'যেটা চেয়েছি সেটাই অর্জন করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেড ও স্যার অ্যালেক্স ফার্গুসন—২৭ বছর ধরে নাম দুটি ছিল সমার্থক। সর্বকালের অন্যতম সেরা কোচ অবসর নিয়েছেন এ বছরই। আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসের ‘চার্লি রোজ’ শোতে ফার্গি কথা বলেছেন নিজের ফুটবল-দর্শন, সাফল্যের মন্ত্র, সেরা মুহূর্তসহ অনেক কিছু নিয়েই। তুলে দেওয়া হলো সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ

অ্যালেক্স ফার্গুসন
অ্যালেক্স ফার্গুসন

l আপনার দেখা সেরা খেলোয়াড় কে?
অ্যালেক্স ফার্গুসন: সেই অল্প বয়স থেকেই আমি পেলের ভক্ত। পেলে-ম্যারাডোনা বিতর্কটা এসেছে আরও পরে। যা-ই হোক, আমি তরুণ বয়সে খুব সহজেই প্রভাবিত হতাম, কিন্তু পেলেকেই সব সময় বেছে নিয়েছি। এই সময়ে অবশ্য মেসি ও রোনালদোর দিকে আপনাকে তাকাতেই হবে। দুজনই অবিশ্বাস্য। তারাই এখন সেরা।
l ঠিক কী কারণে তাঁরা সেরা?
ফার্গুসন: সেরারাই সাহসী হয়। আমি সব সময় তা-ই বলি। বলটা নিজের কাছে রাখার সাহস, প্রতিপক্ষের কাছে বশ্যতা স্বীকার না করার সাহস, নিজেকে প্রকাশ করার সাহস...আমি মনে করি সব সেরাদেরই এটা আছে।
l এটা কি জন্মগত কিছু?
ফার্গুসন: সম্ভবত হ্যাঁ। আপনি কোচিং করিয়ে অনেক কিছুরই উন্নতি করতে পারবেন, কিন্তু আমি মনে করি সাহস জিনিসটার উন্নতি করা যায় না। আপনার সাহস আছে কি নেই, এটাই আসলে পার্থক্য গড়ে দেয়।
l হার্ভার্ড বিজনেস রিভিউতে আপনি বলেছেন, খেলোয়াড়েরা আপনাকে ভালোবাসুক বা ঘৃণা করুক, আপনি তাঁদের কাছ থেকে সম্মানটাই চাইতেন?

ফার্গুসন: হ্যাঁ, সেটাই।

l এটা ভয়, না ভালোবাসা থেকে?

ফার্গুসন: হ্যাঁ, কখনো কখনো ভয় থেকে তো আসেই। যখন আমি রেগে যাই তখন সেটাকে  আড়াল করার চেষ্টা করি না, কিন্তু রাগটাকে কখনোই আমি ফিরে আসতে দিই না। পরদিন এসবের কিছুই আমি মনে রাখি না।

l কখনোই কি রাগটা পুষে রাখেন না?

ফার্গুসন: না, কখনোই না। আমি ক্ষোভটা জমিয়ে রাখি না। এটা খুবই গুরুত্বপূর্ণ।

l একটা কথা আপনি বলেছিলেন, ভালো খেলোয়াড় মানেই ভালো কোচ বা ভালো ম্যানেজার নন। কারণ নিজের মানের চেয়ে নিচু কাউকে তাঁরা বুঝতে পারেন না।

ফার্গুসন: হ্যাঁ, ববি চার্লটনকে আমি এটা বলেছিলাম। সে প্রেস্টন নর্থ এন্ডের ম্যানেজার ছিল। সে বুঝতে পারছিল না কেন খেলোয়াড়েরা তার কথা বুঝতে পারছিল না। পরে চাকরিটা সে ছেড়ে  দেয়। সে বুঝেছিল এটা তার জন্য নয়।

আমি সব সময় একটা কথা বলি, কোচ হতে হলে আপনাকে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। ২৪ বছর বয়সে আমি যখন প্রকৌশলবিদ্যা ছেড়ে পুরোদস্তুর কোচ হলাম, আমি নিশ্চিত ছিলাম কখনোই আর সেখানে ফিরে যাব না।

খুব কম গ্রেট খেলোয়াড়ই গ্রেট কোচ হয়েছেন। বেকেনবাওয়ার খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ক্রুইফ ছিলেন গ্রেট খেলোয়াড়, পরে বার্সেলোনার কোচও হয়েছিলেন। তাঁরা ছাড়া আমি আসলে সে রকম কারও নাম মনে করতে পারছি না।

l অন্য কোনো ক্লাবের ম্যানেজার হওয়ার কথা কি কখনো ভেবেছিলেন?

ফার্গুসন: ইউনাইটেডে থাকতে এ রকম একটা কি দুটি প্রস্তাব পেয়েছি। কিন্তু কেন আমি ইউনাইটেড ছাড়ব? এর চেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায়? আর চ্যালেঞ্জ নিয়ে আসল কথাটা হলো, যখনই আপনি কিছু জিতবেন, আপনি বসে থাকতে পারবেন না। আর ম্যানচেস্টার ইউনাইটেডে তো নয়ই। আপনাকে সব সময় আরও কিছু জিততে হবে। আর চ্যালেঞ্জটা এখানেই। যখনই আমরা লিগ জিততাম, রাতটা উদ্যাপন করতাম, কিন্তু পরের দিনটা নতুন একটা দিন।

l ‘ফার্গুসন ফর্মুলাটা’ আসলে কী?

ফার্গুসন: আসলে বিশ্বাস থেকেই সবকিছুর শুরু। একটা ফুটবল দল নয়, ফুটবল ক্লাব গড়তেই আমি বিশ্বাসী। আমি জানি, কোচরা চায় দল গড়তে। সান্ডারল্যান্ডের পাওলো ডি ক্যানিওকে দেখুন, ওকে ১ কোটি ৯০ লাখ পাউন্ড খরচ করতে দেওয়া হলো। আর ৫-৬ ম্যাচ পরই ওর চাকরি চলে গেল। আমি তাই সব সময় আগে ক্লাব গড়তেই গুরুত্ব দিয়েছি। যুবদল নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা নিশ্চিত করেছি আমাদের বনিয়াদটা শক্ত। যেটা বছরের পর বছর টিকে থাকবে।

l ডেভিড বেকহাম সম্পর্কে কী বলবেন?

ফার্গুসন: ডেভিড অসাধারণ একজন মানুষ। ১২ বছর বয়সে যখন ওকে আবিষ্কার করি, তখন তার মধ্যে ছিল সেরা হওয়ার অদম্য স্পৃহা। কিন্তু এরপর যখন সে বিয়ে করল (স্পাইস গার্লসের ভিক্টোরিয়া) তখন তার ফোকাস নড়ে গেল। সে সেলিব্রিটি হলো। এরপর গেল রিয়াল মাদ্রিদে। সে সেরা ক্লাবে খেলতে চেয়েছিল আর ইউনাইটেডের বাইরে রিয়ালই ছিল সেরা। সেখানে সে ভালোই করেছে।

l নিজের ক্যারিয়ারের রেকর্ডের দিকে যখন তাকান...এতগুলো জয়, হার কোনটা আপনার বেশি মনে আছে? জয় না পরাজয়?

ফার্গুসন: ভালো প্রশ্ন। আমি হার নিয়ে কিছু বলতে পারি। সিটির কাছে ৬-১ বা ৫-১ গোলের পরাজয় আমি কখনোই ভুলব না। আমার মনে আছে সিটির কাছে একটা ম্যাচ হারার পর বালিশে মুখ গুঁজে রেখেছিলাম।

l বালিশের নিচে?

ফার্গুসন: হ্যাঁ, বালিশের নিচে। আমার স্ত্রী এসে জানতে চাইল কী হয়েছে আমার। বললাম আমরা ৫-১ গোলে হেরে গেছি। সে বলল এটা হতে পারে না। বুঝুন ব্যাপারটা...

l শেষ প্রশ্ন, ফুটবলে আপনার সেরা মুহূর্ত কোনটা?

ফার্গুসন: অবশ্যই বার্সেলোনা (১৯৯৯ সালে চ্যাম্পিয়নস লিগ জয়)। এই ট্রফিটাই জেতা বাকি ছিল। শুধু জিতেছিলাম বলেই নয়, যেভাবে জিতেছিলাম তাতে আমি কখনোই এটা ভুলতে পারব না। আরেকটা কথা, ম্যানচেস্টার ইউনাইটেডে ২৭ বছরে আমি যেটা চেয়েছি সেটাই অর্জন করেছি। আমি সুখী একজন মানুষ।