ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি? এটা একমাত্র বীরেন্দর শেবাগেরই কাজ। মানুষের ভাবনাটা ছিল এ রকমই। কিন্তু শেবাগ ভাবতেন শচীন টেন্ডুলকারকে নিয়ে। শেবাগের অনুমানই সত্যি হয়েছে। নিজের এক কলামে সেই গল্পই বলেছেন তিনি। ওয়েবসাইট থেকে সেটাই তুলে ধরা হলো পাঠকদের জন্যআমার মধ্যে অনেক কুসংস্কার আছে। কখনোই কোনো শটের প্রশংসা করি না। কারণ আমার ভয় হয়, আমি যদি প্রশংসা করি ব্যাটসম্যান আউট হয়ে যাবে। গোয়ালিয়রে শচীনের ১৯০ রান পর্যন্ত আমি ড্রেসিংরুমে শেকড় গেড়ে বসে ছিলাম। কিন্তু ১৯০ রান হয়ে যাওয়ার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি। চেয়ার ছেড়ে বাইরে এলাম এবং ২০০ হওয়া পর্যন্ত তার প্রতিটি মারেই উল্লাস প্রকাশ করেছি।সে যখন ১৮০ তে পৌঁছাল, আমি ধরে নিই দু শ করে ফেলবে। কিন্তু ১৯০ তে যেতেই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি যদি তার জায়গায় থাকতাম, তাহলে দ্রুত রানটা করে ফেলতে চাইতাম। কারণ, অপেক্ষা বাড়লেই আমার আউটের সম্ভাবনা বাড়ে। আমি এটা তিন বা চার বলের মধ্যে করে ফেলতে চেষ্টা করতাম।তাকে খুব ক্লান্তও দেখাচ্ছিল। তার ডান দিকটা কেমন আড়ষ্ট হয়ে আসছিল। মনে হচ্ছিল পেশিতে টান পড়তে পারে। তাই চেয়ার ছেড়ে বাইরে এসে শুধু বলছিলাম—শেষ করো, শেষ করো। কিন্তু শচীন কোনো তাড়াহুড়ো দেখায়নি। সে এমন একজন ব্যাটসম্যান যে খুব স্বচ্ছন্দে স্ট্রাইক পরিবর্তন করতে পারে। মেলবোর্নে ২০০৩ সালে এবং মুলতানে ২০০৪ সালে আমি যখন মাইলফলকের কাছে পৌঁছাই তখন সে আমাকে পরামর্শ দিয়েছিল—এটা করো, ওটা করো। আসলে ওগুলো এ রকম যে একমাত্র সে-ই করতে পারে। আপনি বলতে পারেন, এটা ২০০ রান—এমন একটা সংখ্যা যেটা ওয়ানডের ইতিহাসে কেউ কখনো ছুঁতে পারেনি। কিন্তু আমাদের ভাবনায় তখন শুধু টেন্ডুলকার। সে খুব শান্ত এবং আত্মবিশ্বাসী ছিল। এমনকি শেষ মুহূর্তে নন-স্ট্রাইকার প্রান্তে থেকেও। আমি জানতাম, তার শুধু একটা বলই লাগবে। ইনিংসের শুরুটাই সে করেছিল আত্মবিশ্বাসের সঙ্গে। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নিজের প্রথম বাউন্ডারিটা মেরে আমাকে বলেছিল, মনে হচ্ছে উইকেটটা রানে ভরা। আমাদের শুধু টাইমিংটা ঠিকমতো করতে হবে। আমাকে বলল, বাউন্ডারি অথবা বোলারকে উড়িয়ে দেওয়ার কথা ভাবার দরকার নেই। সে ঠিকই বলেছিল। পুরোটা সময় সে গ্যাপ দেখে আর বলের মান বিচার করে খেলেছে। খুব বেশি ভাবনাচিন্তা করেনি। কেউ যদি আমাকে এই ইনিংসে তার সেরা শটটি বেছে নিতে বলে তাহলে অনেকগুলোই আসবে। তবে ব্যাকফুটে এক্সট্রা কাভার দিয়ে মারা বিশেষ ড্রাইভটার কথাই সবার আগে বলব। ব্যাকফুটে ওয়েইন পারনেলকে পয়েন্ট দিয়ে মারা পাঞ্চটাও মনে আসে। ফন ডার মারউইকে মাথার ওপর দিয়ে মারা ছক্কাটা তো বিশেষ কিছু। বাঁহাতি এই স্পিনারকে খেলা সত্যিই কঠিন ছিল।একজন ব্যাটসম্যানের পক্ষে এমন একটা শৃঙ্গ জেতা সহজ নয়। কারণ, তার অনেক কিছু থাকতে হয়। অতীতে আমি অন্তত চার-পাঁচবার বলেছি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য শচীনের আছে। আমার বিশ্বাস ছিল একমাত্র সেই এটা অর্জন করতে পারে। কারণ, তার অভিজ্ঞতা এবং এই মুহূর্তে সে যে রকম ফর্মে আছে সেটাই। তা ছাড়া পুরো ৫০ ওভার পর্যন্ত খেলার আগ্রহ ও ধৈর্য দুটোই ছিল। ডাবল সেঞ্চুরি করার জন্য পুরো ৫০ ওভার ব্যাট করতে হবে আপনাকে। এটা সহজ কাজ নয়, কারণ এটা তো শুধু বাউন্ডারি মারার ব্যাপার নয়। স্ট্রাইক পরিবর্তনও দরকার। আমি জানতাম দেড় শ বল খেলতে পারলেই তার ডাবল সেঞ্চুরি হয়ে যাবে। সে ১৪৭ বলেই করে ফেলল। এখানে নিজের ব্যাটিংয়ের সঙ্গে তুলনা করতে যাব না। কিন্তু লোকে বলত, ওয়ানডে ক্রিকেটে আমিই হয়তো ডাবল সেঞ্চুরি করব। এটা আসলে আমার টেস্টের পারফরম্যান্সের কারণেই বলত। কারণ টেস্টে আমি অনেক সময়ই লাঞ্চের আগেই সেঞ্চুরির কাছে পৌঁছে যাই। কিন্তু ওয়ানডেতে ১২০ বা ১৩০-এ পৌঁছে গেলে বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে আমার। শচীন আর আমার মধ্যে পার্থক্য এখানেই।দু শ করা নিয়ে সে ভাবত এটা কঠিন, কিন্তু আমি তাকে বলেছি—একমাত্র তুমিই এটা করতে পার। গত বছর নিউজিল্যান্ডে সে যখন ১৬৩ রান করে অবসরে গেল, আমি বলেছিলাম সুযোগটা মিস হয়ে গেল। কিন্তু এর উত্তরে সে বলেছিল, ‘আগার মেরি কিসমত মে হোগা তো ও মিল জায়েগা (ভাগ্যে যদি লেখা থাকে তাহলে এটা আমি পেয়ে যাব)।’ গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সে যখন ১৭৫ করল, তখনো একই কথা বলেছিল। আর বুধবার বলল, ‘ও লিখা থা, তো মিল গয়া (যা লেখা ছিল, তা পেয়ে গেছি)।’১৯৯৮ সালে সবাই জানত শচীন তার সেরা ফর্মে আছে। আমি তখন ভারত দলে ছিলাম না। কিন্তু আমি তাকে দশ বছর ধরে দেখছি। এখনো প্রতিটি ম্যাচে সে উন্নতি করছে। নেটে অন্য যে কারোর চেয়ে বেশি অনুশীলন করে। ফিটনেস নিয়ে কঠিন কাজ করে। আমার মনে হয়, ১৯৯৮ সালের চেয়েও সে এখন ভালো ফর্মে আছে।