'যেকোনো দলকে হারাতে পারি আমরা'

আমি বা রাজ্জাক দলের সিনিয়র ক্রিকেটার, কিন্তু আমরাও জানি পারফর্ম করে টিকে থাকতে হবে
আপনাকে নিয়ে বহুবার বলা কথাটিই বলতে হচ্ছে, ফেরাটা দুর্দান্ত হলো...
মাশরাফি বিন মুর্তজা: ৮-১০ মাস পর ফেরা কখনোই, কারও জন্য সহজ নয়। মাঠে ফেরার পরও মানিয়ে নিতে সময় লাগে। আমার ভাগ্য ভালো, খুব দ্রুত মানিয়ে নিতে পেরেছি। প্রথম ম্যাচে উইকেট পাইনি, কাল (পরশু) উইকেটও পেয়েছি। সব মিলিয়ে ভালোই হয়েছে ফেরাটা। তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। ধারাবাহিকতা ধরে রাখাই এখন গুরুত্বপূর্ণ।
৩০ বছর বয়সে এবারের ফেরাটা একটু বেশি চ্যালেঞ্জিং ছিল না?
মাশরাফি: ফেরাটা কঠিন চ্যালেঞ্জ সব সময়ই। বয়স নিয়ে আমি কখনোই ভাবি না। বয়স ৩০ মানে এখন আর আমি তরুণ নই, এটা সত্য। তবে বয়সটা খুব বেশিও নয়। ক্রিকেটে তো বলাই হয় ২৯ থেকে ৩৪ বছর হলো সবার সেরা সময়। হ্যাঁ, এখন হয়তো ইনজুরিতে পড়লে ফেরা একটু কঠিন হবে, আরেকটু বেশি কষ্টকর হবে। তবে ওইটুকুই। এটা নিয়ে ভেবে তো লাভ নেই!
কিন্তু এখন একটু সতর্ক, আরেকটু সাবধানী হওয়ার চিন্তা হয় না?
মাশরাফি: সেটা তো সবাই বলে। আমার স্ত্রী বলে, বন্ধুরা সব সময় বলে। যেখানেই যা-ই, সবাই বলে আরেকটু সাবধানী হতে। আমি চোট পাব কি না ভয়ে আমার মা খেলাই দেখেন না। কিন্তু সত্যি বলতে, মাঠে নামলে ওসব খেয়াল থাকে না। দেশের হয়ে খেলতে নামলে আসলে এত ভাবাভাবির জায়গা নেই। প্রতিটি মুহূর্তেই নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করে। আর আমি সব সময় এমনই থাকতে চাই।
২০১০ সিরিজে আপনিই অধিনায়ক ছিলেন। প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গেলেন, ধবলধোলাইয়ের সময় কোথায় ছিলেন? মনে পড়ে ওই সময়ের কথা?
মাশরাফি: আমি মাঠেই ছিলাম। বাইরে ছিটকে যাওয়ার পর প্রতিটি ম্যাচই মাঠে গিয়ে দেখেছি। ওই সিরিজ নিয়ে আক্ষেপ আছে কি না, এই প্রশ্ন নিয়মিতই শুনতে হয়। আমার উত্তরটা মনে হয় অনেকের বিশ্বাস হয় না। আসলেই আমার কোনো আক্ষেপ নেই। আমি মাঠে থাকলে বা ড্রেসিংরুমে থাকলে যেমন আনন্দ পেতাম, খুশি হতাম, দলে না থেকেও ঠিক ততটাই খুশি হয়েছি। দেশের জয়ের মতো এমন বড় উপলক্ষে আসলে ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির জায়গা নেই। এবারও যদি ওদের হোয়াইটওয়াশ করি, গতবারের দুঃঘ লাঘবের কোনো ব্যাপার নেই। নতুন সিরিজ, অনুভূতি-আনন্দ সবই নতুন।
২০০১ সালে আপনার যখন অভিষেক, একরকম হার মেনেই সব সময় মাঠে নামত বাংলাদেশ। গত এক যুগে অনেকগুলো পর্যায় পেরিয়ে আজ বাংলাদেশ জয়টাকে অভ্যাসে পরিণত করছে। এই দুই সময়ের পার্থক্য কী দেখেন?
মাশরাফি: দেখুন, এখানে কাউকে খাটো করার সুযোগ নেই। আমি যখন এলাম, তখনো সবাই ক্রিকেটে নিবেদিতপ্রাণ ছিল। কিন্তু এখনকার তুলনায় তখন আমাদের সুযোগ-সুবিধা বলতে কিছুই ছিল না। একটা ছোট্ট উদাহরণ দিই, জাতীয় দলের জন্য পর্যন্ত কোনো জিমনেসিয়াম ছিল না! জিম করার জন্য সপ্তাহে দু-তিন দিন বিকেএসপিতে গিয়ে ক্যাম্প করতে হতো। পরে স্টুয়ার্ট কার্পিনেনকে ট্রেনার পাওয়ার পর একটু একটু করে সুযোগ-সুবিধা বাড়তে থাকে। আমাদের আজ এই পর্যায়ে আসার পেছনে নিজ নিজ প্রজন্মে, নিজের জায়গায় সবারই অবদান আছে।
কিন্তু দলের চরিত্রগত বা মানসিকতার পার্থক্য নিশ্চয়ই আছে?
মাশরাফি: সে তো থাকবেই। বাস্তবতার বিচারেই চরিত্র বা মানসিকতা আলাদা থাকে। এই দলের যেমন জিততে জিততে অভ্যাস হয়ে গেছে। জয়ের মানসিকতা নিয়েই সবাই মাঠে নামে। হারলে আগেও খারাপ লাগত। কিন্তু এখন সত্যি বলতে, হারটাকে মেনে নিতে কষ্ট হয়।
আগের সময়ের ড্রেসিংরুমের সঙ্গে এখনকার পার্থক্য কী?
মাশরাফি: ড্রেসিংরুমের পরিবেশ আসলে সব সময় প্রায় একই রকম ছিল। হারলে মন খারাপ থাকে সবারই। আগে জিতলে হয়তো অনেক বড় উপলক্ষ হয়ে আসত। এখন সবাই জয়ে অভ্যস্ত হয়ে গেছে।
ড্রেসিংরুমে সব সময়ই অন্যতম কেন্দ্রীয় চরিত্র আপনি। এখন আপনি দলের সবচেয়ে পুরোনো ক্রিকেটার। এই সময়ের নিজেকে ড্রেসিংরুমে কি অন্য রকম দেখেন?
মাশরাফি: একটুও না। দলে ঢোকার পর থেকেই প্রাণবন্ত থাকতে ভালোবাসি। সেই সময় আকরাম ভাই, বুলবুল ভাই, আমার প্রথম অধিনায়ক দুর্জয় ভাইদের সঙ্গে থাকতাম। আমি আর আশরাফুল ছিলাম সবচেয়ে কম বয়সী। অনেক দুষ্টুমি করতাম, সবার প্রশ্রয়ও পেতাম অনেক। সিনিয়ররা তখন ড্রেসিংরুমটা আমাদের জন্য আনন্দময় করেছিল। এখন আমি, সাকিব-তামিম-মুশফিকরা চেষ্টা করি নতুনদের আপন করে নিতে। ড্রেসিংরুমের পরিবেশ সুস্থ রাখাটা সব সময়ই গুরুত্বপূর্ণ।
আপনার অভিষেকের সময় মুমিনুলের বয়স ছিল ৯, এনামুলের ৮...এত জুনিয়রদের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন কীভাবে?
মাশরাফি: শুধু ওরাই বা কেন? আমি তামিমকে হাফ প্যান্ট পরা দেখেছি। নাফিস ইকবালের সঙ্গে ওদের বাসায় গিয়ে দেখেছি তামিম পিচ্চিদের সঙ্গে খেলছে। বিকেএসপির এক ট্যালেন্ট হান্টে নড়াইলে এসেছিল সাকিব, ঢোলা একটা প্যান্ট পরা, গায়ে সোয়েটার আর গলায় মাফলার। আমার দিকে হাত বাড়িয়ে বলল, ‘ভালো আছেন?’ সেই সাকিব-তামিদের সঙ্গে জাতীয় দলে খেলছি ৫-৬ বছর হয়ে গেল। সব সময়ই সবার সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বের।
ড্রেসিংরুমের মতো সাধারণ্যেও আপনি তুমুল জনপ্রিয়। নিজে কি বোঝেন এই জনপ্রিয়তা?
মাশরাফি: এসব আমি ভাবি না বা ভেবে করি না। আমি মনে করি, জাতীয় ক্রিকেটারের আগে আমার পরিচয় আমি একজন মানুষ। ভালো মানুষ হতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চেষ্টা করি সবার সঙ্গেই ভালো ব্যবহার করতে। আর ড্রেসিংরুমে আমি মজা করি, কারও প্রশংসা করি বা সমালোচনা করি, সব খোলামেলা। যাতে সে বুঝতে পারে সেটা তার বা দলের ভালোর জন্যই। আড়ালে কিছু করি বা বলি না।
সাকিবকে ছাড়া বাংলাদেশ দুটি সিরিজ জিতে গেল, বলা হচ্ছে দলে অনেক পারফর্মার। এই বদলটা আসলে হলো কীভাবে?
মাশরাফি: এটা পারফরম্যান্সেরই সুবাদেই। প্রতিটি জায়গার জন্য দলে এখন অনেক প্রতিযোগিতা। সবাই জানে পারফর্ম না করলে উপায় নেই। আমি বা রাজ্জাক দলের সিনিয়র ক্রিকেটার, কিন্তু আমরাও জানি পারফর্ম করে টিকে থাকতে হবে। সহানুভূতির কোনো জায়গা নেই। জাতীয় দলের বাইরেও ৩০-৪০ জন ক্রিকেটার আছে, যারা অনায়াসে দলে খেলতে পারে। সাকিবের কথা বললেন, কাল সিরিজ জয়ের পর ওকে খুব মিস করেছি। কেন জানি না, হয়তো ও আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে বলেই।
বাংলাদেশ কি এখন দেশের মাটিতে যেকোনো দলকে হারাতে পারে?
মাশরাফি: দেশের মাটিতে কেন, যেকোনো জায়গায় যেকোনো দলকে হারাতে পারে। দেশে হয়তো বেশি জিতব, বিদেশে ৫০-৫০। আমাদের সামর্থ্য আছে বিদেশেও বেশি জেতার। শুধু কিছু কিছু পরিস্থিতি বা ম্যাচের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় জেতার আত্মবিশ্বাসটা অর্জন করতে হবে।