‘যেন বার্সায় খেলছি!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই কথাটা বলছিলেন, মেসিকে তাঁর পছন্দমতো খেলতে দেওয়া হবে। ম্যারাডোনা কথা রেখেছেন। মেসির সবচেয়ে পছন্দের পজিশন, দুই স্ট্রাইকারের পেছনে স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিয়েছেন বার্সেলোনা তারকাকে।ফলও মিলেছে। গোল করতে না পারলেও মেসিকে মেসির মতোই লেগেছে সেদিন। আর মেসি এই কৃতিত্বটা দিচ্ছেন আর্জেন্টিনা দলকে। এই দলে তিনি নাকি খুব স্বচ্ছন্দে আছেন। কিন্তু তা কী করে হয়! বলা হয়, আর্জেন্টিনা দলে বার্সেলোনার মতো স্বচ্ছন্দ নাকি থাকতে পারেন না মেসি। এবার সেই মেসিই বলছেন, চলতি বিশ্বকাপের আর্জেন্টিনা দলে খেলতে বার্সেলোনার মতোই লাগছে তাঁর, ‘আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনাতেই খেলছি। সতীর্থদের ওপর বিশ্বাস আছে আমার। আর এখানে আমি বার্সেলোনার মতোই স্বচ্ছন্দে আছি।’মেসি অবশ্য দাবি করছেন, বিশ্বকাপে এমন হবে, এটা তিনি জানতেন, ‘আমি জানতাম বিশ্বকাপ বাছাইপর্বের চেয়ে পুরো আলাদা হবে। আমাদের ওপর এখন আর কোনো চাপ নেই। আমরা খেলাটা উপভোগ করছি। সত্যি আমি এদিন (নাইজেরিয়ার বিপক্ষে) খুব মজা পেয়েছি। খেলাটা উপভোগ করেছি, প্রচুর বল পেয়েছি; যেটা আমার দরকার ছিল।’ তবে সবকিছুর পরও মেসির দুঃখ একটাই, ‘এটা খুবই লজ্জার ব্যাপার যে আমরা আরও গোল করতে পারিনি। আমি নিজেও অনেক সুযোগ মিস করেছি।’এই লজ্জা ঘুচিয়ে দেওয়ার সময় মেসি পাচ্ছেন। কিন্তু আর্জেন্টিনা কি পারবে মেসির সর্বোচ্চ ব্যবহার করতে? ম্যারাডোনা কি পারবেন মেসিকে নিয়ে একটা বিশ্বকাপ জিততে? পারলে ম্যারাডোনা ছুঁয়ে ফেলবেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে। একমাত্র বেকেনবাওয়ারই বিশ্বকাপ জিতেছেন কোচ ও অধিনায়ক হিসেবে।ম্যারাডোনা বেকেনবাওয়ার হতে চান, কিন্তু ভবিষ্যদ্বাণী করার ঝুঁকি নিচ্ছেন না, ‘আমরা তো একরকম নই। আমি দেখতে মোটেও বেকেনবাওয়ারের মতো না, সে রকম হবও না। হ্যাঁ, তার রেকর্ড ছুঁতে পারব কি না সেটা বলতে হলে অনুমান করতে হবে আমাকে। সে ক্ষেত্রে আমার একটা ক্রিস্টাল বল লাগবে এবং আমাকে ম্যাজিশিয়ান হতে হবে। আমি ম্যাজিশিয়ান নই, স্রেফ কোচ।’সেই কোচ হিসেবে ম্যারাডোনা বলছেন, দলের খেলায় তিনি খুশি। তিনি যেমন চেয়েছিলেন, খেলোয়াড়েরা তেমন ‘অনুশীলন’ই করতে পেরেছেন নাইজেরিয়ার বিপক্ষে। তাঁর মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে এই ম্যাচে। কিন্তু গোল যে বেশি পেলেন না?আগে বলেছিলেন, স্ট্রাইকাররা বারবার গোল মিস করায় তিনি ফল উল্টে যাওয়ার ভয় পাচ্ছিলেন। এবার বললেন ভয় পান না, ‘ফুটবলে ভয় বলে কিছু নেই। যে ভয় পায়, তার বাড়িতেই থাকা উচিত। ফুটবলে ভয় পেলে চলবে না।’ ওয়েবসাইট।