‘ম্যারাডোনা’ হতে চান আগুয়েরো
জামাই শ্বশুরের মতো হতে চান—এ কথায় শ্বশুর মশাই খুশিই হবেন। ডিয়েগো ম্যারাডোনার জন্য আরও বেশি খুশির কারণ, জামাই সার্জিও আগুয়েরো আসলে ব্যক্তি ম্যারাডোনা নয়, অনুসরণ করতে চান ফুটবলার ম্যারাডোনাকে। হতে চান ম্যারাডোনার মানের ফুটবলার।নাপোলিতে ম্যারাডোনা যা করেছেন, ম্যান সিটির জার্সি গায়ে তারই পুনরাবৃত্তি করতে চান আগুয়েরো। ক্লাবকে তুলতে চান সাফল্যের চূড়ায়, ‘এর আগে নাপোলি সম্পর্কে সবকিছুই তিনি আমাকে বলেছেন। আমিও টিভিতে দেখেছি, তিনি কী করেছেন, সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এটা আমার জন্য গর্বেরও। ম্যারাডোনা নাপোলির হয়ে যা করেছেন, ম্যানচেস্টার সিটির হয়ে সেটা করাই আমার স্বপ্ন।’‘নাপোলির ম্যারাডোনা’ হতে চাওয়ার এই আশার গান আগুয়েরো শোনালেন নেপলসে দাঁড়িয়েই। গতকাল রাতেই ম্যারাডোনার সাবেক ক্লাবটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ছিল ম্যান সিটির। এ কারণেই ইতালি সফরে আসা আগুয়েরোর। ওই ম্যাচ জিতে থাকলে শেষ ষোলো নিশ্চিত হয়েছে সিটির, হেরে গেলে ঝুলে গেছে ভাগ্য।সদ্যই মা হারিয়েছেন ম্যারাডোনা। আগুয়েরোর স্ত্রী জিয়ান্নিনা হারিয়েছেন দাদিকে। পরিবারের এই কঠিন সময়ে আগুয়েরো অবশ্য ক্লাব ছেড়ে যেতে পারেননি। তবে দূর থেকেই সমবেদনা জানিয়েছেন ম্যারাডোনা ও তাঁর পরিবারকে। ওয়েবসাইট।