'যদি ক্রালকে নামাতে পারতাম...'

রবিন ফন পার্সির জায়গায় যখন মাঠে নামছেন ক্লাস-ইয়ান হান্টেলার, ডাগ-আউটে টিভি ক্যামেরা খুঁজে পেল টিম ক্রালকে। স্থির তাকিয়ে সামনে। হল্যান্ডের সেটি ছিল তৃতীয় বদলি, মানে ক্রালের আরেকটি বীরত্বের সুযোগ শেষ ওখানেই। ম্যাচ শেষে ওই ক্রালের জন্যই আক্ষেপ লুই ফন গালের কণ্ঠে। ডাচ কোচ জানালেন, সুযোগ থাকলে এদিনও টাইব্রেকারের আগে মাঠে নামাতেন ক্রালকে।
কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার বিপক্ষে শেষ মুহূর্তে ক্রালকে মাঠে নামানো আর দুটি পেনাল্টি ঠেকিয়ে তাঁর নায়ক হয়ে যাওয়া চিরস্থায়ী জায়গা পেয়ে গেছে ফুটবলীয় রূপকথায়। পরশু যখন টাইব্রেকারে বারবার পরাস্ত হচ্ছেন ইয়াসপার সিলেসেন, ক্রালের মনে তখন নিশ্চয়ই ঝড়? যদি আরেকটা সুযোগ মিলত! সুযোগটা দেননি যিনি, সেই ফন গালের কণ্ঠেও একই আক্ষেপ, ‘যদি পারতাম, তবে অবশ্যই ইয়াসপারকে বদলে আবার ক্রালকে মাঠে নামাতাম। কিন্তু আগেই তিনজন বদলি মাঠে নামিয়ে ফেলায় সেই সুযোগ মেলেনি।’
কোস্টারিকার বিপক্ষে ম্যাচে টাইব্রেকারকে মাথায় রেখেই ক্রালকে জিইয়ে রেখেছিলেন ফন গাল। পরশুর ম্যাচেরও নিয়তি টাইব্রেকার মনে হচ্ছিল মূল সময় শেষ হওয়ার আগেই। দুদলই বেছে নিয়েছিল নিরাপদ খেলার পথ। তার পরও আক্ষেপ করতে হচ্ছে ফন গালকে, কারণ আগেই তিনটি বদলি না করে তাঁর উপায় ছিল না! বিরতির পরপরই ব্রুনো মার্টিনস ইন্ডিকে উঠিয়ে নামান ড্যারিল ইয়ানমাটকে। মার্টিনস ইন্ডি যেভাবে খেলছিলেন, ফন গাল তাতে বাধ্য হয়েছেন উঠিয়ে নিতে, ‘ইন্ডিকে উঠিয়ে ইয়ানমাটকে নামিয়েছি কারণ ইন্ডি ততক্ষণে হলুদ কার্ড দেখেছে। প্রতিটি চার্জ করতেই দেরি করে ফেলছিল, খুব ভালো করতে পারছিল না।’
চোট কাটিয়ে মাঠে নামা নাইজেল ডি ইয়ংকে ৬২ মিনিটে উঠিয়ে নেন ডাচ কোচ। আক্রমণে কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টায় ৯৬ মিনিটে নামান ক্লাস-ইয়ান হান্টেলারকে, ‘নাইজেল ডি ইয়ং মাত্রই চোট কাটিয়ে এসেছে, ওকে আরও বেশি সময় রেখে ঝুঁকি নিতে চাইনি। তা ছাড়া ইয়র্ডি ক্লাসি আক্রমণে নাইজেলের চেয়ে ভালো। রবিনকে তুলে নিয়েছি কারণ সে ক্লান্তিতে নিঃশেষিত হয়ে গিয়েছিল।’
টাইব্রেকারে তাই দর্শক ক্রাল। আরও একবার কাছ থেকে ফেরার যন্ত্রণা সঙ্গী ডাচদের। ইএসপিএন, ইয়াহু স্পোর্টস, গোলডটকম।