'যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে এই মৌসুমে জয়টা অধরাই ছিল মোহামেডানের। শেষ পর্যন্ত জয়খরা ঘোচাতে পেরেছে সাদাকালোরা। মোহামেডানকে স্বাধীনতা কাপের ফাইনালে ওঠানোয় বড় অবদান নতুন বিদেশি জঙ্গো ওসেইনির। ম্যাচ শেষে একটু বেশিই উচ্ছ্বসিত দেখাল বুরকিনা ফাসোর ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে

জঙ্গো ওসেইনির
জঙ্গো ওসেইনির

 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে মোহামেডান। গোলের পর আপনিই বেশি উদ্যাপন করলেন!
জঙ্গো ওসেইনি: আমি প্রথমে ভেবেছিলাম যে আমার শটেই গোল হয়েছে। কিন্তু পরে রেফারি বললেন, এমিলির শরীর ছুঁয়ে বল জালে গেছে। গোলদাতা আসলে সে-ই। তবে গোল যে-ই দিক, ম্যাচটা আমরা জিতেছি, এটাই আসল কথা। যেকোনো মূল্যেই এই ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম।
 এই ম্যাচের আগে কোচ আপনাদের কী বলেছিলেন?
জঙ্গো: এই ম্যাচটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাকে আলাদাভাবে বলেছিলেন যে, তুমি তোমার খেলাটা খেলতে পারলেই চলবে। আশা করি কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছি।
 বাংলাদেশের ফুটবলের ‘এল ক্লাসিকো’ সম্পর্কে আগে কোনো ধারণা ছিল আপনার?
জঙ্গো: না। আমি বাংলাদেশে আসার পর এরই মধ্যে দুটো ম্যাচ খেলে ফেললাম আবাহনীর সঙ্গে। ঢাকায় আসার পর থেকেই অনেকবার আবাহনী-মোহামেডান সম্পর্কে শুনেছি। শুধু কোচ নয়, আমার ক্লাব কর্মকর্তা, সতীর্থরাও এই ম্যাচ নিয়ে বলেছেন। তখনই আমি বুঝেছি, এটা আর আট-দশটা ম্যাচের চেয়ে আলাদা। এখানে মাঠের লড়াইয়ের বাইরেও অনেক ব্যাপার-স্যাপার থাকে।
 মাঠে নামার আগে কি তাহলে একটু স্নায়ুচাপে ভুগছিলেন?
জঙ্গো: না। শুধু এই ম্যাচ কেন, আমি কোনো ম্যাচেই স্নায়ুচাপে ভুগি না। ফুটবল একজনের খেলা না, এখানে এগারো জনকেই ভালো খেলতে হয়। তাহলে আমি একা কেন চাপ নিতে যাব? তা ছাড়া স্নায়ুচাপে ভোগে তো সমর্থকেরা।
 এই মৌসুমে আবাহনীকে একবারও হারাতে পারেনি মোহামেডান। তথ্যটা জানতেন?
জঙ্গো: আমি ম্যানেজারের কাছে এটা জেনেছি। তাই জার্সি পরার পরই আমার দায়িত্বটা বুঝে গেছি। আমি শুধু একটা কথাই সারাক্ষণ ভেবেছি, যেকোনো মূল্যে আমাদের জয় দরকার। জয়টা আমরা পেয়েছি।
 তা, আবাহনী-মোহামেডান দ্বৈরথ কেমন উপভোগ করছেন?
জঙ্গো: দারুণ উপভোগ করছি এই লড়াই। একটা ব্যাপার লক্ষ্য করেছি গত দেড় মাসে, অন্য ম্যাচের দিন সেভাবে গ্যালারিতে দর্শক আসে না। তবে আবাহনী-মোহামেডান ম্যাচ হলেই দর্শক আসে। মাঠের উত্তেজনার বাইরে গ্যালারিতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেমনটা আমি বেলজিয়ামে, পর্তুগালে খেলার সময় দেখেছি।
 মোহামেডান ক্লাবের সঙ্গে আপনার যোগাযোগটা কীভাবে হলো?
জঙ্গো: গত মৌসুমে পর্তুগালের প্রথম বিভাগের একটি ক্লাবে খেলেছি। কোচ রুই ক্যাপেলা আমাকে সেখানে দেখেন। এরপর বাংলাদেশে খেলার প্রস্তাব দেন কিছুদিন আগে। সবকিছু মিলে যাওয়ার পর ভাবলাম, মন্দ হবে না। যাই, খেলে আসি বাংলাদেশে।
 কেমন লাগছে মোহামেডান ক্লাব?
জঙ্গো: খুবই ভালো লাগছে। এখানকার ক্লাব কর্মকর্তা, সতীর্থ ফুটবলাররা সবার সঙ্গেই খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এরই মধ্যে কয়েকজন বন্ধুও জুটে গেছে আমার। বেইবেক, ড্যামিয়েন, পিন্টোদের সঙ্গেই সময়টা বেশি কাটে। ওদের সঙ্গে মজা করি। খেলা না থাকলে টেলিভিশনে স্প্যানিশ লিগের ম্যাচ দেখি।
 আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন।
জঙ্গো: পর্তুগালে আমার স্ত্রী ও চার বছরের মেয়ে নুরিয়াকে রেখে এসেছি। আজকের এই জয়টা আমার মেয়েকেই উৎসর্গ করেছি। আমি ওদের খুব মিস করছি।