‘যুক্তরাষ্ট্রের ম্যারাডোনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। এখনকার খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও তাঁর। গত আট বছরে ছয়বার যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে বর্তমান যুক্তরাষ্ট্র ফুটবলের প্রতীকই বলতে পারেন ল্যান্ডন টিমোথি ডনোভানকে। ডনোভান আরও একবার পৃথিবীকে দেখিয়ে দিলেন, একা কীভাবে একটা দলকে খাদের কিনার থেকে ‘সেরা’ বানিয়ে ফেলা যায়। স্লোভেনিয়ার বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র যখন হারের শঙ্কায় কাঁপছিল, তখনই গোল করে দলকে খেলায় ফেরালেন। পরশু রাতে গোলশূন্য নির্ধারিত সময় শেষে যুক্তরাষ্ট্র যখন প্রথম পর্ব থেকে ছিটকে পড়ছে, তখনই অলৌকিক এক গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন করে দিলেন দলকে। এ যেন যুক্তরাষ্ট্রের ম্যারাডোনা!আলজেরিয়ার বিপক্ষে ইনজুরি সময়ে গোল করে এই ‘ম্যারাডোনা’ কেঁদে ফেলেন সব পাওয়ার আনন্দে। শরীরটাকে ছড়িয়ে দেন মাটিতে, চাপা পড়ে যান উল্লাসরত কর্মকর্তা আর খেলোয়াড়দের শরীরের নিচে। ম্যাচ শেষ হয়ে যায়, কিন্তু ডনোভানের চোখের জল শুকায় না, বিস্ময় কমে না। বিস্মিত কণ্ঠেই বললেন, ‘এভাবে সবার ওপরে পৌঁছাতে পেরে আমি যারপরনাই আনন্দিত। এই ঘটনা আমাকে আরও একবার ঈশ্বরে বিশ্বাসী করে তুলেছে। কিছু একটা করার জন্য সঠিক পথে চেষ্টা করতে থাকলে যখন তার পুরস্কার মেলে, প্রাপ্তিটা বড় অসাধারণ হয়।’যুক্তরাষ্ট্র ফুটবলের সবচেয়ে বড় তারকা ডনোভান সারাটা জীবন যুক্তরাষ্ট্রের প্রেমেই কাটিয়ে গেলেন। জার্মানির বায়ার লেভারকুসেনে দুই দফা খেলতে গেছেন, ইংলিশ লিগের বড় বড় দল কিনতে চেয়েছে তাঁকে, কোথাও মন টেকেনি। ঘুরেফিরে সেই মেজর সকার লিগে ফিরে এসেছেন। বর্তমানে এলএ গ্যালাক্সির খেলোয়াড়টি গত দুই মৌসুমে কিছুদিন করে ধারে বায়ার্ন মিউনিখ ও এভারটনে খেলে দারুণ ফর্ম দেখিয়েছেন।উত্থান যেমন দেখেছেন, পতনও কম দেখেননি। গত বিশ্বকাপেই দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়া। সেই ঘটনাই তাঁকে এবং দলকে আরও শক্ত করেছে বলে মনে করেন ডনোভান। শক্ত যে তাঁরা হয়েছেন, প্রমাণ কনফেডারেশনস কাপ। স্পেনকে টপকে ফাইনালে উঠে গিয়েছিলেন ডনোভানরা। গোল করে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে দলকে এগিয়েও দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।এবার বিশ্বকাপে ডনোভানরা কতদূর যেতে পারবেন, সেটা পরের কথা। আপাতত ডনোভানের দারুণ যাত্রা চলছে। এই নিয়ে টানা দু ম্যাচে সেরা খেলোয়াড় হলেন। কিন্তু ডনোভানের কাছে নিজের জন্য নয়, এই বিশ্বকাপ এরই মধ্যে স্মরণীয় হয়ে গেছে দলীয় সাফল্যের কারণে, ‘একদিন আমরা এই বিশ্বকাপের দিকে ফিরে তাকাব। অনেকেই মনে করতে পারব না কীভাবে কী হয়েছিল। কিন্তু এই বাস্তবতাটা সবার মনে থাকবে যে আমরা ইংল্যান্ডকে টপকে গ্রুপের সেরা হয়েছিলাম।’এমনি এমনি কি আর তিনি যুক্তরাষ্ট্র ফুটবলের প্রতীক! এএফপি।