‘যেকোনো মূল্যে বিশ্বকাপ চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের কারণে গতি হয়তো একটু কমেছে একসময়ের দ্রুততম বোলারের। কিন্তু চ্যাম্পিয়ন মানসিকতাটা ছাড়েননি, প্রমাণ কালকের সংবাদ সম্মেলন।ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে পাকিস্তানকে একটা শিরোপা জেতাতে চান শোয়েব আখতার  আসিফ-আমির না থাকায় পাকিস্তানের পেস আক্রমণ কি একটু দুর্বল হয়ে গেল না?শোয়েব আখতার: আমাদের দুর্ভাগ্য, ওরা নেই। কিন্তু এ নিয়ে আর কী করা যাবে? নেই, ব্যস নেই! জীবন তো আর থেমে থাকবে না। আমাদেরও এগিয়ে যেতে হবে। আমাদের পেস আক্রমণ এখনো ভালো। আমি আছি, উমর গুল, ওয়াহাব, এমনকি জুনাইদও ভালো বোলার। একটা ব্যাপার হলো, আমরা সবাই নতুন-পুরোনো দুই বলেই ভালো বোলিং করতে পারি। সবাই পুরোনো বলে রিভার্স সুইং করাতে পারে। আমার মনে হয়, পাকিস্তান দলের বড় একটা শক্তি এটা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, সেটাও উপমহাদেশে। নিশ্চয়ই বিশ্বকাপটা আপনার জন্য বিশেষ কিছু?শোয়েব: অবশ্যই। তবে আমি ঠিক নিশ্চিত নই আমি ক্যারিয়ারের গোধূলিতে কিনা। হয়তো বা। যা-ই হোক, আমি বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই। প্রতিটি বল, প্রতিটি মুহূর্ত স্মরণীয় করে রাখতে চাই। গত দু-তিন বছরে যা হয়েছে, তাতে দলের সবাই খুব কষ্ট পেয়েছে। বিশ্বকাপটা জিততে পারলে তাই দারুণ হয়। উপমহাদেশের কন্ডিশন, উইকেটে আমরা খুব বিপজ্জনক দল। অবশ্য আইপিএলের কারণে অনেকেই এখন উপমহাদেশে নিয়মিত খেলছে। খুব বেশি বাড়তি সুবিধা তাই আমরা পাব না।  ইমরান খান সম্প্রতি বলেছেন, এই বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে শিশির। আপনার কী মনে হয়? শোয়েব: হয়তো ঠিক। ইমরান যা-ই বলেন, আমি খুব সিরিয়াসলি নিই। তবে ঠিক নিশ্চিত নই, শিশিরের ভূমিকা কতটা থাকবে। গতকাল প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা অনুশীলন করেছি, শিশির খুব একটা চোখে পড়েনি। উইকেট শুষ্ক মনে হয়েছে, যেটা মোটেও ভালো সংকেত নয়। উইকেট মন্থর হবে, ফাস্ট বোলারদের কাজটাও কঠিন হবে। বিশেষ করে নিউজিল্যান্ডের উইকেটে বোলিং করে এসে এই উইকেটে বোলিং করতে কোনো পেসারের ভালো লাগার কথা নয়। তবে আমাদের মূল শক্তি রিভার্স সুইং আর স্পিন। উইকেটের বাউন্সও আমাদের ব্যাটসম্যানদের সাহায্য করবে। শিশির থাকবে কিনা তা ম্যাচের সময়ই বোঝা যাবে। তবে জেতার মতো ভালো সমন্বয় আমাদের দলে আছে।  বিশ্বকাপে আপনার ব্যক্তিগত লক্ষ্য?শোয়েব: ব্যক্তিগত লক্ষ্য সবগুলো ম্যাচ খেলা। টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকা। এই বিশ্বকাপ জেতাটা পাকিস্তানের খুবই জরুরি, খুব...। যেকোনো মূল্যে আমরা এই বিশ্বকাপ জিততে চাই। আমাদের পারতেই হবে। পাকিস্তান ক্রিকেটকে সব সময় এককাট্টা করে ‘পরিস্থিতি’। বিশ্বকাপের চেয়ে উপযুক্ত ‘পরিস্থিতি’ আর কী হতে পারে! পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে শিরোপা জয়টা আমাদের প্রয়োজন। পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেটের মজা, উৎসব ফিরিয়ে আনতে চাই। বিশ্বতারকাদের কাছ থেকে দেখার জন্য পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের তর সইছে না। বিশ্ব ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তান। প্লিজ, আমাদের সাহায্য করুন। ক্রিকেট আবার ফিরুক পাকিস্তানে। অনেকের ধারণা, আপনার সেরাটা পেছনে ফেলে এসেছেন?শোয়েব: না! আমি এখনো ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করছি, সেরাটা ফেলে আসার প্রশ্নই ওঠে না! (হেসে)...আসলে আমি মজা করছিলাম। দেখুন, ২৬ বছর আর ৩৬ বছরের মধ্যে পার্থক্য থাকবেই। তার পরও কিন্তু আমি এখনো ভালো বোলিং করছি। গতি এখনো ১৪৭-১৫০ কিমি। এটা আমার শেষ বিশ্বকাপ। নিজেকে উজাড় করে দেব, সামর্থ্যের সর্বোচ্চটা দেব।  বিশ্বকাপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভাবছেন কাদের? শোয়েব: দেখুন, বড় দলগুলোর চেয়ে ছোট দলগুলোই বেশি বিপজ্জনক। ওদের ওপর প্রত্যাশার চাপ খুব একটা থাকে না। প্রতিটি ম্যাচই তাই আমাদের জয়ের জন্য খেলতে হবে। কোনো দলকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। আমি নিশ্চিত, পাকিস্তান দল এবার একটা কিছু করবেই।  ক্যারিয়ারজুড়েই অনেক উত্থান-পতনের ভেতর দিয়ে গেছেন। অনেকবারই ক্যারিয়ার শেষ বলে ধরে নেওয়া হয়েছে, তার পরও ফিরেছেন। কোত্থেকে পান এই অনুপ্রেরণা?শোয়েব: আমাদের সংস্কৃতির একটা বড় ভূমিকা আছে এতে। আর আমার ভেতর সব সময় স্বপ্ন ছিল, বারুদ ছিল। টিভিতে ১৯৯২ বিশ্বকাপ দেখার পর থেকেই দেশের হয়ে খেলা ছিল আমার স্বপ্ন। আছে এখনো। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, দেশের হয়ে খেলা এখনো সবচেয়ে সম্মানের। খুব ভালো লাগত যদি মোহাম্মদ আমির এখন খেলত, আমি খুশি মনে বিদায় নিতে পারতাম। এই বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় অনুপ্রেরণা কী?শোয়েব: গত সাত-আট মাসে আমাদের যে পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে, সেটাই আমাদের অনুপ্রেরণা। নানা আঘাতে জর্জরিত পাকিস্তান দারুণ আহত এক দল এবং এ জন্যই খুব বিপজ্জনক। দারুণ কিছুর অপেক্ষা তাই করতে পারেন।  ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে শচীন টেন্ডুলকারের সঙ্গে দারুণ এক দ্বৈরথ হয়েছিল আপনার। এবারও কোয়ার্টার, সেমিফাইনাল বা ফাইনালে এমন কিছু হলে সমর্থকদের জন্য দারুণ হয়...শোয়েব: সে গ্রেট ব্যাটসম্যান। সে যেমন আমাকে ছক্কা মেরেছে, তেমনি আমি ওকে প্রথম বলে আউট করেছি। আমি সব সময় গ্রেট ব্যাটসম্যানদের, গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের আউট করার চেষ্টা করি। কারণ তারা একাই দলের প্রায় অর্ধেক। দেখা যাক, কী হয়...।