'যা হয়, ভালোর জন্যই হয়'

পকেট ডিনামাইট, নাকি অন্য কিছু? যা-ই হোক, তাঁর নাম আসলে মুমিনুল হক। এত দিন এই নামের বানান নিয়েও ছিল বিভ্রাট। পত্রপত্রিকায় নামটা বেশির ভাগ ‘মমিনুল’ লেখা হলেও কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষের সংবাদ সম্মেলনে বললেন, নামের বানানটা আসলে ‘মুমিনুল’।
নাম যা-ই হোক, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনিই ম্যান অব দ্য ম্যাচ। পর পর দুই টেস্টে সেঞ্চুরি করে হয়েছেন ম্যান অব দ্য সিরিজও। নিজের খেলা তৃতীয় টেস্ট সিরিজেই নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ২২ বছর বয়সী এই তরুণ। মাত্র ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চি উচ্চতার একজন ব্যাটসম্যানের কাছ থেকে এমন শাসন আশা করেননি কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও। কাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘আমি অবাকই হয়েছি ওর ব্যাটিং দেখে। তার স্কোর দেখেছি, খুব বেশি সুযোগ সে নষ্ট করেনি। উইকেটে তার আচরণ অসাধারণ। আগে থেকে বোঝার উপায় নেই কী করতে যাচ্ছে। টেস্ট ক্যারিয়ারটা খুব চমৎকারভাবে শুরু করল ও। বাংলাদেশের জন্য এক উজ্জ্বল সম্ভাবনা মুমিনুল।’
পরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মুমিনুল। সেই সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলন শেষে আলাদা করে বলা কথার চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে—
l এখন থেকে কি টেস্টের ব্যাটিং নিয়ে আলাদা করে ভাববেন?
মুমিনুল হক: টেস্টে যে পরিকল্পনা নিয়ে খেলেছিলাম, যেভাবে খেলেছিলাম, আমি ওই পরিকল্পনা নিয়েই খেলব। আলাদা কোনো চিন্তাভাবনা করছি না। খেলাটা উপভোগ করছি, কিছু শেখার চেষ্টা করছি। ভবিষ্যতেও উন্নতি করার চেষ্টা করব।
l ডাবল সেঞ্চুরি করার সুযোগ থাকলেও বৃষ্টির জন্য পারলেন না। এটা কতটা হতাশার?
মুমিনুল: আসলে আমার তো কিছু করার ছিল না। বৃষ্টি হয়েছে...এটা পুরোপুরি আল্লাহর ওপর নির্ভরশীল। এটা নিয়ে আমি অত হতাশ না। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখানে হতাশার কিছু নেই।
l ঢাকা টেস্টের সেঞ্চুরির ইনিংসে তামিমের ভূমিকা কেমন ছিল?
মুমিনুল: তামিম ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। বিশেষ করে ৯৯-এর সময়। ৯৯-এর পর যখন রান হচ্ছিল না, আমার খুব নার্ভাস লাগছিল। তখন উনি বলেছেন, ১ রানের জন্য প্রয়োজনে ১০০ বল খেলবি। সমস্যা নেই।
l এই সিরিজে কি নিজেকে নতুন করে আবিষ্কার করলেন?
মুমিনুল: ঠিক ওভাবে ব্যাখ্যা করতে পারব না। তবে আমার যে পরিকল্পনা ছিল, আমি সেভাবে খেলার চেষ্টা করেছি। খেলায় উন্নতি আনার চেষ্টা করেছি। নিজেকে নতুন করে আবিষ্কারের কিছু নেই। আমি খেলাটা উপভোগ করেছি। সে জন্যই হয়তো সফল হয়েছি।
l বেশ কিছু রেকর্ড করেছেন এই টেস্টে। আরেকটা রেকর্ডেরও খুব কাছাকাছি ছিলেন। আর ৪ রান করলেই হাবিবুল বাশারের এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটা টপকে যেতেন। সেটা হয়নি বলে কোনো আফসোস?
মুমিনুল: হ্যাঁ, শুনেছিলাম। কিন্তু আফসোস নেই। আজ (গতকাল) নেমে হয়তো প্রথম বলেই আউট হতে পারতাম। সে জন্য আফসোস নেই।
l জ্বর নিয়ে ব্যাটিং করেও সেঞ্চুরি করেছেন। এখন কী অবস্থা শরীরের?
মুমিনুল: এখনো শরীর দুর্বল। কাল (পরশু) ব্যাটিংয়ের সময় জ্বর ছিল। মাঠেই দুবার ওষুধ খেয়েছি। খুব সমস্যা হচ্ছিল ব্যাটিং করতে।
l একই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হলেন। ভেবেছিলেন একসঙ্গে দুই পুরস্কার পাবেন?
মুমিনুল: মনে মনে আশা ছিল ম্যান অব দ্য ম্যাচ হব। কিন্তু ম্যান অব দ্য সিরিজ যে হব সেটা কল্পনা করিনি। যখন শুনলাম দুটি পুরস্কারই পাচ্ছি, খুব ভালো লেগেছে। ভাষায় প্রকাশ করার মতো নয়।