'যখন মেসি আমাকে কাটিয়ে গেল...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণিকের মাথা গরম তাঁকে পরিণত করেছিল জাতীয় ভিলেনে। ১৯৯৮ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের টাইব্রেকারে হারের সব দায়ভারই নিতে হয়েছিল তাঁকে। বেকহ্যাম কেন মাথা গরম করলেন! অথচ ১৫ বছরের ব্যবধানে সেই বেকহ্যামই যেন ফুটবল খেলাকেও ছাপিয়ে গেছেন নিজের ভাবমূর্তি ও তারকাখ্যাতি দিয়ে। ক্রীড়া সেলিব্রিটিদের মধ্যে ডেভিড বেকহ্যামের মতো সর্বাধিক চর্চিত বোধ হয় আর কেউই নন।দেশের হয়ে খেলেছেন। শিরোপা জিতেছেন চারটি ভিন্ন দেশের ঘরোয়া ফুটবলে খেলে। ৩৮ বছর বয়সে যখন বুটজোড়া খুলে ফেলার ঘোষণা দিলেন, তখন পেছন ফিরে দেখা যাচ্ছে অর্জনটা বেকহ্যামের নেহাত কম নয়। সবচেয়ে বড় অর্জন বিদায়বেলার সঠিক সময়টা বেছে নেওয়া। কজন পারে এভাবে নিজের গোধূলিবেলাটা উপলব্ধি করতে? সন্ধ্যার আঁধার পেরিয়ে ভালোয়-ভালোয় বাড়ি ফিরে যেতে? বেকহ্যাম পেরেছেন, আর সে কারণেই তিনি অনন্য; অন্যদের চেয়ে একেবারেই আলাদা।তিনি নিজেই বলেছেন নিজের শেষ সময়টি বেছে নেওয়ার কথা। ‘এবারের চ্যাম্পিয়নস লিগে যখন দেখলাম লিওনেল মেসি খুব সহজেই আমাকে কাটিয়ে চলে গেল, তখনই বুঝলাম, আমার সময় উপস্থিত।’ কী সহজ-সাধারণ উপলব্ধি। কত বড় তারকা, অথচ নিজেকে চেনার কী অসামান্যই না ক্ষমতা তাঁর!তিনি সব সময়ই চেয়েছেন ফুটবল মাঠে মাথা উঁচু করে চলতে; চলেছেন। চেয়েছেন মাথা উঁচু করেই ফুটবল মাঠ থেকে বিদায় নিতে; সেই আকাঙ্ক্ষাও পূরণ করতে চলেছেন তিনি। অথচ তাঁর যে ফর্ম ছিল, তাতে খুব সহজেই কাটিয়ে দিতে পারতেন আরও এক-দুটো মৌসুম। কিন্তু সময় থাকতেই যেন সময়কে চিনে নিলেন তিনি। প্যারিস সেন্ট জার্মেইঁয়ে এসে উপলব্ধিটা এসেছে জোরের সঙ্গেই। ফরাসি লিগের শিরোপাটাও যখন পায়ে এসে লুটিয়ে পড়ল, তখন আর অপেক্ষা করেননি। পেয়ে গেলেন ‘সঠিক সময়’।

ক্যারিয়ারের শেষে এসে তাঁর যা কিছু অর্জন, শুরুর সময় তা কি চিন্তা করেছিলেন? বেকহ্যামের সোজাসাপ্টা উত্তর, ‘না। ভাবতেও পারিনি। ছোটবেলায় কেউ যদি আমাকে বলত, প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলব, ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি শিরোপা জিতব; শিরোপা জিতব স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদের হয়ে, যুক্তরাষ্ট্রের গ্যালাক্সির হয়ে, ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইঁয়ের হয়ে; খেলব ইংল্যান্ড জাতীয় দলে; আন্তর্জাতিক ফুটবলে দেশের অধিনায়কত্ব করব, তাহলে হয়তো একেবারেই বিশ্বাস করতাম না। কল্পনা বলে এসব উড়িয়ে দিতাম এক ফুঁত্কারে।’

ছোটবেলায় যা ছিল কষ্টকল্পনা, ৩৮ বছর বয়সে তা বাস্তব। অতি সত্য। ২০ বছরের ফুটবল ক্যারিয়ার তো আর এমনিতে হয়নি। অনেক কষ্ট, পরিশ্রম, রক্ত ঝরার মধ্য দিয়ে ক্যারিয়ারের এই চেহারা বেকহ্যামকে অর্জন করতে হয়েছে। বেকহ্যামের বন্দনা গাইতে গিয়ে ওই দিকটা কিন্তু ভুলে গেলে চলবে না।

এ তো গেল মাঠের বেকহ্যামের কথা। মাঠের বাইরে বেকহ্যাম যেন আরও আকর্ষণীয় চরিত্র। স্ত্রী ‘স্পাইসগার্ল’খ্যাত পপ তারকা ভিক্টোরিয়া। স্ত্রী নাকি তাঁর ফ্যাশন উপদেষ্টাও। নিজের ব্র্যান্ডমূল্য তৈরির পেছনে স্ত্রীর অবদান সর্বাধিক। সেটা বলাই বাহুল্য। ব্র্যান্ডমূল্যের কারণেই বিভিন্ন বহুজাতিক আর চ্যারিটি প্রতিষ্ঠানের ভিড় তাঁর পেছনে লেগেই থাকে। তাঁর ব্যক্তি ইমেজ কাজে লাগিয়েই নাকি ২০১২ সালে অলিম্পিকের আয়োজক হতে পেরেছিল লন্ডন। এখন তিনি অপেক্ষায় ব্রিটিশ ফুটবলকে ব্র্যান্ডমূল্য দিয়ে সহায়তা দিতে। এফএকে প্রশাসনিকভাবে চালাতে বেকহ্যামের ব্যক্তি ইমেজ ও ফুটবলীয় মস্তিষ্ক নাকি এই মুহূর্তে বড্ড প্রয়োজন—এ কথা বলেছেন ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেভিড বার্নস্টেইন।

বেকহ্যাম যে ব্রিটিশ ফুটবলের কাজে লাগবেন, তার একটা পোশাকি মহড়া তো হয়ে গেছে ২০১০ সালের বিশ্বকাপেই। কোচ ফ্যাবিও ক্যাপেলো তাঁকে দলে নেননি। কিন্তু তাঁর ব্যক্তিত্বকে উপেক্ষা করতে পারেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। বিশেষ কর্মকর্তা হিসেবে তিনি ছিলেন ইংলিশ ফুটবল দলের ডগ-আউটেই। ক্যাপেলোর ঠিক পাশেই। মাঠে লড়তে থাকা ফুটবলারদের নির্দেশনাও দিতে দেখা গেছে তাঁকে। ক্যাপেলোকে তাঁর পাশে লেগেছে বড়ই ম্রিয়মাণ। অন্তত, ব্যক্তিত্বের দিক দিয়ে।

কেবল ‘বেকহ্যাম’ লেখা থাকার কারণেই নাকি তাঁর ক্যারিয়ারজুড়ে এক কোটি ফ্র্যাঞ্চাইজি জার্সি বিক্রি হয়েছে। সেটা ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, গ্যালাক্সি কিংবা প্যারিস সেন্ট জার্মেইঁ—যে ক্লাবেরই হোক। হোক না ওগুলো ইংলিশ জাতীয় দলের। তাতে কিছু এসে-যায় না। ‘বেকহ্যাম’ নামটি জার্সির পেছনে থাকলেই হলো!

বিদায়বেলায় বেকহ্যামের আয় ছিল দুই কোটি ৪০ লাখ পাউন্ড। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই আয় ৫৯ লাখ পাউন্ড। বিদায়বেলায় তিনি কিন্তু কেবল একজন তারকা হিসেবেই ভক্তদের মনে ঠাঁই পেতে চান না; তিনি চিরভাস্বর হতে চান একজন পরিশ্রমী ফুটবলার হিসেবে, ফুটবলকে নিরন্তর ভালোবাসে যাওয়া এক প্রেমিক হিসেবে। ওয়েবসাইট।