‘যেন জেলখানা থেকে ছাড়া পেলাম’
‘ব্যাটসম্যানদের কল্যাণে আমরা কোনোমতে জেল থেকে বের হয়েছি।’ গতকাল হল্যান্ডের বিপক্ষে ‘সংগ্রামমুখর’ বিজয় লাভের পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কিছুক্ষণের জন্য হলেও নেদারল্যান্ডের ২৯২ রানের সংগ্রহটা ইংল্যান্ডকে আসলেই দিয়েছিল জেলখানার দমবন্ধকর পরিস্থিতির অনুভূতি।টসে জিতে ব্যাট করতে নেমে রায়ান টেন ডয়েসকেটের সেঞ্চুরির ওপর ভর করে ২৯২ রানের ভীতিজাগানিয়া সংগ্রহ দাঁড় করায় নেদারল্যান্ড। আর এই সংগ্রহের পেছনে বেশ ভালোই অবদান রেখেছেন ইংলিশ বোলার-ফিল্ডাররা! গ্রায়েম সোয়ান গতকাল মুদাসসর বুখারির ক্যাচটা যেভাবে ফেলে দিলেন, তাতে ইংলিশ সমর্থকদের শঙ্কিত হওয়ারই কথা। অ্যান্ডারসন-ব্রড-ব্রেসনানরা অ্যাশেজ সিরিজে যে আগুন ঝরানো বোলিং করেছিলেন, তার ছিটেফোঁটাও দেখা যায়নি ‘পুঁচকে’ নেদারল্যান্ডের বিপক্ষে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও একবাক্যে স্বীকার করে নিয়েছেন বোলার-ফিল্ডারদের এই বাজে পারফরমেন্সের কথা। বলেছেন, ‘আমাদের বোলিংয়ে অনেক দুর্বলতা ছিল। আর ফিল্ডিংয়েও আমরা মোটেই ভালো করতে পারিনি। প্রথম ৫০ ওভারে আমাদের পারফরমেন্স ছিল খুবই খারাপ। তবে একদিনের ক্রিকেটের জন্য নাগপুরের উইকেটটি ছিল দারুণ। জানতাম, উইকেট না হারিয়ে আমরা যদি ধীরে-সুস্থে খেলতে পারি, তাহলে অনায়াসেই এই রান তাড়া করতে পারব।’হল্যান্ডের বিপক্ষে কোনোমতে পার পেয়ে গেলেও আগামী রোববার ইংল্যান্ড মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারতের। আর গতকালের ম্যাচটাকে একটা সতর্কবার্তা হিসেবেই নিতে পারে ইংল্যান্ড শিবির। স্ট্রাউস অবশ্য আশা করছেন রোববারেই স্বাগতিকদের হারের স্বাদ দিতে পারবেন তাঁরা। তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। বেঙ্গালুরুতে সেই ম্যাচটির জন্য আমরা উন্মুখ হয়ে আছি। আশা করছি, ভারতকে এবার আমরা জয় উদযাপন করতে দেব না।’ ওয়েবসাইট।