২১ বছর বয়সে পেশাদার ফুটবল ছেড়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন ইলেকট্রিক ও টেলিযোগাযোগ প্রকৌশলে। ৩৩ বছর বয়সে কোচিংয়ে, নিজের দেশ পর্তুগাল ছেড়ে গ্রিসে এসে পেয়েছেন দারুণ সাফল্য। ২০১০ সালে নির্বাচিত হয়েছেন গ্রিসের দশকসেরা কোচ। ওই বছরই জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন ফার্নান্দো সান্তোস। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তাঁর দল নিয়ে

বিশ্বকাপে গ্রিসের গ্রুপ নিয়ে আপনার ভাবনা কী?
ফার্নান্দো সান্তোস: খুবই উন্মুক্ত গ্রুপ এবং আমার ধারণা এবার আমাদের গ্রুপের সবাই ড্র নিয়ে সন্তুষ্ট। খুবই ভারসাম্যপূর্ণ গ্রুপ, হতে পারে যেকোনো কিছুই। গ্রুপের অন্যদের চেয়ে কলম্বিয়া হয়তো খানিকটা এগিয়ে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, গ্রুপ প্রতিপক্ষদের পারফরম্যান্স বিশ্লেষণ করা এবং ব্রাজিলে গিয়ে আমাদের শতভাগ ঢেলে দেওয়া। কলম্বিয়া দারুণ শক্তিশালী দল, ওদের সম্পর্কে আমাদের জানাও আছে বেশ ভালো। দ্রগবা, ইয়াইয়া তোরে, গারভিনহোদের নিয়ে আইভরি কোস্টও বেশ কঠিন ও অভিজ্ঞ প্রতিপক্ষ। জাপান বিশ্বমঞ্চে সব সময়ই চমক উপহার দিতে চায়। তবে আমার বিশ্বাস আমরা নিজেদের মেলে ধরতে পারব।
আপনার দলে বেশি বয়সী ফুটবলারদের গুরুত্ব কতটুকু?
সান্তোস: ২০০৪ প্রজন্মের সময় শেষ। দুজন অবশ্য এখন আছে—কারাগুনিস ও কাতসুরানিস, তবে ওরা আর সেই আগের মতো নেই। তবে ওদের অভিজ্ঞতা ও ফুটবলের প্রতি আবেগ অবশ্যই তরুণদের জন্য উদাহরণ।
ব্রাজিলের কন্ডিশন কোনো সমস্যা হবে বলে মনে করছেন কি?
সান্তোস: খুব একটা নয়। সমস্যা হতে পারে পথঘাট! ট্রাফিক জ্যামে একবার আটকে গেলেই ‘বাই বাই’ হয়ে যেতে পারে। বাসে দুই ঘণ্টা বসে থাকা নিশ্চয়ই ভালো কিছু নয়?
বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন...
সান্তোস: মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব কঠিন। পেশাদারি দৃষ্টিকোণ থেকে আমি সিদ্ধান্তটি নিয়েছিলাম বেশ আগেই, কিন্তু নিজের মনকে মানানো সহজ ছিল না। কারণ দায়িত্বে থাকার সময়টায় অনেকের সঙ্গেই আমার দারুণ বন্ধন গড়ে উঠেছে, বিশেষ করে প্রেসিডেন্ট ও ফুটবলারদের সঙ্গে। ওদের আমি খুবই পছন্দ করি।
ফুটবলাররা ব্যাপারটিকে কীভাবে নেবেন?
সান্তোস: আমি ওদের খুব ভালোভাবে চিনি বলেই জানি ওদের ওপর কেবল ইতিবাচক প্রভাবই পড়বে। ওরা জানে যে বিশ্বকাপের পর আমরা আর একসঙ্গে থাকছি না। আমার মেয়াদটা ইতিবাচকভাবে শেষ করতে ওরা তাই নিজেদের সেরাটা ঢেলে দেবে।
ব্রাজিলে আপনাদের লক্ষ্য কী?
সান্তোস: আমার চাওয়া হলো দল যেন গ্রুপ পর্যায় পেরোতে পারে। লক্ষ্য পূরণে আমি সম্ভব সবকিছুই করব।
লক্ষ্য অর্জনে আপনি কতটা আত্মবিশ্বাসী?
সান্তোস: আমাদের তিনটি প্রতিপক্ষই শক্তিশালী, কিন্তু যেকোনো কিছুই সম্ভব। ২০১২ ইউরোতে কেউই ভাবেনি আমরা গ্রুপ পর্যায় পার হতে পারব, বিশেষ করে প্রথম ম্যাচের পর। কে ভেবেছিল যে আমরা রাশিয়াকে হারিয়ে দেব! মনে আছে, রাশিয়া প্রথম ম্যাচে ৪-১ গোলে জেতার পর সবাই বলাবলি করছিল যে, ওরাই শিরোপা জিতবে। আমাদের গ্রুপটা দেখে এমনিতে কঠিন মনে না হলেও আসলে কিন্তু সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি, কারণ চারটি দলেরই সম্ভাবনা আছে শেষ ষোলোতে ওঠার।
নিজের ভবিষ্যৎ ভেবেছেন?
সান্তোস: কোনো ক্লাব বা জাতীয় দল থেকে কোনো প্রস্তাব পাইনি। আপাতত মনোযোগ বিশ্বকাপেই, আনন্দ উপহার দিতে চাই গ্রিকদের। এরপর চীনে যাই বা পর্তুগাল কিংবা ফিরে যাই নিজের বাড়িতেই, ঠিক করব বিশ্বকাপের পর।