মেসির ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বার্সেলোনাতে মেসি জাভি, ইনিয়েস্তাদের সঙ্গে চমৎকার বোঝাপড়া করে খেলতে পারে বলেই বার্সার জার্সি গায়ে তাঁকে উজ্জ্বল দেখায়।’মেসিকে এখনই ম্যারাডোনার সঙ্গে তুলনা করতে রাজি নন বেবেতো। তিনি বলেন, ‘ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করার সময় এখনো আসেনি। মেসিকে আরও অনেক দূর যেতে হবে।’বেবেতোর মতে, ‘ম্যারাডোনা ছিলেন অন্য গ্রহের একজন খেলোয়াড়। তাঁর মাঠে বিচরণ ছিল রাজকীয়। ২২ জন খেলোয়াড়ের মধ্যে ম্যারাডোনা আলাদাভাবে সব সময় চোখে পড়তেন। তিনি ছিলেন সত্যিকারের একজন গ্রেট ফুটবলার।’ ওয়েবসাইট।