
এটা শুধু একটা ম্যাচ জেতার উল্লাস হতে পারে না, এ নিশ্চিত যুদ্ধজয়ের উল্লাস। যেটি ছড়িয়ে আছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দ্বৈরথের পাতায় পাতায়। স্টিভ ওয়াহ এই যুদ্ধে নেমেই একবার তোপের মুখে পড়েছিলেন কার্টলি অ্যামব্রোসের। গত বছর বিগ ব্যাশে এই যুদ্ধেরই আরেকটি পর্ব মঞ্চস্থ হয়েছিল ব্র্যাড হাডিন ও ক্রিস গেইলের মধ্যে। আর সর্বশেষটি তো দেখলেন কালকের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেই। এক প্রান্তে এবারও গেইল। অপর প্রান্তে জেমস ফকনার। না, আসলে এই দুজনের পেছনে দাঁড়িয়ে ‘যুদ্ধংদেহী’ হয়ে উঠেছিল পুরো ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া দলই।
ফকনার ওয়েস্ট ইন্ডিয়ানদের পছন্দ করেন না! আর গেইল সেসব খেলোয়াড়েরই একজন, যাঁকে তিনি মাটিতে শুইয়ে দিতে চান! হতেই পারে এ তাঁর একান্ত ব্যক্তিগত মত। কিন্তু ম্যাচের আগে কথাগুলো বলে যুদ্ধের আগুনই জ্বেলেছিলেন ফকনার, যা দাবানলের মতো ছড়িয়ে পড়ল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচটা যতক্ষণ হলো, বাজল দামামা। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিয়ানদের উল্লাসটাও হলো যুদ্ধজয়ের উল্লাসের মতোই।
ফকনারের বলে ফকনারেরই মাথার ওপর দিয়ে জয়সূচক ছক্কা মারার পর ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামির বুনো দৌড়টা দেখেছেন? দেখেছেন আরেক প্রান্তে থাকা ডোয়াইন ব্রাভো কীভাবে শূন্যে ছুড়ে মারলেন ব্যাট এবং গ্লাভস জোড়াও? তাহলে ক্রিস গেইলের কাণ্ড-কীর্তিও না দেখে থাকার কথা নয়! গ্যাংনাম নাচ ক্রিকেটে পরিচিতি এবং জনপ্রিয়তা দুটোই পেয়েছে গেইলের সৌজন্যে। এত দিনে অনেকেই নাচটা শিখে গেলেও গেইল তাতে কাল যোগ করলেন নতুন মাত্রা। দেখালেন গ্যাংনাম কতটা বুনোভাবে নাচা যায় এবং এর মাধ্যমেও প্রতিপক্ষের বুকে কীভাবে চালানো যায় ‘প্রতিশোধের’ ছুরি।
ক্রিকেটের ভদ্রোচিত রীতি অনুযায়ী তার পরও খেলার শেষ দৃশ্যে দুই দলের খেলোয়াড়েরা হাত মেলালেন। কিন্তু গেইলের কারণে হলো একটু অন্যভাবে।
ম্যাচ জিতিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন স্যামি। ডাগ-আউটে থাকা সতীর্থদের নিয়ে দৌড়ে মাঠে এলেন গেইলও। স্যামির সঙ্গে যোগ দিয়েই শুরু হলো গ্যাংনাম। একটু নাচেন, তো একটু পর নাচ বাদ দিয়ে দুহাত ঝাঁকিয়ে চিৎকার করে যেন বের করে দিতে চান ভেতরে রয়ে যাওয়া বাকি ক্রোধ। আবার নাচেন, গ্যালারির সামনে গিয়ে দর্শকদেরও নাচান। ক্যামেরাকে ইশারায় ডাকেন নিজের দিকে। মাঝে একফাঁকে গিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেও মনে হলো না সেটা করে খুব খুশি হচ্ছেন গেইল। প্রেক্ষাপট না জানলে ঝাঁকড়া চুলের একজন মানুষকে অমন চিৎকার করতে দেখলে, অমন অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখলে যে কেউ ভাববেন পাগল। কিন্তু যাঁরা যুদ্ধের দামামাটা শুনেছেন, তাঁরা জানেন এ পাগলামি নয়! এটা আনন্দ।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই এল প্রসঙ্গটা। অস্ট্রেলিয়ান অধিনায়ক জর্জ বেইলির কেমন লেগেছে ওয়েস্ট ইন্ডিজের বিজয় উদ্যাপন? বেইলির কূটনৈতিক উত্তর, ‘আমার মনে হয় নিজেদের ইচ্ছেমতো উদ্যাপন করার অধিকার তাদের আছে...।’ তার আগে ড্যারেন স্যামি সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার কাটা ঘায়ে আরেকবার দিয়েছেন নুনের ছিটা, ‘ক্রিকেট কিছু করে দেখানোর খেলা। আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল নির্ভর করবে কাজটা কী করেছেন তার ওপর। ওয়েস্ট ইন্ডিজ আজ (গতকাল) সেটাই করে দেখিয়েছে।’ আর ওই বুনো উদ্যাপনটা? না, ওটা নাকি একদমই পূর্বপরিকল্পিত নয়, ‘ডিজে গ্যাংনাম স্টাইল বাজাচ্ছিল। আর ক্রিস (গেইল) তো আমাদের নাচের দলেরই নেতা। আমরা খুব আনন্দিত ছিলাম। এমন নয় যে উদ্যাপনটা আগে থেকেই ঠিক করে রাখা। আনন্দ করতে করতেই ওটা হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভালো তো লাগবেই।’
জর্জ বেইলির ভাগ্য ভালো স্যামির সংবাদ সম্মেলনের শুরু থেকে সম্মেলনকক্ষে ছিলেন না তিনি। একটু আগে আগে এসে পড়ায় ছিলেন শেষাংশে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মুখে সরাসরি ওই কথাগুলো শুনলে নিশ্চয়ই সহ্য করা কঠিন হতো অস্ট্রেলিয়ান অধিনায়কের জন্য। এটা তো একটা ম্যাচ হারা নয়, একটা বড় অভিযানেও হারের কাছাকাছি চলে যাওয়া!