‘যদি দেখি সব স্বপ্ন!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম থেকে জেগে উঠে যদি দেখেন, সবই স্বপ্ন। তিনি আসলে উইম্বলডন জেতেননি! এই ভয়ে রোববার রাতে ঘুমাতে চাচ্ছিলেন না অ্যান্ডি মারে! না, না, বানানো কথা নয়। মারে নিজেই এটি বলেছেন।গত রোববার নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন। উইম্বলডন জয়ের আজন্ম আরাধ্য স্বপ্নপূরণের পর মারের আসলে বিশ্বাসই হচ্ছিল না, তিনি সত্যিই উইম্বলডন জিতেছেন। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। সেই ঘোরের মধ্যে মারেকে পেয়ে বসেছিল ওই ভয়, ‘সত্যিই এটা কেউ বিশ্বাস করতে পারছিল না, আমিও। এই পরিস্থিতিতে আপনি ঘুমাতে যেতে চাইবেন না, জেগে উঠে যদি দেখেন, এটা আসলে ঘটেনি! আমি বিছানায় শুয়ে বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান করছিলাম। ঘুমানো ছিল কঠিন।’গত পরশু বিবিসি রেডিও ফাইভকে মারে বলেছেন, রাতে আরও কী কী ভাবনা ঘিরে ধরেছিল তাঁকে, ‘আমি নিশ্চিত জানতাম, সকালে কিছু পত্রিকার শেষের পাতায়, কোনোটার প্রথম পাতায় আমার ছবি থাকবে। আমি জানি, আমি গতকাল উইম্বলডন জিতেছি। তবে মনে হচ্ছিল—এটির মর্ম বুঝতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে।’ঘোরটা কেটে যাওয়ার পর মারে সাজাচ্ছেন ভবিষ্যৎ পরিকল্পনার ডালি। চারটি গ্র্যান্ড স্লামই জিতে পূর্ণ করতে চান ক্যারিয়ার স্লাম। তবে তার আগে কয়েকটা দিন কাটাতে চান পরিবার ও বন্ধুদের সঙ্গে। উপভোগ করতে চান উইম্বলডন শিরোপাটা, ‘সত্যিই আমার পরিবারের কেউ বিশ্বাস করতে পারছিল না। দিনটা ছিল বিস্ময়কর।’ ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘আমি আবার গ্র্যান্ড স্লাম জিততে পারব কি না জানি না, কিন্তু যতটা পারি চেষ্টা করব এবং কঠোর পরিশ্রম করে যাব।’উইম্বলডন জয়ের পরই মারে জানিয়ে দিয়েছেন, এবার তাঁর লক্ষ্য র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠা। তাঁর কোচ একসময়ের এক নম্বর ইভান লেন্ডল বলছেন, সেই সামর্থ্য মারের অবশ্যই আছে। রোববারের অবিস্মরণীয় জয়ের পরই মারেকে নাইটহুড খেতাব দেওয়ার দাবি জানিয়েছে ব্রিটেনের পত্রপত্রিকা। দাবিটাকে জোরালো করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। পরশু প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মারেকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যামেরন। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, কে জানে! তবে ‘মারে পুরো দেশেরই চেতনাকে উঁচিয়ে ধরেছেন’ দাবি করে ক্যামেরন সাংবাদিকদের কাছে বলেছেন, নাইটহুড খেতাব মারের প্রাপ্য। ওয়েবসাইট।