বিদায়ের ঘণ্টাধ্বনি শুনতে শুনতেই মাঠে নেমেছিল আবাহনী। সেটিকে তুড়ি মেরে ওড়ানোর ক্ষমতা এই আবাহনীর নেই। উল্টো মহাবিপত্সংকেতই ধেয়ে এল দলটার দিকে। শেখ রাসেলের কাছে হেরেই আকাশি-নীলরা বিদায় নিয়েছে স্বাধীনতা কাপের মঞ্চ থেকে।স্বাধীনতা কাপটা ঘরোয়া ফুটবলে অনিয়মিত একটা টুর্নামেন্ট। নামের ভারে বড় কিছু নয়, তবে বড় দলগুলোর আত্মমর্যাদা রক্ষার একটা চ্যালেঞ্জ তো বটেই। কেন জানি টুর্নামেন্টটা আবাহনীর ব্যর্থতার প্রামাণ্য দলিলই হয়ে উঠেছে! শুরুটা সেই ২০০৬ প্রথম স্বাধীনতা কাপ থেকেই। সেবার সেমিফাইনালে মুক্তিযোদ্ধার কাছে আবাহনীর বিদায়। ওই মুক্তিযোদ্ধাই পরে চ্যাম্পিয়ন। ২০১১ দ্বিতীয় স্বাধীনতা কাপ আবাহনীকে ‘টা-টা’ করেছে কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ ফরাশগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে সেবার। ক্রমাবনতির ধারা ধরে রেখে এবার আবাহনীর ছুটি গ্রুপ পর্ব থেকেই।টুর্নামেন্টের গতিটা সরলপথে চললে এবার তাহলে শেখ রাসেল চ্যাম্পিয়ন? এটা নিছকই কাকতালীয় ব্যাপার হবে। তবে শেখ রাসেল কাল যেভাবে যোগ্যতর দল হিসেবে আবাহনীকে হারিয়েছে, তাতে মূল ফেবারিট তারাই।দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল পাচ্ছে মুক্তিযোদ্ধাকে। সাধারণ হিসাব বলছে, রাসেলের সামনে বাধা হওয়ার কথা নয় মুক্তিযোদ্ধার। যদিও এই টুর্নামেন্টটা এখন পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নদের জন্য ভালোই কেটেছে। কাল আবাহনী-রাসেল ‘যুদ্ধ’ শুরুর আগে বিজেএমসির বিপক্ষে প্রত্যাশিত ড্র তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা (১-১)। শৃঙ্গজয়ের অনেকটা কাছে এসে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল শফিকুল ইসলামের দলকে।আবাহনীর উল্টো যাত্রাই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় খবর। দর্শক-খরার এই সময়ে এদিন আকাশি-নীলের গ্যালারিতে লোকসমাগম বেশ ভালোই ছিল। কিন্তু প্রিয় দলের দিনটা ভালো কাটেনি। পরিণতিতে এ মৌসুমে দ্বিতীয়বার রাসেলের কাছে হারের যন্ত্রণা সঙ্গী হয়েছে চারবারের বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নদের। পুরো ফিট নন ডিফেন্ডার সুজন, ওয়ালি, মিডফিল্ডার প্রাণতোষ। দলের প্রয়োজনে তাঁদের মাঠে নামাতে বাধ্যই হন আবাহনীর কোচ আরদেশির পোরনেমাত। ডিফেন্ডার সামাদ নেই, নেই স্ট্রাইকার ফ্রাঙ্কও। তবু প্রথমার্ধটা মোটামুটি ভালোই খেলেছে আবাহনী, কিন্তু দ্বিতীয়ার্ধে দলটা রং বদলে যেন অচেনা দল!ফল যা হওয়ার তাই হয়েছে। ৬৬ মিনিটে আবাহনীর জালে বল। রাসেল অধিনায়ক মামুনুল কর্নার থেকে সরাসরি বল পাঠান জালে। আবাহনীর তরুণ গোলরক্ষক সোহেল বলের ফ্লাইট ঠিকমতো বুঝতে পারেননি। বলে একটু হাত ছোঁয়ান। কিন্তু বল পাঞ্চ করতে ব্যর্থ হয়েছেন।সোহেল জাতীয় দলের গোলরক্ষক। কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপে কোচ ক্রুইফ তাঁকে তিন ম্যাচেই পুরো সময় খেলিয়েছেন। সেই সোহেলের ওপর কাল মহাক্ষুব্ধ পোরনেমাত। ম্যাচের পর তাঁর চোখমুখে যেন আগুনের ফুলকি বেরোচ্ছিল। সরাসরিই বললেন, ‘সোহেল বলটা কেন ক্লিয়ার করতে পারল না, এটা বুঝতে পারছি না। এটা নিয়ে সর্বশেষ অনুশীলনেও আমি কাজ করেছি। ওর মনঃসংযোগে সমস্যা আছে। এমন গোল খাওয়া খুবই অনাকাঙ্ক্ষিত।’গোল খেয়ে আক্রমণে গতি এনেও কাজের কাজ কিছুই করতে পারেনি পোরনেমাতের দল। উল্টো গোল খেতে পারত আরও। রাসেলের সনি নর্দে একাই নষ্ট করেন গোটা চারেক সুযোগ। তবে নর্দে ঘোল খাইয়ে ছেড়েছেন আবাহনীর রক্ষণকে। ম্যাচের সেরা খেলোয়াড় অবধারিতভাবে তিনিই। নর্দে এদিনও রাসেলের আক্রমণের প্রাণভোমরা হয়েই দলের জয়ে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।মুক্তিযোদ্ধা-বিজেএমসি ম্যাচে এককভাবে কোনো খেলোয়াড় নজর কাড়তে পারেননি। বিজেএমসির গোলরক্ষক আমিনুল বেশ কয়েকটা ভালো সেভ করেছেন ম্যাচে। যদিও ১২ মিনিটে ইউসুফের গোলে এগিয়ে যাওয়া মুক্তিযোদ্ধাকে তাঁর দল হারাতে পারেনি স্ট্রাইকারদের ব্যর্থতায়। ৮০ মিনিটে পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরা ১-১ করেন বটে, স্বাধীনতা কাপে টিকে থাকতে সেটি যথেষ্ট হলো না বিজেএমসির জন্য।